শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্যবসায়ীদের সক্ষমতা বাড়াতে সরকারি ক্রয় ও ই-জিপি প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

ব্যবসায়ীদের সক্ষমতা বাড়াতে সরকারি ক্রয় ও ই-জিপি প্রশিক্ষণ
বিসিআইয়ের বোর্ডরুমে ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা এবং ই-জিপি (e-GP) সিস্টেম’ শীর্ষক প্রশিক্ষণ

সরকারি ক্রয় প্রক্রিয়ায় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানো এবং ই-জিপি (e-GP) ব্যবস্থার কার্যকর ব্যবহার সম্পর্কে ধারণা দিতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। এতে সরকারি ক্রয় আইন ও বিধিমালার পাশাপাশি ই-জিপি ব্যবস্থার কার্যপদ্ধতি, সুবিধা ও দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীতে বিসিআইয়ের বোর্ডরুমে ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা এবং ই-জিপি (e-GP) সিস্টেম’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে প্রীতি চক্রবর্তী বলেন, বিসিআই সবসময় ব্যবসায়ী সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আজকের এই প্রশিক্ষণ ই-জিপি সিস্টেমের কারিগরি দিকগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনে সহায়ক হবে, যা তাদের ব্যবসায়িক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করবে।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির সাবেক সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈন উদ্দীন আহম্মেদ।

প্রশিক্ষণের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে তিনি পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ই-জিপি সিস্টেম কীভাবে কাজ করে, এর সুবিধা এবং সরকারি ক্রয় প্রক্রিয়ায় এর ব্যবহার নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা করেন।
তিনি সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল রূপান্তরে ই-জিপি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে কীভাবে ই-জিপি ব্যবহার করে দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে হয় এবং এর মাধ্যমে সরকারি ক্রয় কার্যক্রম আরও সহজ ও দ্রুত করা যায়, সেই বিষয়েও বিস্তারিত ধারণা দেন।

কর্মশালায় বিসিআইয়ের সদস্য, সরকারি কাজে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান, আইনজীবী, উদ্যোক্তা ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয়। পরে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন।

এ সময় বিসিআই সভাপতি সংগঠনটির ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রশিক্ষণে অংশ নেওয়া সবাই ও রিসোর্স পারসনকে বিসিআইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

অংশগ্রহণকারীরা জানান, প্রশ্নোত্তর ও অংশগ্রহণমূলক আলোচনার কারণে কর্মশালাটি সরকারি ক্রয় আইন, বিধিমালা ও ই-জিপি ব্যবস্থার ব্যবহারিক দিক সম্পর্কে তাদের ধারণা আরও স্পষ্ট করেছে।

এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর