দেশে আমদানি বাড়লেও সে তুলনায় কমেছে রফতানি আয়। এতে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২.০৯ বিলিয়ন বা ২০৯ কোটি ডলার।
গত ২০২৫-২৬ অর্থবছরের একই মাসের এ ঘাটতি ছিল ১৫১ কোটি ডলার। তবে রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধির ফলে চলতি হিসাবে সাড়ে ছয় কোটি ডলার উদ্বৃত্ত রয়েছে। গত অর্থবছরের একই সময়ে অবশ্য উদ্বৃত্ত ছিল সাড়ে ১২ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের জুলাই ভিত্তিক বৈদেশিক লেনদেন ভারসাম্য প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে আমদানিতে খরচ হয়েছে ৬৪৪ কোটি ডলার।
আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৮ দশমিক ৬০ শতাংশ বেশি। অথচ রফতানি এক দশমিক ৬০ শতাংশ কমে ৪৩৫ কোটি ডলারে নেমেছে। এতে বাণিজ্য ঘাটতি বেড়েছে।
প্রথম মাসে রেমিট্যান্স প্রায় সাড়ে ১৫ শতাংশ বেড়ে ২৮৬ কোটি ডলার দেশে আসে। সব মিলিয়ে চলতি হিসাবে ছয় কোটি ৪০ লাখ ডলার উদ্বৃত্ত হয়েছে। আগের অর্থবছরের প্রথম মাসে উদ্বৃত্ত ছিল সাড়ে ১২ কোটি ডলার।
আর্থিক হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ৬৮ কোটি ডলার। আগের অর্থবছরের জুলাইতে যা ৮৮ কোটি ডলার ছিল। চলতি অর্থবছরের প্রথম মাসে বিদেশি ঋণ ও অনুদান কমেছে। সরাসরি বিদেশি বিনিয়োগ আগের বছরের জুলাইয়ের তুলনায় এক কোটি ডলার কমে ১১ কোটি ডলার এসেছে।
সব মিলিয়ে সামগ্রিক লেনদেন ভারসাম্যে ৬৩ কোটি ডলার ঘাটতি দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে যেখানে ঘাটতি ছিল ৫৪ কোটি ডলার।
টিএই/এআরএম




