পূর্বানুমতি ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা দিতে সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিবৃতিতে তালিকাটি বুধবার (১১ নভেম্বর) বিকেল চারটার মধ্যে জমা দিতে বলা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, অফিস-আদালত ও দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়ে ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট পালনের ডাক দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
ওই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ক্লাসে উপস্থিত হননি বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া ওইদিন বেলা দুইটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
কলাভবনের পাশের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এসব বিস্ফোরণ ঘটে। এতে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকার চালক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে, আরও দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এএম




