শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

মিসরে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

মিসরে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা
ছবি: সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ আনাস বিন আতিককে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম সংবর্ধনার আয়োজন করা হয়। পরে তাকে ছাদখোলা বাসে ঢাকার রাজপথে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

বিশ্বজয়ী হাফেজ আনাস বলেন, ‘আমরা যে দেশের ক্বারিদের তেলাওয়াত শুনে কেরাত শিখি, সেই দেশের প্রতিযোগিতায় এই অর্জন সত্যিই অনেক আনন্দের। কেরাতের রাজধানীখ্যাত মিসরে গিয়ে এই বিজয় কঠিন ছিল। তবে আমার ওস্তাদ, মা-বাবা ও দেশের মানুষের দোয়ায় তা সম্ভব হয়েছে।’

আরও পড়ুন: তৃতীয়বারের মতো বিশ্বজয় করলেন হাফেজ আনাস

তাঁর ওস্তাদ শায়খ নেছার আহমদ আন নাছিরী বলেন, ‘তৃতীয়বারের মতো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্ব জয় করেছে আমার প্রিয় ছাত্র হাফেজ আনাস। মিসরে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সে আবারও দেশের নাম উজ্জ্বল করেছে।’

anas

নেছার আহমদ আরও জানান, প্রতিযোগিতার উদ্বোধন ৭ ডিসেম্বর কায়রোতে অনুষ্ঠিত হয়েছিল। চার দিনব্যাপী আয়োজনে বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হাফেজ আনাস প্রথম হয়।

হাফেজ আনাস বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে জাতীয় বাছাইপর্বে জয়ী হয়ে এই আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন। তিনি রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামের সন্তান। এর আগে তিনি সৌদি আরব ও লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য সম্মান বয়ে এনেছিলেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর