একসময় শিল্প-সমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত ছিল রূপসা পাড়ের খুলনা। দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই অঞ্চলের। পাটকল, নিউজপ্রিন্ট মিল, জাহাজ নির্মাণসহ নানা শিল্পপ্রতিষ্ঠানের কর্মচাঞ্চল্যে মুখর ছিল খুলনার জনপদ। কিন্তু সময়ের পরিক্রমায় একের পর এক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে, থমকে গেছে উৎপাদনের চাকা, সংকুচিত হয়েছে কর্মসংস্থানের সুযোগ। শিল্পনগরীর সেই সুদিন আজ অনেকটাই অতীত।
কেন এই পতন? কীভাবে হারিয়ে গেল শিল্পের গৌরব? কী অবস্থায় আছে বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো? সম্ভাবনার নতুন দুয়ার কোথায়? ঐতিহ্য, সংকট, সম্ভাবনা ও মানুষের জীবন-জীবিকার গল্প নিয়ে ঢাকা মেইলের বিশেষ ধারাবাহিক আয়োজন ‘রূপসা পাড়ের খুলনা।’
বাবার হাত ধরে প্রায় ৫০ বছর আগে চাঁদপুর থেকে খুলনার খালিশপুরে এসেছিলেন আবদুর রশিদ। তখন তার বয়স ছিল ৮ থেকে ১০ বছর। তার বাবা চাকরি করতেন ক্রিসেন্ট জুট মিলে। কয়েক বছর পর বাবা মারা গেলে সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয় তাকে। যোগ দেন একই মিলে। সেখানে টানা ৩০ বছর কাজ করে চালিয়েছেন সংসার। কিন্তু ২০২০ সালের ১ জুলাই রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত তার জীবনে বড় ধাক্কা হয়ে আসে। লোকসান কমানোর জন্য সরকার এসব পাটকল বন্ধ করলে কর্মহীন হয়ে পড়েন তিনি।
দীর্ঘদিন বেকার থাকার পর সাত সদস্যের সংসার চালাতে খাবারের হোটেল খোলেন আবদুর রশিদ। কিন্তু সেই ব্যবসার আয়েও সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়ে বড় দুই ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে কাজে লাগান। একসময় যে চাকরির আয়ে চলত পুরো সংসার, সেই চাকরি হারানোর ধাক্কা ছয় বছর পরও কাটিয়ে উঠতে পারেননি তিনি।
সংকটের এমনই চিত্র একই জুট মিলের সাবেক অস্থায়ী শ্রমিক জাহানারা খাতুনেরও। দীর্ঘদিন মিলে কাজ করে যে আয় করতেন, তা দিয়েই চলত জাহানারার সংসার। চাকরি হারানোর পর ক্ষতিপূরণের টাকা দিয়ে কিছুদিন চললেও পরে দৈনন্দিন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ে। বয়স বাড়ায় নিয়মিত কাজ পাওয়ার সুযোগও কমেছে। এখন এনজিওর ঋণের ওপর নির্ভর করেই চলছে তার সংসার।
আবদুর রশিদ ও জাহানারা খাতুনের মতো হাজারো শ্রমিকের জীবনের গল্প জড়িয়ে আছে খুলনার খালিশপুর ও দৌলতপুর শিল্পাঞ্চলের পাটকলগুলোর সঙ্গে। মিল বন্ধ হওয়ার পর এখন কেউ রিকশা চালাচ্ছেন, কেউ দিনমজুরি করছেন, আবার কেউ খরচ কুলাতে না পেরে ছেড়েছেন শহর।
ছয় বছর পার হলেও সাবেক অনেক শ্রমিকের ভাগ্যে এখনো জোটেনি স্থায়ী কর্মসংস্থান। চাকরি হারানোর পর পাওয়া প্রাপ্ত বকেয়া টাকা অনেকেরই শেষ হয়ে গেছে। বিকল্প পেশায় যুক্ত হলেও আগের মতো নিয়মিত আয় নিশ্চিত করতে পারছেন না তারা।
অন্যদিকে পরিবারের সদস্যদের চিকিৎসা, সন্তানদের পড়াশোনা ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে গিয়ে অনেকে ঋণগ্রস্ত হয়েছেন। প্রতি মাসে এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে নতুন করে সংকটে পড়ছেন সাবেক শ্রমিকেরা। শুধু কর্মসংস্থান হারানো নয়, দীর্ঘমেয়াদে বদলে গেছে তাদের পারিবারিক জীবনযাত্রা।
২০২৪ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জার্নাল অব বিজনেস স্টাডিজে প্রকাশিত খুলনা অঞ্চলের ছাঁটাই হওয়া শ্রমিকদের ওপর এক গবেষণায় দেখা গেছে, চাকরি হারানোর প্রভাব শুধু আয় কমে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি; খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, সামাজিক মর্যাদা ও সন্তানদের শিক্ষার সুযোগেও নেতিবাচক প্রভাব পড়েছে। ৩০ জন সাবেক শ্রমিকের সাক্ষাৎকারভিত্তিক ওই গবেষণায় অংশগ্রহণকারীদের ২৭ শতাংশ তখনও বেকার ছিলেন। অন্যদের অনেকে দিনমজুরি, রিকশা চালানো, চায়ের দোকান কিংবা ফেরি করে পণ্য বিক্রির মতো অনিশ্চিত পেশায় যুক্ত হন।
কর্মসংস্থানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষা ও স্বাস্থ্য
গবেষণায় আরও উঠে এসেছে, নিয়মিত আয় হারিয়ে অনেক শ্রমিক পুষ্টিকর খাবার কমিয়ে দিয়েছেন, চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খেয়েছেন এবং সন্তাদের পড়াশোনার খরচ কমাতে বাধ্য হয়েছেন। শ্রমিকদের এসব অভিজ্ঞতা বলছে, পাটকল বন্ধের প্রভাব কেবল কর্মহীনতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি; তা ছড়িয়ে পড়েছে পরিবারের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও।
পাওনা বুঝে পেলেও সংকট কাটেনি
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের পর শ্রমিকদের বকেয়া ও ক্ষতিপূরণ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। তবে মামলা-সংক্রান্ত জটিলতা এবং প্রয়োজনীয় কাগজপত্রের সমস্যায় কিছু শ্রমিক এখনো তাদের পাওনা বুঝে পাননি। অস্থায়ী শ্রমিকদের মধ্যেও পাওনা বকেয়া থাকার অভিযোগ রয়েছে।
ক্রিসেন্ট জুট মিলের হিসাব বিভাগ সূত্রে জানা যায়, সেখানে কর্মরত স্থায়ী ২ হাজার ৭৭১ জন শ্রমিকের প্রায় সবাই তাদের বকেয়া পাওনা বুঝে পেয়েছেন। তবে নিয়োগপত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় কয়েকজনের পাওনা পরিশোধ করা সম্ভব হয়নি।
পাওনা পরিশোধের মাধ্যমে শ্রমিকদের আর্থিক দায় মেটানোর উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের বিকল্প তৈরি না হওয়ায় তাদের সংকট কাটেনি। এককালীন অর্থ দিয়ে কিছুদিন চললেও স্থায়ী আয়ের ব্যবস্থা না থাকায় সংসারের ব্যয়ভার বহ করা কঠিন হয়ে পড়ে এসব শ্রমিকদের।
ইজারায় মিল চালুর উদ্যোগ, তবুও কর্মসংস্থানে অনিশ্চয়তা
রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বেসরকারি খাতে ইজারা দেওয়ার খবরে একসময় আশার আলো দেখেছিলেন সাবেক শ্রমিকেরা। তাদের প্রত্যাশা ছিল, মিলগুলো আবার চালু হলে পুরোনো কর্মস্থলে ফেরার সুযোগ তৈরি হবে। কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। ২০২৩ সালে দৌলতপুর জুট মিল চালু হলে সেখানে প্রায় সাড়ে চারশ শ্রমিকের কর্মসংস্থান হয়েছিল। তবে বছর না পেরোতেই কারখানাটি লে-অফ করা হয়। ফলে সেখানে কাজ পাওয়া শ্রমিকেরা বেকার হয়ে পড়েন। অন্যদিকে ইজারা পাওয়া বাকি পাটকলগুলোতে এখনো শ্রমিক নিয়োগ শুরু হয়নি। নিয়োগের ক্ষেত্রে সাবেক শ্রমিকেরা অগ্রাধিকার পাবেন কি না, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
সম্প্রতি ক্রিসেন্ট জুট মিলে গিয়ে দেখা যায়, মিলের শেডে থাকা পুরোনো যন্ত্রপাতি সরানোর কাজ চলছে। কোনো কোনো স্থানে ইজারাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংস্কারকাজ করা হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকায় ভবনের বিভিন্ন অংশে ঢালাই ও প্লাস্টারের কাজ করাতে হচ্ছে।
ইজারাদার প্রতিষ্ঠানের এক কর্মচারী জানান, উৎপাদন শুরুর উপযোগী করে কারখানা প্রস্তুত করা হচ্ছে। দীর্ঘদিন পড়ে থাকায় বিভিন্ন স্থানে সংস্কার প্রয়োজন হয়েছে। উৎপাদনে যেতে এখনো সময় লাগবে। এ পর্যায়ে কোনো শ্রমিক নিয়োগ দেওয়া হয়নি।
আরও পড়ুন: ‘আসলে ভাইজান, আমরা গরিবেরা ভালো নাই’
প্লাটিনাম জুবিলি জুট মিলের মহাব্যবস্থাপক মো. মুরাদ হোসেন জানান, ইজারা নেওয়া প্রতিষ্ঠান এখনো উৎপাদন শুরু করেনি। পুরোনো শ্রমিকদের ইজারাদার প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধ্যবাধকতা নেই। বিষয়টি পুরোপুরি ইজারাদার প্রতিষ্ঠানের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে পুরোনো শ্রমিকদের মধ্যে দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।
পুরোনো কর্মস্থলে ফেরার অপেক্ষায় শ্রমিকেরা
ইজারা নেওয়া পাটকলগুলোতে উৎপাদন শুরু হলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তবে সেই সুযোগ কতটা বাড়বে, কতজন শ্রমিক নিয়োগ পাবেন এবং পুরোনো শ্রমিকদের কতজন কর্মস্থলে ফিরতে পারবেন, তা এখনো স্পষ্ট নয়। শ্রমিকদের কাছে পাটকল চালু হওয়া শুধু শিল্প উৎপাদন শুরুর বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে তাদের হারানো জীবিকা ফিরে পাওয়ার প্রত্যাশা।
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক কুদরত-ই-খুদা বলেন, ইজারা শর্তের মধ্যে পুরোনো শ্রমিকদের নিয়োগের বিষয়ে কোন কিছু উল্লেখ নেই। পাটপণ্যের বাইরে ভিন্ন পণ্য উৎপাদনের জন্য তারা ভিন্ন জায়গা থেকে শ্রমিক নিয়োগ দিচ্ছে। এতে রাষ্ট্রয়ত্ত পাটকল বন্ধের পর বেকার হওয়া শ্রমিক ও তাদের পরিবারের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাচ্ছে। এতে পাটকল ঘিরে খালিশপুর এলাকায় গড়ে ওঠা বিশাল জনগোষ্ঠীও পুনরায় পাটকল চালু হওয়ার সুফল থেকে বঞ্চিত হবে।
প্রতিনিধি/এমআর




