পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ওপর বর্ণবাদী হামলা, বিদ্বেষমূলক প্রচারণা ও কর্মক্ষেত্রে শোষণের ঘটনা বাড়ছে। দেশটিতে ৫৫ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করেন, যাদের বড় অংশ রাজধানী লিসবন ও আশপাশের এলাকায় থাকেন।
পর্তুগালের অভিবাসন, সংহতি ও আশ্রয়বিষয়ক সংস্থা (আইমা)-এর ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত ‘মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে ৫৫ হাজার ৫৭৯ জন বাংলাদেশি নাগরিক বসবাস করছিলেন।
এই পরিসংখ্যানে নিয়মিত ব্যক্তিদের পাশাপাশি নিয়মিতকরণ প্রক্রিয়াধীন এবং বিশেষ আইনি ব্যবস্থার আওতায় বসবাসের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে যেসব অনিয়মিত অভিবাসীর কোনো বৈধ বসবাসের অনুমতি বা চলমান নিয়মিতকরণ আবেদন নেই, তারা এই হিসাবের আওতায় পড়েন না।
পর্তুগিজ ভাষাভাষী নন—এমন অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশিরা অন্যতম বড় একটি গোষ্ঠীতে পরিণত হয়েছেন। তবে দেশজুড়ে অভিবাসনবিরোধী মনোভাব ও সহিংসতা বাড়তে থাকায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষ করে উগ্র ডানপন্থি রাজনৈতিক দল শেগা এবং অভিবাসনবিরোধী বিভিন্ন গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন বাংলাদেশিরা। বিভিন্ন মানবিক সংস্থা সহায়তা করলেও কর্মক্ষেত্রে শোষণ ও বর্ণবাদী আচরণের কারণে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা নিজেদের আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
লিসবনের বাইশা এলাকার বেনফরমোসো সড়ক। প্রায় ৪০০ মিটার দীর্ঘ এই সড়কে রয়েছে ৮০টিরও বেশি স্যুভেনিরের দোকান, মুদিদোকান ও ছোটখাটো ব্যবসাপ্রতিষ্ঠান। এলাকাটি এখন অনেকের কাছে ‘লিটল বাংলাদেশ’ নামে পরিচিত। এখানে বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের প্রতিদিনের জীবনযাত্রার মিশ্রণ দেখা যায়।
দোকানের কাউন্টারে ক্রীড়া সংবাদপত্র, দেয়ালে ক্রিস্টিয়ানো রোনালদোর জার্সি আর হাতে পর্তুগালের জনপ্রিয় ব্র্যান্ড ডেল্টার কফি—সব মিলিয়ে এলাকাটির নিজস্ব একটি পরিবেশ তৈরি হয়েছে।
তবে গত কয়েক মাসে সেই পরিবেশে উত্তেজনা বেড়েছে। বাংলাদেশি কমিউনিটি ক্রমবর্ধমান বর্ণবাদী হামলা ও বিদ্বেষমূলক প্রচারণার শিকার হচ্ছে। দীর্ঘ কর্মঘণ্টা ও কঠিন জীবনযাপনের কারণে অনেকের মধ্যেই ক্লান্তি ও হতাশা দেখা যাচ্ছে।
বেনফরমোসো সড়কের বাংলাদেশি ব্যবসায়ী রাফি শারহান বলেন, বিভিন্ন দিক থেকে পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে।
তিনি বলেন, ‘২০১৭ সালে পর্তুগালে আসার পর থেকে আমাদের কমিউনিটির জন্য এটিই সবচেয়ে কঠিন সময়। মানুষ এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অসহায় বোধ করছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের দেশের নাগরিকদের কেউ হামলার শিকার হচ্ছেন, কেউ অসাধু নিয়োগকর্তার মাধ্যমে শোষিত হচ্ছেন। পাশাপাশি উগ্র ডানপন্থি গোষ্ঠীগুলোর রাজনৈতিক প্রচারণাও আমাদের লক্ষ্য করে চালানো হচ্ছে। সব মিলিয়ে আমরা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছি।’
