মাহফুজ উল্লাহ হিমু
১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম
রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রচলিত ধারণায় পরিবর্তন আনছে আধুনিক স্বাস্থ্যসেবা। বাড়ছে অসুস্থ হওয়ার আগেই শরীরের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি শনাক্ত ও প্রতিরোধের গুরুত্ব। আর এ ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।
এআই প্রযুক্তির সহায়তায় মাত্র কয়েক মিনিটের স্বাস্থ্য পরীক্ষায় জানা যাচ্ছে শরীরের বর্তমান অবস্থা, সম্ভাব্য রোগের ঝুঁকি এবং সুস্থ থাকতে জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তনের পরামর্শ। এমনই এক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্য ব্যবস্থাপনা চালু করেছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রতিষ্ঠান লাইভফোরওয়েল (LIVE4WELL)। প্রতিষ্ঠানটির কার্যক্রমে রোগের চিকিৎসার পাশাপাশি গুরুত্ব পাচ্ছে আগাম ঝুঁকি শনাক্ত, রোগ প্রতিরোধ ও নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ।
সম্প্রতি হংকংয়ে প্রতিষ্ঠানটির ইন্টেলিজেন্ট হেলথ অ্যাসেসমেন্ট সেন্টার সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রচলিত হাসপাতালের মতো দীর্ঘ অপেক্ষা কিংবা সব ক্ষেত্রে রক্ত ও অন্যান্য নমুনা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। বিশেষায়িত যন্ত্রের সামনে দাঁড়িয়ে নির্দিষ্ট কিছু নির্দেশনা অনুসরণ করলেই অল্প সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে শারীরিক অবস্থার নানা তথ্য। এরপর সেসব তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
তবে এসব মূল্যায়ন রোগ নির্ণয়ের চূড়ান্ত বিকল্প নয়; বরং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগাম সচেতন করাই এর উদ্দেশ্য বলে জানিয়েছেন লাইভফোরওয়েল সংশ্লিষ্টরা।
সম্প্রতি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) একটি প্রতিনিধি দল প্রতিষ্ঠানটি পরিদর্শন করে। চীনে সাত দিনের সফরের অংশ হিসেবে আয়োজিত এ পরিদর্শনে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৪০ জন সাংবাদিক অংশ নেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা প্রতিষ্ঠানটির প্রযুক্তি, স্বাস্থ্য পরীক্ষার পদ্ধতি ও ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি নিজেরাও বিভিন্ন পরীক্ষায় অংশ নেন।
লাইভফোরওয়েলের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতেই চোখে পড়ে আধুনিক প্রযুক্তির নানা যন্ত্র। কোনোটি শরীরের গঠন ও ভঙ্গি বিশ্লেষণ করছে, কোনোটি শারীরিক অবস্থার বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। এসব যন্ত্র থেকে পাওয়া তথ্য ব্যবহার করে ব্যক্তির স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে।
পরিদর্শনকালে একটি যন্ত্রের সামনে দাঁড়ান বাংলাদেশের এক সংবাদকর্মী। প্রথমে সোজা হয়ে, এরপর ডানে ও বামে ঘুরে দাঁড়াতে বলা হয় তাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয় পরীক্ষার প্রাথমিক ধাপ। কিছুক্ষণ পর হাতে আসে শরীরের গঠন ও ভঙ্গিসংক্রান্ত একটি প্রতিবেদন।
সেখানে দেখা যায়, হাঁটা-চলার সময় তার শরীর কিছুটা সামনের দিকে ঝুঁকে থাকে। বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও বিষয়টি আগে কখনো খেয়াল করেননি তিনি। পরীক্ষার ফল বিশ্লেষণ করে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী তাকে জানান, এ ধরনের শারীরিক ভঙ্গি দীর্ঘদিন বজায় থাকলে মেরুদণ্ড ও শরীরের বিভিন্ন অংশে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। এ জন্য নিয়মিত ব্যায়াম ও জীবনযাত্রায় পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়।
একই কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করেন ৩২ বছর বয়সী অপর এক সংবাদকর্মী। কয়েক মিনিটের মূল্যায়নে তার অতিরিক্ত ওজন এবং ডায়াবেটিসের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উঠে আসে। পরীক্ষার পর তাকে নিয়মিত শরীরচর্চা, খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং ওজন কমানোর পরামর্শ দেওয়া হয়।
স্বাস্থ্য পরীক্ষার নতুন এই প্রযুক্তিটি শুধু শরীরে কোনো সমস্যা রয়েছে কি না, তা জানানো নয়; একইসঙ্গে দৈনন্দিন অভ্যাসের কারণে ভবিষ্যতে কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে, সে সম্পর্কেও সচেতন করছে।
