নোয়াখালীর কবিরহাটের সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক এটিএম হায়দার খানের বই জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের ফ্রান্সিস এ কাউন্টওয়ে লাইব্রেরি অব মেডিসিনে। লেখক এটিএম হায়দার খানের প্রথম বই ‘The Silence Between Two Heartbeats’ সম্প্রতি বিশ্বের অন্যতম পরিচিত এই মেডিকেল গ্রন্থাগারে গ্রহণ করা হয়েছে। একটি শিশুর গুরুতর অসুস্থতা ঘিরে একটি পরিবারের বাস্তব অভিজ্ঞতা ও একজন বাবার অনুভূতি নিয়ে লেখা বইটির হার্ভার্ডের গ্রন্থাগারে অন্তর্ভুক্তি নোয়াখালীর এই লেখকের জন্য নতুন এক অর্জন।
বইটি চিকিৎসাবিষয়ক গবেষণাগ্রন্থ নয়। তবে নবজাতকের গুরুতর অসুস্থতার সময় ও পরবর্তী পর্যায়ে একটি পরিবারের অভিজ্ঞতা, পিতামাতা ভূমিকা, মানসিক চাপ, আশা এবং বাবা-সন্তানের সম্পর্কের মতো বিষয় এতে উঠে এসেছে। এই কারণে বিষয়টি মেডিকেল হিউম্যানিটিস ও পরিবার কেন্দ্রিক নবজাতক সেবা সংক্রান্ত আলোচনা ও ভবিষ্যৎ গবেষণার জন্য একটি সহায়ক ব্যক্তিগত বর্ণনা হিসেবে বিবেচিত হতে পারে।
হায়দার খানের গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলায়। তার বাবা সুলতান আহমেদ একটি স্কুলের সাবেক প্রধান শিক্ষক। বাংলাদেশে বেড়ে ওঠার পর তিনি যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একজন সিভিল সার্ভেন্ট হিসেবে কর্মরত।
হার্ভার্ড মেডিকেল স্কুলের গ্রন্থাগার ছাড়াও বইটি আন্তর্জাতিক পর্যায়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থাগার ও প্রতিষ্ঠানে গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অফ রচেস্টার, আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ কর্কের বুল লাইব্রেরি, মিশরের বিব্লিওথেকা অ্যালেক্সান্দ্রিনা, ন্যাশনাল লাইব্রেরি অফ পেরু এবং ন্যাশনাল লাইব্রেরি অফ দ্য ফিলিপিনস।
এছাড়া যুক্তরাজ্যের ব্রিটিশ লাইব্রেরিতে বইটি আইনগত জমা (লিগ্যাল ডিপোজিট) হিসেবে গ্রহণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অফ কংগ্রেসেও বইটি আইনগত জমা হিসেবে গ্রহণ করা হয়েছে।
এমআর