পর্তুগালের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, আবাসন সংকট ও মূল্যস্ফীতির কারণে পুরো সমাজেই একধরনের উত্তেজনা বিরাজ করছে। আগামী কয়েক মাসের পরিস্থিতি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন।
অভিবাসনবিরোধী প্রচারণার শিকার বাংলাদেশিরা
পর্তুগালে অভিবাসন আইন কঠোর করা, ভিসা নবায়নের জন্য অপেক্ষার সময় বৃদ্ধি এবং উগ্র ডানপন্থি দল শেগার বাংলাদেশিবিরোধী প্রচারণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সম্প্রতি রাজধানী লিসবনে বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে প্রচারণা চালিয়েছে দলটি। পোস্টারে লেখা ছিল, ‘ইস্তো নাও এ ও বাংলাদেশ’ (এর অর্থ, ‘এটি বাংলাদেশ নয়’)।
পর্তুগিজ রেড ক্রসের লুইস সুসা বলেন, ‘অভিবাসীদের জন্য এটি অত্যন্ত কঠিন সময়। বাংলাদেশি কমিউনিটি সব দিক থেকেই নিজেদের লক্ষ্যবস্তু মনে করছে। অনেকটা বলির পাঁঠা বানানো হচ্ছে তাদের।’
দেশটিতে প্রায় ৫০ হাজার বাংলাদেশি বসবাসের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কমিউনিটির সদস্যরা নানা ধরনের চাপ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
প্রসঙ্গত, ২০০০ সালের শুরুর দিকে বাংলাদেশি অভিবাসীদের প্রথম বড় একটি দল পর্তুগালে আসতে শুরু করে। তাদের অনেকে স্থানীয় ছোট ব্যবসা, ব্যক্তিগত সেবামূলক কাজ এবং পরিচ্ছন্নতা খাতে যুক্ত হন।
পরবর্তীতে নতুন অভিবাসীদের আগমন বাড়তে থাকে। বিশেষ করে ২০১৭ সালের পর বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বর্তমানে তারা পণ্য সরবরাহ, নির্মাণকাজ, বনাঞ্চল ব্যবস্থাপনা এবং কৃষিসহ বিভিন্ন খাতে কাজ করছেন।
প্রায় প্রতি গ্রীষ্মেই ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয় পর্তুগাল। দেশটির বনাঞ্চল ব্যবস্থাপনা ও কৃষি খাতেও এখন বাংলাদেশি অভিবাসীদের একটি অংশ কাজ করছেন। তবে উন্নত জীবনের আশায় পর্তুগালে আসা অনেক বাংলাদেশির প্রত্যাশা পূরণ হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশি নাগরিকদের সহায়তায় কাজ করা লিসবনভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ এম পর্তুগাল’-এর সদস্য তাহো রিহার বলেন, ‘‘উন্নত জীবনের আশায় এখানে আসা আমাদের দেশের অধিকাংশ মানুষের জীবন এখন অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে।’’
তিনি আরও বলেন, ‘অনেকের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের কর্মক্ষেত্রে শোষণ করা হচ্ছে। আবার অনেকে অত্যন্ত নাজুক পরিবেশে বসবাস করছেন। অস্বাস্থ্যকর ও অপর্যাপ্ত বাসস্থানে গাদাগাদি করে থাকতে হচ্ছে অনেককে। তাদের মধ্যে হতাশা এখন স্পষ্ট।’
বাংলাদেশি অভিবাসীদের সহায়তায় কিছু সংগঠন কাজ করছে বলে জানিয়েছেন তাহো রিহার। এর মধ্যে পর্তুগিজ রেড ক্রস এবং কয়েকটি গির্জার নাম উল্লেখ করেন তিনি।
এছাড়া অভিবাসীদের সঙ্গে প্রতারণা ও শোষণের ঘটনায় পুলিশও কিছু সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানান তিনি।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
এমএইচআর




