সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সন্তান অনলাইনে কী দেখছে, নজর রাখার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

শেয়ার করুন:

সন্তান অনলাইনে কী দেখছে, নজর রাখার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির
মদিনার গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান রোববার ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন।

সন্তানদের ক্ষতিকর প্রভাব ও সন্দেহজনক ওয়েবসাইট থেকে রক্ষা করতে তাদের প্রতি নজর রাখার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের চেয়ারম্যান শায়খ সালেহ আল-ফাওজান। একই সঙ্গে সন্তানদের মধ্যে ধর্ম ও দেশের প্রতি ভালোবাসা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) মদিনায় ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা আয়োজিত ‘সৌদি আরবের বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় সৌদি আরবের প্রচেষ্টা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তার এ বক্তব্য তুলে ধরা হয়। গ্র্যান্ড মুফতির বক্তব্য তার পক্ষে পাঠ করেন কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের মহাসচিব শায়খ ফাহদ আল-মাজিদ।

গ্র্যান্ড মুফতি বলেন, বিভ্রান্তিকর মতাদর্শ মোকাবিলা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। বাবা-মাকে সন্তানদের প্রতি নজর রাখার পাশাপাশি ক্ষতিকর প্রভাব ও সন্দেহজনক ওয়েবসাইট থেকে তাদের সুরক্ষিত রাখতে হবে।

তরুণদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে শিক্ষক, ধর্মীয় বক্তা ও গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাদের তরুণদের সামনে সত্য স্পষ্ট করা এবং বিভ্রান্তিকর মতাদর্শ সম্পর্কে সতর্ক করার আহ্বান জানান।

সম্মেলনের উদ্বোধন করেন মদিনার গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বিভিন্ন আধুনিক মাধ্যমে বুদ্ধিবৃত্তিক প্রভাবের উৎস বাড়ছে। তাই ইসলামি সমাজকে সচেতনতা, জ্ঞান ও সঠিক আকিদার মাধ্যমে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে উগ্রবাদ, চরমপন্থা ও বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি থেকে রক্ষা করা জরুরি।

দুই দিনব্যাপী এ সম্মেলনে ইসলামি বিশ্বের বিভিন্ন দেশের ফতোয়া কেন্দ্র ও প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। এতে বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় সৌদি আরবের অভিজ্ঞতা তুলে ধরা এবং সংশ্লিষ্টদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: সউদি গেজেট

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর