বয়সের ছাপ কেবল মুখে পড়ে না। গলাতেও কিছু সূক্ষ্ম রেখা দেখা দেয়। শিথিল হয়ে পড়ে চামড়া। টানটান ভাব হারিয়ে অনেকের গলার চামড়া ঝুলে পড়ে। বৃদ্ধকালে এমনটা হওয়া স্বাভাবিক। কিন্তু অনেকের ক্ষেত্রে কমবয়সেও গলার চামড়া ঝুলে পড়ে।
দীর্ঘ সময় ফোন বা ল্যাপটপের জন্য মাথা নিচু করে থাকা, ভুল ভঙ্গিমায় বসা, পর্যাপ্ত ঘুমের অভাব, ত্বকের আর্দ্রতার অভাব ইত্যাদি কারণে এমনটা হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন কিছু প্রাকৃতিক ব্যায়ামে। এই ব্যায়ামগুলো গলার ত্বক টানটান ও মসৃণ করে তুলতে সাহায্য করে। সেসঙ্গে বাড়ায় রক্তসঞ্চালন।
৪টি ব্যায়ামের মাধ্যমে গলার ঝুলে পড়া চামড়া টানটান করতে পারেন। চলুন জেনে নিই বিস্তারিত-

কপালে চাপ দেওয়া:
সহজ এই ব্যায়ামটি গলার সামনের এবং পেছনের অর্থাৎ ঘাড়ের পেশিকে একসঙ্গে সক্রিয় করে। প্রথমে দুই হাতের আঙ্গুলগুলো লক করুন। এবার হাত দিয়ে কপালের ওপর চাপ দিন। হাত দিয়ে সামনে থেকে আলতো করে ঠেলুন। মাথা দিয়ে সেই চাপ প্রতিরোধ করতে চেষ্টা করুন।
এবার দুই হাত মাথার পিছনে রেখে মাথা পিছন থেকে ঠেলুন, আবারও মাথা দিয়ে তা প্রতিরোধ করুন। প্রতিটি অবস্থানে প্রায় ১০ সেকেন্ড ধরে রাখুন। দিনে ২-৩ বার এই ব্যায়াম করলে গলার ত্বক টানটান হবে এবং রেখা হালকা হবে।

মাথা ঝুলিয়ে রাখা:
গলার সামনের পেশি শক্ত করতে এবং রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে এই ব্যায়াম। এজন্য একটি শক্ত বিছানায় চিত হয়ে শুয়ে পড়ুন। মাথার অংশটি খাটের একেবারে ধারে রাখুন, যেন সামান্য নিচে ঝুলে থাকে। দুই হাত দু’পাশে রেখে দিন। এরপর ধীরে ধীরে থুতনি বুকের কাছে তুলে আনুন। এমনভাবে কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর আবার নীচে নামিয়ে দিন। প্রথমে ১০ বার অভ্যাস করুন, পরে ধীরে ধীরে সংখ্যা বাড়ান।
নিয়মিত এই ব্যায়ামে গলার চামড়া হবে টানটান। দূর হবে ডাবল চিন। পাবেন আকর্ষণীয় জ লাইন।

চিবোনোর অভ্যাস করা:
এই কাজটি চোয়াল ও গলার পেশিকে সক্রিয় করে, ফলে ত্বকের ঢিলে ভাব কমে আসে। প্রথমে সোজা হয়ে বসুন, মাথা সামান্য পেছনে হেলিয়ে ছাদের দিকে তাকান। ঠোঁট বন্ধ রেখে চিবানোর মতো ভঙ্গি নকল করুন প্রায় ২০ বার। প্রতিদিন সকালে বা রাতে অভ্যাস করলে ত্বক টানটান হবে।
আরও পড়ুন-
থুতনি উঁচু করা:
গলার সামনের ও পাশের ত্বককে টানটান করতে সাহায্য করে এই ব্যায়ামটি। বসা বা দাঁড়ানো অবস্থায় কাঁধ ঢিলে রাখুন। নীচের ঠোঁটটি উপরের ঠোঁটের ওপরে রাখুন। এবার মাথা সামান্য পিছনে হেলিয়ে ছাদের দিকে তাকান। গলার অংশে টান অনুভব করলেই বুঝবেন, সঠিক পথে এগোচ্ছেন। কয়েক সেকেন্ড এমনভাবেই ধরে রাখুন। তারপর মাথা নামিয়ে ফেলুন। তিন সেটে ১০ বার করে অভ্যাস করুন।

তবে কেবল এসব ব্যায়াম করলেই চলবে না। যেসব কারণে চামড়া ঝুলে যাচ্ছে সেসব অভ্যাসে রাশও টানতে হবে। স্ক্রিনিং টাইম কমিয়ে আনুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। প্রতিদিন অন্তত ৩ লিটার পানি পান করুন।
এনএম




