বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ডিসেম্বরে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। আগের নির্ধারিত সময়সূচি ও যোগ্যতার ভিত্তিতেই এবার ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর) দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। গত ২ আগস্ট নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ।

ভর্তি পরীক্ষার নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর ২০২৬ শনিবার, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর শনিবার, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর শনিবার, চারুকলা ইউনিটের পরীক্ষা ২২ ডিসেম্বর মঙ্গলবার এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর শনিবার।

আইবিএ ইউনিট ছাড়া অন্য সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

ভর্তি পরীক্ষার মানবণ্টনেও ইউনিটভেদে ভিন্নতা রাখা হয়েছে। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে।

চারুকলা ইউনিটে এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং অঙ্কন পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় বরাদ্দ থাকবে। আইবিএ ইউনিটে এমসিকিউ পরীক্ষার সময় ৯০ মিনিট এবং বর্ণনামূলক পরীক্ষার সময় ৩০ মিনিট। বাকি তিনটি ইউনিটে এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য সমান ৪৫ মিনিট করে সময় নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০ নম্বর নির্ধারিত থাকবে।

আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে শিক্ষার্থীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞান ইউনিটে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল কমপক্ষে ৮.০ হতে হবে। পাশাপাশি উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরাও এ ইউনিটে আবেদন করতে পারবেন। তাঁদের ক্ষেত্রে জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং আলাদাভাবে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে। এ ইউনিটে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে জিপিএর যোগফল কমপক্ষে ৮.০ এবং আলাদাভাবে ৩.৫ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে যোগফল কমপক্ষে ৭.৫ এবং আলাদাভাবে ৩.০ থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে। তবে বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীরাও এ ইউনিটে আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগের জন্য জিপিএর যোগফল কমপক্ষে ৮.০ এবং আলাদাভাবে ৩.৫ থাকতে হবে। মানবিক বিভাগের ক্ষেত্রে যোগফল কমপক্ষে ৭.৫ এবং আলাদাভাবে ৩.০ থাকতে হবে।

চারুকলা ইউনিটে আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫ এবং আলাদাভাবে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে।

এদিকে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আগামী ২৮ মার্চ থেকে নতুন শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরুর সিদ্ধান্তও নেওয়া হয়।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর