সৌদি আরবে পবিত্র হজ পালন করতে আসা হাজিরা এখন থেকে দেশটির অভ্যন্তরে পাসপোর্ট বহন করার পরিবর্তে ‘ডিজিটাল ভিজিটর আইডি’ ব্যবহার করে ভ্রমণ করতে পারবেন। দেশটির পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) এই নতুন নির্দেশনার কথা জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, হাজিরা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে এই ডিজিটাল আইডি সংগ্রহ করতে পারবেন। এর ফলে হজ চলাকালীন দেশটির এক স্থান থেকে অন্য স্থানে হাজিদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নিরাপদ ও সুশৃঙ্খল হজ নিশ্চিত করতে সৌদির ব্যাপক প্রস্তুতি
সৌদি পাসপোর্ট অধিদপ্তর আরও জানিয়েছে, এই ডিজিটাল ভিজিটর আইডিকে একটি অফিসিয়াল বা দাপ্তরিক নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি সাথে থাকলে হাজিদের দেশটিতে ভ্রমণের সময় সশরীরে বা ফিজিক্যাল পাসপোর্ট বহন করার প্রয়োজন নেই। মূলত পাসপোর্ট হারানোর ঝুঁকি কমানো এবং হাজিদের চলাচলে সর্বোচ্চ সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হজ মৌসুমে মক্কা-মদিনাসহ বিভিন্ন স্থানে হাজিদের ব্যাপক সমাগম থাকে। এই সময় আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হাজিদের চলাচল আরও গতিশীল ও আরামদায়ক করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মক্কায় ১৮শ শতাব্দীর বিরল ‘পিতলের কোরআন’ প্রদর্শিত
বিজ্ঞাপন
এর ফলে হাজিরা মুহূর্তেই তাদের পরিচয় নিশ্চিত করতে পারবেন এবং যেকোনো তল্লাশি বা দাপ্তরিক কাজে এই ডিজিটাল আইডিটি প্রদর্শন করতে পারবেন।
সূত্র: গালফ নিউজ




