ইতালির মেস্ট্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দায়ী করেছেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা একটি ভিডিওবার্তায় বাঁধন এ অভিযোগ করেন। একই সঙ্গে তিনি কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন, যেখানে কয়েকজন ব্যক্তিকে তার সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায়।
ভিডিওবার্তায় বাঁধন দাবি করেন, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান। এ সময় তাকে শারীরিকভাবে আঘাত করা হয় এবং তার মোবাইল ফোন ছুড়ে ফেলে দেওয়া হয়। ঘটনার সময় তার ভাইয়ের শিশুসন্তানও সেখানে ছিল বলে জানান তিনি।

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং পুরো ঘটনাটি ভিডিও ধারণ করেন। তাকে গালাগালও করা হয়। হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালিয়েছেন বলেও দাবি করেন তিনি।
ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ‘তিনি ভেনিস চলচ্চিত্র উৎসবে যে দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমা নিয়ে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেনের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন।
জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে বাঁধন বলেন, ‘এ ধরনের আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল।’
বাঁধন আরও বলেন, ‘তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন শিল্পীকে এভাবে হেনস্তা করে নিজেদের অবস্থান শক্তিশালী করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।’
আরও পড়ুন: আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম: বাঁধন
সজীব ওয়াজেদ জয়কে বিষয়টি জানানোর আহ্বান জানিয়ে বাঁধন বলেন,‘ তিনি আশা করেন বিষয়টি তার কাছে পৌঁছাবে।’
বর্তমানে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সঙ্গে ইতালির মেস্ট্রে অবস্থান করছেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত দ্য ডিফিকাল্ট ব্রাইড চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল।
এ ঘটনায় ইতালির স্থানীয় পুলিশ বা অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আওয়ামী লীগের পক্ষ থেকেও এ অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এমআই




