শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

মক্কা-মদিনাসহ সৌদির সব মসজিদে ইতেকাফে নতুন নিয়ম

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

মক্কা-মদিনাসহ সৌদির সব মসজিদে ইতেকাফে নতুন নিয়ম

আসন্ন রমজান মাসে সৌদি আরবের পবিত্র দুই মসজিদসহ দেশটির সব মসজিদে ইতেকাফ পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবার ইতেকাফ প্রত্যাশীদের জন্য নিবন্ধনের নিয়ম আরও কড়াকড়ি করা হয়েছে।

নিবন্ধন বাধ্যতামূলক

সৌদি কর্তৃপক্ষের নতুন নির্দেশনা অনুযায়ী, ইতেকাফে অংশ নিতে ইচ্ছুক সৌদি নাগরিক ও প্রবাসী উভয়কেই এখন থেকে আনুষ্ঠানিকভাবে মসজিদ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। নিবন্ধনের সময় আবেদনকারীর ব্যক্তিগত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে মসজিদ প্রশাসন। যাবতীয় তথ্য যাচাই-বাছাই শেষে কেবল অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই ইতেকাফে বসার সুযোগ পাবেন।

আরও পড়ুন: বাংলাদেশি হজযাত্রীদের বাড়ি ভাড়া চুক্তির অগ্রগতি নিয়ে হতাশ সৌদি আরব

প্রবাসীদের জন্য বাড়তি শর্ত

অ-সৌদি বা প্রবাসী বাসিন্দাদের ক্ষেত্রে ইতেকাফ পালনে একটি বিশেষ শর্ত যুক্ত করা হয়েছে। প্রবাসীদের ইতেকাফে বসার আগে অবশ্যই তাদের নিজ নিজ স্পনসর বা কাফিলের কাছ থেকে লিখিত অনুমতিপত্র বা সম্মতিপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। সৌদি আরবের ইকামা (আবাসিক অনুমতিপত্র) সংক্রান্ত বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং প্রবাসীদের কর্মস্থলের শৃঙ্খলা বজায় রাখতেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


মসজিদুল হারাম ও মসজিদে নববিতেও কার্যকর

ইসলাম বিষয়ক মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এই নির্দেশনা সৌদি আরবের সব মসজিদের জন্য সমানভাবে প্রযোজ্য। বিশেষ করে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রতি বছর রমজানের শেষ দশ দিনে বিপুল সংখ্যক মুসল্লি ইতেকাফ করেন। সেখানে ভিড় সামলাতে এবং মুসল্লিদের অবস্থান আরও সুশৃঙ্খল করতে এই নিবন্ধন প্রক্রিয়া বিশেষ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: হজযাত্রীদের জন্য সৌদির নতুন স্বাস্থ্য নির্দেশনা: ৪ টিকা বাধ্যতামূলক

উদ্দেশ্য ও লক্ষ্য

সৌদি কর্তৃপক্ষের মতে, প্রতি বছর রমজানে ইতেকাফকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদ ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়। নতুন এই নীতিমালার মূল লক্ষ্য হলো- মসজিদের পবিত্রতা রক্ষা করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং মুসল্লিদের জন্য একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা। যথাযথ অনুমতি ছাড়া কেউ যেন ইতেকাফে বসতে না পারেন, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এমএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর