images

বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট’-এ নেপালি অভিনেত্রী!

বিনোদন ডেস্ক

৩০ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম

তারুণ্যের উচ্ছ্বাস-উদ্দীপনা আর যাপিত জীবনের হাস্যরস নিয়ে নির্মিত তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমির পরিচালনায় ধারাবাহিকটির পঞ্চম সিজন চলছে। এবারের সিজনে ইতোমধ্যে একাধিক চমক দেখিয়েছেন নির্মাতা। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরে এসেছেন নেহাল (তৌসিফ মাহবুব) ও আরিফিন (শামীম হাসান সরকার) চরিত্র। যুক্ত হয়েছে নতুন চরিত্রও।

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমে যুক্ত হচ্ছেন নেপালি অভিনেত্রী! বুধবার (২৯ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নির্মাতা অমি তেমনই ইঙ্গিত দিয়েছেন। অভিনেত্রীর একটি ছবি প্রকাশ করে অমি লিখেছেন, ‘চরিত্রটি কে হতে পারে অনুমান করুন।’

নির্মাতার পোস্টের পরপরই সরগরম নেটদুনিয়া। মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন— ‘মতলবের নেপালি বউ’, আবার কেউ বলছেন— ‘হাবুর প্রেমিকা’, কারও মন্তব্য— ‘বাচ্চু স্যারের ফরেনার পিএস’! আবার অনেকে লিখেছেন— ‘কাবিলার গার্লফ্রেন্ড রোকেয়া’।

নেপাল থেকে গণমাধ্যমকে অমি জানান, তিনি একজন নেপালি অভিনেত্রী। চ্যাপ্টার ১২-তে সারপ্রাইজ হিসেবে তাকে দেখা যাবে। এই সিজনের ‘নিউ সেনসেশন’ তিনি। তবে অভিনেত্রীকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি নির্মাতা।

কাজল আরেফিন অমির অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মনিরা মিঠু প্রমুখ।