শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৬ মাস চিকিৎসার পর সুন্দরবনে ফিরছে আহত বাঘিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

৬ মাস চিকিৎসার পর সুন্দরবনে ফিরছে আহত বাঘিনী
ধারাবাহিক চিকিৎসায় বাঘিনীটি এখন সুস্থ। ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় মাস চিকিৎসা ও নিবিড় পরিচর্যার পর সুস্থ হয়ে আবারও সুন্দরবনের প্রাকৃতিক আবাসে ফিরছে একটি আহত রয়েল বেঙ্গল টাইগার (বাঘিনী)। আগামী রোববার (১২ জুলাই) বাঘিনীটিকে সুন্দরবনে অবমুক্ত করবে বন বিভাগ।

বন বিভাগের তথ্য অনুযায়ী, গত ৩ জানুয়ারি সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারী টহল ফাঁড়ি এলাকায় হরিণ শিকারিদের পেতে রাখা ফাঁদে বাঘিনীটি আটকা পড়ে। খবর পাওয়ার পর বনকর্মীরা ঘটনাস্থল শনাক্ত করলেও সন্ধ্যা হয়ে যাওয়ায় সেদিন উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।

পরদিন ৪ জানুয়ারি খুলনা সার্কেলের বন সংরক্ষকের নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং ভেটেরিনারি চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত অভিযানে বাঘিনীটিকে উদ্ধার করে দ্রুত খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়।

ফাঁদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে গিয়ে বাঘিনীর সামনের বাঁ পায়ের চামড়া, মাংসপেশি ও শিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি ফাঁদের শক্ত রশি তার হাড় পর্যন্ত আঘাত করে। এ কারণে দীর্ঘ ছয় মাস দেশি-বিদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও ভেটেরিনারি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসন করা হয়।

আরও পড়ুন

সুন্দরবনে নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

টানা ছয় মাসের চিকিৎসা শেষে বাঘিনীটি এখন সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, বিশেষজ্ঞরা তার স্বাভাবিক শিকার করার সক্ষমতা (ন্যাচারাল হান্টিং স্কিল) পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেছেন। জীবন্ত শিকার ধরার পরীক্ষায়ও সে সফল হয়েছে এবং তার স্বাভাবিক বন্য আচরণ ফিরে এসেছে। তাই তাকে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাঘিনীটিকে সুন্দরবনের শেলা নদীর তীরবর্তী লোকালয় থেকে দূরের একটি এলাকায় অবমুক্ত করা হবে, যা তার নিজস্ব বিচরণক্ষেত্রের (হোম রেঞ্জ) মধ্যেই অবস্থিত।

Tiger2
রোববার বাঘিনীটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে। ছবি: সংগৃহীত 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, বাঘিনীটির অবস্থা খুব খারাপ ছিল। আমরা খুলনার কয়রার বন্যপ্রাণী হাসপাতালে বাঘিনীটিকে টানা ছয় মাস চিকিৎসা করিয়েছি। এখন পুরোপুরি সুস্থ। আগামী রোববার সুন্দরবনের আন্দারমানিক পয়েন্টে প্রাণীটিকে অবমুক্ত করা হবে। 

আরও পড়ুন

সুন্দরবনসংলগ্ন বাজারের দোকান থেকে অজগর উদ্ধার

এ সময় প্রতিমন্ত্রী জানান, সরকার বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষার ব্যাপারে আন্তরিক। সুন্দরবনের জীববৈচিত্র্য যাতে কোনোভাবেই নষ্ট না হয় সে ব্যাপারে আন্তরিক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।  

সুন্দরবন বিভাগের প্রধান বনকর্মকর্তা ইমরান আহমেদ ঢাকা মেইলকে বলেন, বনের ভেতর থেকে লোকালয়ে চলে আসার ঘটনা আকছার ঘটে। কিন্তু এতটা গুরুতর আহত বাঘ আমরা আগে কখনো পাইনি। বাঘটি উদ্ধারের পর তাকে নিবিড়ভাবে রেখে সুচিকিৎসা দেওয়া হয়। তার বিহেভিয়ার যাতে ঠিক থাকে সেজন্য আইসোলেটেড করে রাখা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পর আবার তাকে গহীন অরণ্যে পাঠানো হবে।

বন বিভাগ জানিয়েছে, বাংলাদেশে এই প্রথমবারের মতো চিকিৎসার মাধ্যমে সুস্থ করে একটি অসুস্থ রয়েল বেঙ্গল টাইগারকে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রাকৃতিক পরিবেশে ফিরে বাঘিনীটি স্বাভাবিকভাবে বিচরণ করতে পারবে এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর