শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

সৌদি বিজয়ী হাফেজদের বিমানবন্দরে অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম

শেয়ার করুন:

সৌদি বিজয়ী হাফেজদের বিমানবন্দরে অভ্যর্থনা
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা সৌদি হাফেজদের অভ্যর্থনা জানান। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী চার বাংলাদেশি হাফেজ দেশে ফিরেছেন। 

শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) অসুস্থ থাকায় নিজে উপস্থিত হতে না পারলেও তার নির্দেশে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে যান। হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলামের নেতৃত্বে অভ্যর্থনা অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী, ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এবং মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মো. মাহবুব আলম উপস্থিত ছিলেন।

দেশে ফেরা চার হাফেজকে অভিনন্দন জানিয়ে ধর্মমন্ত্রী এক বার্তায় বলেন, বাংলাদেশ থেকে অংশ নেওয়া চার প্রতিযোগীই পুরস্কার অর্জন করেছেন। একজন প্রথম এবং বাকি তিনজন তৃতীয় স্থান লাভ করেছেন। এই অর্জন দেশের জন্য গৌরবের এবং এটি প্রমাণ করে বাংলাদেশ কোরআনের হাফেজ তৈরির উর্বর ভূমি।

তিনি জানান, অসুস্থতার কারণে বিমানবন্দরে যেতে না পারলেও শিগগিরই বিজয়ী হাফেজদের মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেওয়া হবে।

পবিত্র মসজিদুল হারামে গত বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল।

প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশের মুহাম্মদ জাকারিয়া। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ ৫০ হাজার সৌদি রিয়াল। একই গ্রুপে নারী বিভাগে তৃতীয় হয়েছেন রাবেতা বিনতে রমজান। তিনি পেয়েছেন এক লাখ ৩০ হাজার সৌদি রিয়াল।

এ ছাড়া তৃতীয় গ্রুপে পুরুষ বিভাগে শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান এবং নারী বিভাগে মুসফিরা বিনতে মাহমুদ তৃতীয় স্থান অর্জন করেন। তারা প্রত্যেকে এক লাখ ৩০ হাজার সৌদি রিয়াল করে পুরস্কার পেয়েছেন।

মুহাম্মদ জাকারিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান রাজধানীর ডেমরার মারকাযুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদরাসায় অধ্যয়ন করছেন। রাবেতা বিনতে রমজান উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসার এবং মুসফিরা বিনতে মাহমুদ পুরান ঢাকার ওয়ারীর সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদরাসার শিক্ষার্থী।

পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগীকে নির্বাচন ও সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিযোগিতার পাঁচটি গ্রুপে বিভিন্ন দেশের মোট ৫০ জন প্রতিযোগী পুরস্কৃত হন।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর