ইতালির ভেনিশ শহরে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় দেশটির পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
একইসঙ্গে বাঁধনকে সব ধরনের কনস্যুলার সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর হামলা বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বক্তব্যের শুরুতেই স্বৈরাচারি ও সন্ত্রাসী হাসিনা সরকারকে হঠিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জুলাই যোদ্ধাদের অসামান্য আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন হুমায়ুন কবির। একইসঙ্গে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আসা সরকারি ও বিরোধী দলের সদস্যদের অভিনন্দনও জানান।
তিনি বলেন, ‘আজমেরী হক বাঁধনের ওপর যে কাপুরুষোচিত হামলা চালিয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত সন্ত্রাসীরা, তা আসলে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপরই হামলা। এ বিষয়ে সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা হয়েছে এবং সর্বোচ্চ উদ্বেগের কথা জানানো হয়েছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইতালি পুলিশ ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি বাঁধনের সব ধরনের কনস্যুলার সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের সঙ্গে ফোনে কথা বলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘জনগণের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত এই সরকার ন্যায়বিচারের নীতিতে বিশ্বাসী। এ ধরনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা হবে।’
একইদিনে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও গর্বের মুহূর্তের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদ লাভ করতে যাচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন আর কোনো দেশের গোলামি বা দাসত্ব করবে না। বাংলাদেশ তার নিজস্ব স্বকীয়তা ও গতিতে চলবে। সংসদ ও জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী মধ্যবর্তী প্রভাব বিস্তারকারী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
প্রসঙ্গত, সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালির ভেনিশ শহরে বাঁধনের ওপর হামলা করেন সেখানে কর্মরত পতিত আওয়ামী লীগের সমর্থকরা। তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়।
এদিন রাতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এ অভিযোগ করেন অভিনেত্রী। হামলার সময় তাকে জোর করে ‘জয় বাংলা’ এবং ‘জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন বাঁধন।
এমএইচএইচ/এএইচ