তবে এ ধরনের প্রযুক্তিতে পাওয়া সম্ভাব্য ঝুঁকির তথ্যকে নিশ্চিত রোগ নির্ণয় হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ এবং প্রচলিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই রোগ নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির স্বাস্থ্যকর্মীরা।
লাইভফোরওয়েলের কর্মকর্তারা জানান, তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় সাতটি এআইভিত্তিক স্বাস্থ্য পরীক্ষার যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এসব যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের স্বাস্থ্যতথ্য সংগ্রহ করে তা সমন্বিতভাবে বিশ্লেষণের চেষ্টা করা হয়। এর সঙ্গে যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব স্বাস্থ্যসেবা বিষয়ক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘মেডিএলএলএম’ (MediLLM)।
প্রতিষ্ঠানটি বলছে, একজন মানুষের শারীরিক অবস্থা সম্পর্কে বিচ্ছিন্নভাবে পাওয়া তথ্য একত্র করে তার সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি ব্যাখ্যা এবং ওই ব্যক্তির স্বাস্থ্য ব্যবস্থাপনার পরিকল্পনা তৈরিতে এই প্রযুক্তি সহায়তা করে। শুধু একটি পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর না করে শরীরের বিভিন্ন পরিমাপ, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ও দৈনন্দিন অভ্যাস বিবেচনায় নিয়ে সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়।
এতে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের পাশাপাশি খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে পরামর্শ পাওয়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন
কেন বিদেশমুখী বাংলাদেশি রোগীরা?
লাইভফোরওয়েলের দাবি, আন্তর্জাতিক মানের মেডিকেল-গ্রেড স্বাস্থ্য পরীক্ষার যন্ত্র এবং নিজস্ব এআই মোশন ক্যাপচার প্রযুক্তির সমন্বয়ে তারা এ সেবা দিচ্ছেন। তবে বিভিন্ন রোগের ঝুঁকি মূল্যায়নে এসব যন্ত্রের নির্ভুলতা ও কার্যকারিতা নির্ভর করে সংশ্লিষ্ট প্রযুক্তির বৈজ্ঞানিক যাচাই এবং ব্যবহারিক সক্ষমতার ওপর।
পরিদর্শনের সময় স্বাস্থ্য পরীক্ষার একটি বিশেষ প্রযুক্তি নিয়ে আলোচনা করেন ই-সেন্স ইনোভেশন অ্যান্ড টেকনোলজি লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. রাসেল চ্যান। তিনি প্রতিনিধি দলকে ইলেকট্রিক্যাল ইম্পিড্যান্স টমোগ্রাফি (ইআইটি) প্রযুক্তির কার্যপদ্ধতি সম্পর্কে ধারণা দেন।
এই প্রযুক্তিতে শরীরের বিভিন্ন টিস্যুর বৈদ্যুতিক প্রতিবন্ধকতার পার্থক্য ব্যবহার করে নির্দিষ্ট অংশের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। প্রযুক্তিটির বিশেষত্ব হলো, এতে এক্স-রের মতো আয়নাইজিং বিকিরণ ব্যবহার করতে হয় না।
ঢাকা মেইলকে ড. রাসেল চ্যান বলেন, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরীক্ষার প্রযুক্তি সহজলভ্য করে তুলতে তারা বিভিন্ন উদ্ভাবন নিয়ে কাজ করছেন। বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ব্যবহারযোগ্য এবং পরিচালনার জন্য জটিল দক্ষতার প্রয়োজন হয় না, এমন যন্ত্র তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই প্রযুক্তিবিদ বলেন, ‘আমরা এমন প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছি, যাতে চিকিৎসাসংক্রান্ত যন্ত্রপাতি সাধারণ মানুষের নাগালে পৌঁছায়। প্রাথমিক স্বাস্থ্যসেবায় এসব যন্ত্র কার্যকর ভূমিকা রাখতে পারে। এগুলো পরিচালনার জন্য সব ক্ষেত্রে বিশেষজ্ঞ অপারেটরের প্রয়োজন হয় না।’
প্রতিষ্ঠানটির দাবি, লাইভফোরওয়েলের কার্যক্রম শুধু স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিষ্ঠানটি এমন একটি স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে চাইছে, যেখানে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস তৈরিতে মানুষকে উৎসাহিত করবে।
এ উদ্দেশে প্রতিষ্ঠানটি চালু করেছে 'ভিআইভি পাস' (VIV PASS)। এর মাধ্যমে ব্যক্তির প্রাথমিক স্বাস্থ্য পরিস্থিতির একটি ভিত্তি বা হেলথ বেসলাইন তৈরি করা হয়। পরবর্তী সময়ে স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করে তার শারীরিক অবস্থার পরিবর্তন পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ারও ব্যবস্থা রয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই প্ল্যাটফর্মে এআইনির্ভর স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ, ব্যক্তি কেন্দ্রীক ব্যায়ামের পরিকল্পনা, প্রয়োজন অনুযায়ী বিকল্প খাদ্য গ্রহণের পরামর্শ এবং ২৪ ঘণ্টা স্বাস্থ্য পর্যবেক্ষণের সুবিধা রাখা হয়েছে।
তবে এ ধরনের ডিজিটাল পর্যবেক্ষণকে সার্বক্ষণিক চিকিৎসক তত্ত্বাবধানের সমতুল্য হিসেবে দেখার সুযোগ নেই বলেও জানায় প্রতিষ্ঠানটি।
স্বাস্থ্য ব্যবস্থাপনায় মানুষের অংশগ্রহণ বাড়াতে প্রতিষ্ঠানটি যুক্ত করেছে পুরস্কারভিত্তিক ব্যবস্থাও। ‘সুইট পয়েন্ট’ (Sweat Point) ও ‘ওয়েলশপ’ (WELLshop) নামের দুটি ব্যবস্থার মাধ্যমে নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর অভ্যাসকে পয়েন্ট এবং পুরস্কারের সঙ্গে যুক্ত করা হয়েছে।
এর মূল ধারণা ‘মুভ টু আর্ন’ (Move to Earn)। অর্থাৎ, সুস্থ থাকার জন্য নিয়মিত শরীরচর্চা ও ইতিবাচক অভ্যাস গড়ে তুললে তার বিপরীতে নির্দিষ্ট সুবিধা বা পুরস্কার পাওয়া যাবে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন, শুধু স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানালেই মানুষ সব সময় জীবনযাত্রা পরিবর্তন করেন না। এ জন্য নিয়মিত উৎসাহ ও আচরণগত পরিবর্তনের ব্যবস্থা থাকা প্রয়োজন।
নিজের পরিকল্পনা তুলে ধরে প্রতিষ্ঠানটি জানায়, লাইভফোরওয়েলের ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো, এশীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যগত বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে নিজস্ব এআই প্রযুক্তির উন্নয়ন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, তাদের তৈরি মেডিএলএলএমের গবেষণা ও উন্নয়নের মাধ্যমে ধাপে ধাপে এমন একটি স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে এশিয়ার বিভিন্ন জনগোষ্ঠীর স্বাস্থ্যসংক্রান্ত বৈশিষ্ট্য আরও ভালোভাবে প্রতিফলিত হবে।
বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, শারীরিক বৈশিষ্ট্য ও স্বাস্থ্যঝুঁকিতে পার্থক্য রয়েছে। ফলে স্বাস্থ্য ব্যবস্থাপনায় এসব বিষয় বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন তারা।
তবে এ ধরনের তথ্যভাণ্ডার তৈরিতে ব্যক্তিগত স্বাস্থ্যতথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গবেষণার অগ্রগতি ও প্রয়োজনীয় যাচাইয়ের ভিত্তিতে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে তথ্য ব্যবস্থাপনা, ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষা এবং সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধান অনুসরণ করা হবে।
বিশ্বজুড়ে স্বাস্থ্যব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে অসংক্রামক রোগ। ডায়াবেটিস, হৃদরোগ, ক্যানসার, উচ্চ রক্তচাপ ও দীর্ঘস্থায়ী কিডনি রোগের মতো অসুস্থতা অনেক সময় দীর্ঘদিন কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধে। ফলে রোগ শনাক্ত হতে দেরি হয় এবং চিকিৎসার ব্যয়ও বেড়ে যায়।
বাংলাদেশেও অসংক্রামক রোগ ক্রমেই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হয়ে উঠছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ মৃত্যুর কারণ বিভিন্ন অসংক্রামক রোগ। বিশেষ করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা, রোগের প্রাথমিক লক্ষণ উপেক্ষা এবং দেরিতে চিকিৎসা নেওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এ বাস্তবতায় লাইভফোরওয়েলের মতো প্রতিষ্ঠানগুলো চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে।
লাইভফোরওয়েলের সহপ্রতিষ্ঠাতা মিরান্ডা ওং ঢাকা মেইলকে বলেন, স্বাস্থ্য খাতে বিপুল অর্থ ব্যয়ের পরও অনেক মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হন। বিশেষ করে রোগ জটিল পর্যায়ে পৌঁছানোর পর চিকিৎসা শুরু হলে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় ব্যয় দুটোই বাড়ে।
এ অবস্থায় স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ পরিকল্পনায় রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি আগাম ঝুঁকি শনাক্ত এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি বলে মনে করেন তিনি।
মিরান্ডা ওং বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, মানুষকে তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই সচেতন করা। প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি মূল্যায়নের পাশাপাশি আমরা জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে সহায়তা করতে চাই।’
বাংলাদেশে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগের মতো অসংক্রামক রোগের প্রকোপ ক্রমেই বাড়ছে। অথচ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার অভাবে অনেকেই প্রাথমিক পর্যায়ে এসব রোগের ঝুঁকি সম্পর্কে জানতে পারেন না। এ পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্বাস্থ্য মূল্যায়ন প্রযুক্তি আগাম ঝুঁকি শনাক্ত, নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
বিশেষ করে অল্প সময়ে স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যক্তির শারীরিক অবস্থা অনুযায়ী পরামর্শ দেওয়ার সুযোগ থাকায় এ ধরনের প্রযুক্তি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে পারে। তবে বাংলাদেশের মতো স্বল্প উন্নর দেশে এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সেবার মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা এবং প্রচলিত চিকিৎসাব্যবস্থার সঙ্গে সমন্বয় করা প্রয়োজন।
এ বিষয়ে লাইভফোরওয়েলের সহপ্রতিষ্ঠাতা মিরান্ডা ওং বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার চাহিদা ও স্থানীয় বাস্তবতা সম্পর্কে আরও জানতে আগ্রহী তারা। বিশেষ করে মানুষের আয় ও প্রয়োজন বিবেচনায় উপযুক্ত সেবা এবং সহযোগিতার ধরন নিয়ে সম্ভাব্য অংশীদারদের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।
তিনি বলেন, ‘নতুন কোনো বাজারে কার্যক্রম সম্প্রসারণের আগে আমরা সেখানকার মানুষের আয় ও প্রকৃত প্রয়োজন বোঝার চেষ্টা করি। এরপর সম্ভাব্য অংশীদারদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সেবা, মূল্য নির্ধারণ এবং সহযোগিতার ধরন নিয়ে কাজ করি। হংকংয়ের মডেল সরাসরি অন্য দেশে প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য নয়।’
বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘এই সফরের মাধ্যমে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য পরীক্ষা, সেবার ব্যয় এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ ও চাহিদা সম্পর্কে আরও ভালোভাবে জানার সুযোগ হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের গণমাধ্যম ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা হংকংয়ে স্বাস্থ্যপ্রযুক্তির ব্যবহার সরাসরি দেখেছেন।’
তবে বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরুর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দিষ্ট সময়সূচির কথা জানাননি তিনি।
বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ ঢাকা মেইলকে বলেন, দেশের স্বাস্থ্যসেবায় বড় একটি সমস্যা হলো সাধারণ মানুষের মধ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস না থাকা। অনেকেই শারীরিক সমস্যা গুরুতর পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত চিকিৎসকের কাছে যান না।
এই সাংবাদিক বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ মানুষ স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন নন। আমাদের স্বাস্থ্যসেবায় রোগ প্রতিরোধের চেয়ে রোগ হওয়ার পর চিকিৎসা নেওয়ার প্রবণতাই বেশি।’
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্বাস্থ্য মূল্যায়ন প্রযুক্তি মানুষের মধ্যে নিজের স্বাস্থ্য সম্পর্কে জানার আগ্রহ তৈরি করতে পারে। বিশেষ করে অল্প সময়ে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া গেলে অনেকে আগেভাগে সতর্ক হওয়ার সুযোগ পাবেন বলে মনে করেন দেশের স্বাস্থ্যখাতের শীর্ষ এই সাংবাদিক।
প্রতীক ইজাজ বলেন, ‘এ ধরনের প্রযুক্তির মাধ্যমে খুব অল্প সময়ে একজন মানুষ তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে পারেন। এতে স্বাস্থ্যসচেতনতা বাড়তে পারে। তবে রোগ শনাক্ত ও চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকের ভূমিকাই প্রধান। পাশাপাশি এর ব্যয়ভার মানুষের আওতায় থাকা জরুরি।’
এমএইচ/জেবি