Dhaka Mail Logo

শিক্ষা

জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম

জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পাওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্বের এমপিও ইনডেক্স দ্রুত কর্তনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। সরকারি পিডিএস (PDS)-এ দ্রুত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) মাউশির পরিচালক অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যেসব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে এবং সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন সম্পন্ন হয়েছে, তাদের সরকারি পিডিএসে নিবন্ধনের জন্য পূর্বের এমপিও ইনডেক্স কর্তন করা প্রয়োজন।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের পূর্বে এমপিওভুক্ত এবং পরবর্তীতে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পাওয়া শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স কর্তনের জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করতে বলা হয়েছে। আবেদন ‘MPO Online Software’ এর মাধ্যমে অথবা মাউশিতে হার্ডকপি জমা দিয়ে করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমপিও ইনডেক্স কর্তনের আবেদন যথাযথভাবে জমা দিয়ে ইনডেক্স কর্তনের পর সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নতুন পিডিএস আইডি (PDS ID) পাওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করতে হবে। যথাযথ প্রক্রিয়ায় এমপিও ইনডেক্স কর্তন ছাড়া তাদের রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে পিডিএসে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না।

এম/এফএ