বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

দর্শকদের ভালো কাজ উপহার না দিলে আমাকে মনে রাখবে না: সাদিয়া আয়মান

মো: ইনামুল হোসেন
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

নাটকের বাজেট বাড়লেও মান বাড়েনি:সাদিয়া আয়মান

নতুন বছরটা বেশ ফুরফুরে মেজাজে শুরু করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ইতোমধ্যে শেষ করেছেন তিনটি নাটকের কাজ, যুক্ত হয়েছেন একটি সিনেমায়। অভিনয় জীবনের বর্তমান ব্যস্ততা ও ব্যক্তিগত নানা বিষয়ে ঢাকা মেইলের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।  

বর্তমান ব্যস্ততা?

নতুন বছরে এখন পর্যন্ত তিনটি নাটকে কাজ করেছি। কাজগুলো ঈদুল ফিতরে মুক্তি পাবে। ভালোবাসা দিবস উপলক্ষে নতুন কোনো কাজ করা হয়নি। তবে আগের কিছু কাজ আসতে পারে। আমি নিশ্চিত না আসবে কি না। বর্তমানে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি। এখন এটাই আমার জন্য সবচেয়ে বড় খবর। 

image

ছোট পর্দায় উপস্থিতি কম কেন?


বিজ্ঞাপন


সিনেমা ও ওয়েব সিরিজে ব্যস্ততার কারণেই ছোট পর্দায় উপস্থিতি কমেছে। গত বছর ‘উৎসব’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’তে অভিনয়ের ফলে একটি নাটকেও অভিনয় করিনি। তবে দর্শকদের প্রতি দায়বদ্ধতা থেকে এখন বেছে বেছে কিছু কাজ করছি। আমি সাধারণত পারিবারিক গল্পের নাটকে অভিনয় করতে পছন্দ করি, কিন্তু আজকাল সে ধরনের চিত্রনাট্য খুব একটা পাওয়া যায় না। অনেকে নাটকের প্রস্তাব নিয়ে এসে বলেন, ‘নাটকের মধ্যেই সিনেমা দেখাব’। কিন্তু আমার মনে হয়, ছোট পর্দার গল্প ছোট পর্দার মতোই হওয়া উচিত। সিনেমার জন্য তো হল আছে। মানুষ এখন ইউটিউবে ফ্রিতে আমার কাজগুলো দেখেন। দর্শকদের যদি ভালো কাজ উপহার না দিতে পারি, তাহলে দর্শক আমাকে মনে রাখবে না।  

নাটক-সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেন? 

প্রথমত, ভালো গল্প। ক্যারিয়ারের প্রথমদিকে ‘দই ফুচকা’ নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। এতে খায়রুল বাসার ছিলেন আমার সহ-অভিনেতা। নাটকটির জন্য অনেক বেশি বাজেট ছিল না। কিন্তু গল্পটা ভালো হওয়ায় মানুষ এখনও দেখেন। দ্বিতীয়ত, পরিচালক। দক্ষ নির্মাতারা সব সময় ভালো গল্প নিয়েই কাজ করেন। এরপর সহ-অভিনেতা। সবশেষে বাজেট। কাজের ক্ষেত্রে বাজেট কোনো বড় ইস্যু না। সম্প্রতি ইরফান সাজ্জাদ ও আমার ‘পাথরে লেখা নাম’ নাটকটি মুক্তি পেয়েছে। এটা অনেক বেশি বাজাটের নাটক না। কিন্তু গল্পটা অনেক ভালো লেগেছে তাই অভিনয় করেছি। একটা বিষয় খেয়াল করে দেখেছি, গত কয়েক বছরে যেভাবে নাটকের বাজেট বেড়েছে সেভাবে নাটকের মান বাড়েনি। তবে মান কমে গেছে এটা বলব না। বাজেটের সমান মান বাড়েনি। বাজেট কম বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমি দেখি স্ক্রিপ্ট কেমন হচ্ছে। আমার চরিত্র কেমন হবে। নিজেকে কতটুকু ফুটিয়ে তুলতে পারব।  

image 

প্রথম প্রেম 

উচ্চ মাধ্যমিকে পড়ার সময় প্রথম প্রেম হয়েছিল। তবে সেই প্রেমের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। ভালো থাকলে আজকে আমার তার সঙ্গে থাকার কথা। প্রথম প্রেম, নাটক, সিনেমা করার অনুভূতি অন্যরকম। তবে এই মুহূর্ত প্রথম প্রেম নিয়ে বিশেষ কিছু মনে পড়ছে না। কারণ, যে মানুষ একবার হারিয়া যায় তাকে আমি কখনও মনে রাখি না। আমি একটু ইমোশনাল মানুষ কিন্তু শক্ত।   

সিনেমা নিয়ে ব্যস্ততা 

‘উৎসব’ সিনেমা মুক্তির পর অনেকগুলো কাজের প্রস্তাব এসেছিল। সেই সব সিনেমার শুটিং চলছে। অনেকগুলোর শুটিং শেষ হয়ে গেছে। কিন্তু আমি সিনেমাগুলোর সঙ্গে যুক্ত হইনি। কারণ, নাটক, সিনেমা এবং ওয়েব সিরিজ যাইহোক, আমি চেষ্টা করি আমরা চরিত্র কেমন হবে সেটা দেখার। যদি নিজের চরিত্রটা ঠিকমতো ফুটিয়ে তুলতে পারি তাহলেই কাজ করতে রাজি হই। কিছুদিন আগে অডিশনের মাধ্যমে একটি সিনেমায় যুক্ত হয়েছি। সিনেমার ৬০ শতাংশ প্রি প্রোডাকশনের কাজ শেষ। অনেকেই অডিশন দিয়েছিল। তাঁদের মধ্যে আমাকে নির্বাচিত করা হয়েছে। আমার সহ-অভিনেতা শোবিজের পরিচিত মুখ। এর থেকে বেশি কিছু বলা সম্ভাব না। 

image

বিয়ে করছেন কবে? 

আমি যখন শোবিজে কাজ শুরু করিনি তখন ভাবতাম পড়াশোনা শেষ করে চাকরি করব। আর একটি পরিকল্পনা ছিল, ত্রিশ বছরের মধ্যে বিয়ে করব। যদি ত্রিশের মধ্যে বিয়ে না হয় তাহলে একাই জীবন পার করে দেব। বর্তমানে আমার বয়স ২৬ বছর। মার্চ মাসে ২৭ বছর হবে। হাতে এখনও তিন বছরের বেশি সময় রয়েছে। দেখা যাক কবে বিয়ে হয়। এখনও মনের মতো কাউকে পাইনি। তাই সময় নিচ্ছি। আমি খুব ইমোশনাল মানুষ। তাই চিন্তা করি বিয়ের পর সারাজীবনে কষ্টে থাকার চেয়ে বিয়ে না করে শান্তিতে থাকা ভালো। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর