সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

আয় বাড়ে না খরচ বাড়ে, সংসার চালাতে হিমশিম নিম্ন-মধ্যবিত্তের

মহিউদ্দিন রাব্বানি
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১০ এএম

শেয়ার করুন:

আয় বাড়ে না খরচ বাড়ে, সংসার চালাতে হিমশিম নিম্ন-মধ্যবিত্তের
  • বাজার খরচে কাটছাঁট, ছোট হচ্ছে প্রয়োজনের তালিকা
  • বাড়তি আয়ের আশায় চাকরির পরও বাড়তি কাজ
  • সঞ্চয় ভেঙে ও ধারদেনায় চলছে মধ্যবিত্তের সংসার
  • বাসাভাড়া, শিক্ষা ও চিকিৎসায় বাড়ছে ঋণের চাপ
  • বাজার তদারকির দুর্বলতায় চাপে সীমিত আয়ের মানুষ

২০২০ সালে গেন্ডারিয়া রেলস্টেশনের পাশে ছোট্ট একটি চায়ের দোকান শুরু করেন রবিউল আলম। তখন এক কাপ রঙ চায়ের দাম ছিল ৮ টাকা, দুধ চা ১০ টাকা। ছয় বছর পেরিয়ে ২০২৬ সালেও সেই দাম অপরিবর্তিত রেখেছেন তিনি। অথচ এই ছয় বছরে চাল, ডাল, তেল, চিনি, সবজি, মাছ-মাংসসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ২০২০ সালে সাধারণ খুচরা বাজারে প্রতি কেজি চিনি ৬০ থেকে ৭০ টাকায় পাওয়া গেলেও এখন কিনতে হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। অর্থাৎ ছয় বছরে কেজিপ্রতি দাম বেড়েছে প্রায় ৪৫ টাকা। শুধু খাদ্যপণ্য নয়, বেড়েছে এলপিজি, পরিবহন, চিকিৎসা, শিক্ষা ও আবাসন ব্যয়ও। তবে জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে, অনেক মানুষের আয় বেড়েছে তার তুলনায় অনেক কম।

রবিউল আলমের ভাষায়, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু আয়-রোজগার সেই অনুপাতে বাড়েনি। তাই চায়ের দাম না বাড়িয়েও দোকান চালিয়ে যাওয়া এবং নিজের সংসারের খরচ সামলানো দুটোই কঠিন হয়ে উঠেছে।

রবিউলের এই অভিজ্ঞতা কেবল একজন ক্ষুদ্র ব্যবসায়ীর গল্প নয়। রাজধানীসহ দেশের শহরাঞ্চলের নিম্ন-মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার একটি বড় বাস্তবতা এটি। নির্দিষ্ট বেতন, সীমিত ব্যবসার আয় কিংবা ছোটখাটো উপার্জনের ওপর নির্ভরশীল পরিবারগুলোকে প্রতিদিন নতুন করে হিসাব মেলাতে হচ্ছে। মাসের শুরুতে হাতে আসা টাকা বাড়ি ভাড়া, বাজার, সন্তানের পড়াশোনা, চিকিৎসা ও যাতায়াত খরচে শেষ হয়ে যাচ্ছে। কোথাও কমাতে হচ্ছে খাবারের পরিমাণ, কোথাও বাদ পড়ছে প্রয়োজনীয় কেনাকাটা। কেউ বাড়তি আয়ের জন্য রাত জেগে কাজ করছেন, কেউ সঞ্চয় ভাঙছেন, আবার কেউ বাধ্য হচ্ছেন ঋণ করতে। বাইরে থেকে স্বাভাবিক মনে হওয়া এসব পরিবারের ভেতরে চলছে নীরব আর্থিক টানাপোড়েন।

এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন-মধ্যবিত্তরা। নিম্নআয়ের মানুষের মতো অনেক সামাজিক সহায়তা কর্মসূচিতে তাদের জায়গা নেই। আবার উচ্চবিত্তের মতো সঞ্চয় কিংবা বিকল্প আয়ের পর্যাপ্ত সুযোগও নেই। ফলে আয় ও ব্যয়ের মধ্যে সামান্য ব্যবধান তৈরি হলেই পুরো পারিবারিক বাজেট এলোমেলো হয়ে যাচ্ছে।

এক আয়ে চলছে না সংসার

রাজধানীর মানিকনগর এলাকার বাসিন্দা সাইফুল আকবর একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাঝারি পর্যায়ের চাকরি করেন। তার ছেলে স্কুলে পড়ে, মেয়ে মাদরাসায়। দুই সন্তানের পড়াশোনা, বাসার খরচ, বাজার ও অন্যান্য প্রয়োজন মেটাতে গিয়ে তার নিয়মিত বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাড়তি আয়ের পথ খুঁজতে চলতি বছরের জানুয়ারি থেকে উবার চালানো শুরু করেছেন তিনি। দিনে চাকরি করেন, রাতে গাড়ি চালিয়ে বাড়তি আয় করেন।

সাইফুলের এই জীবনযাপন এখন অনেক চাকরিজীবী পরিবারের বাস্তবতার সঙ্গে মিলে যায়। একটি নির্দিষ্ট বেতনের ওপর নির্ভর করে সংসার চালাতে না পেরে অনেকে চাকরির পাশাপাশি অন্য কাজ করছেন। এতে বাড়তি কিছু আয় হলেও পরিবারকে সময় দেওয়ার সুযোগ কমছে। বিশ্রাম ও ব্যক্তিগত জীবনের ওপরও পড়ছে প্রভাব। বিশেষ করে সন্তানদের পড়াশোনা, পরিবারের সদস্যদের সময় দেওয়া কিংবা নিজেদের প্রয়োজনের দিকে নজর দেওয়ার সুযোগ সংকুচিত হচ্ছে।

নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সংকটের বড় জায়গা হলো, তাদের অনেক ব্যয়ই অনিবার্য। বাসাভাড়া, বিদ্যুৎ, পানি, গ্যাস, সন্তানের স্কুল বা মাদরাসার বেতন, যাতায়াত এবং চিকিৎসার খরচ চাইলেই কমানো যায় না। অথচ বাজারের বাড়তি দামের সঙ্গে তাল মিলিয়ে বেতন বাড়ছে না। ফলে বাড়তি আয়ের চেষ্টা অনেকের জন্য আর বিলাসিতা নয়, সংসার টিকিয়ে রাখার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

দুই মাসে নিত্যপণ্যের দাম বেড়েছে ৭.৫২ শতাংশ

বাজারে গিয়ে ছোট হচ্ছে কেনাকাটার তালিকা 

নিম্ন-মধ্যবিত্তের আর্থিক চাপ সবচেয়ে স্পষ্ট হয়ে উঠছে নিত্যপণ্যের বাজারে। সবজি থেকে মাছ, মাংস, ডিম, চাল, ডাল, তেল, চিনি, মসলা সবকিছুর দামই সংসারের বাজেটে বাড়তি চাপ তৈরি করছে। রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগের মতো একসঙ্গে বেশি পণ্য কিনছেন না অনেকে। প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে কিনছেন। মাছ-মাংসের পরিমাণ কমাচ্ছেন, পছন্দের খাবারের বদলে তুলনামূলক কম দামের পণ্য বেছে নিচ্ছেন।

রাজধানীর রামপুরা কাঁচাবাজারের সাম্প্রতিক চিত্রও এই চাপের ইঙ্গিত দেয়। বাজারে পেঁপে ছাড়া অধিকাংশ সবজির দাম কেজিতে ৫০ টাকার ওপরে। টমেটো বিক্রি হচ্ছে ২২০ টাকা, ধনেপাতা ২৪০ টাকা, শিম ১৪০ থেকে ১৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। অন্যদিকে মুরগির ডিমের ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা, পোলট্রি মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকা এবং গরুর মাংস ৮০০ টাকা কেজি। মাছের বাজারেও প্রজাতি ও মানভেদে কেজিতে কয়েক শ থেকে দুই হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে।

মুদি পণ্যের বাজারেও স্বস্তি নেই। বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ২০৪ টাকা, চিনি ১১০ টাকা, দেশি মসুর ডাল ১৪০ থেকে ১৫০ টাকা এবং পোলাওয়ের চাল মানভেদে ১৬০ থেকে ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম একসঙ্গে হিসাব করলে একটি পরিবারের মাসিক খাদ্যব্যয় কতটা বেড়েছে, তা সহজেই অনুমান করা যায়।

বাজার করতে আসা জাকির হোসেন বলেন, ‘আমরা যারা চাকরি করি, তাদের সমস্যা বেশি। মাস শেষে নির্দিষ্ট একটা টাকা পাই। ওই টাকার মধ্যেই পুরো মাসের হিসাব করতে হয়। কোনো পণ্যের দাম ১০ টাকা বাড়লেও মাস শেষে সেটার প্রভাব পড়ে। তাই অনেক কিছুতেই আপস করে চলতে হচ্ছে।’

একই বাজারের ক্রেতা রিকশাচালক রায়হানের অভিজ্ঞতাও ভিন্ন নয়। তিনি বলেন, ‘একসময় ১০০ টাকার বাজার করলে অনেক কিছু কেনা যেত। এখন একটা তরকারি কিনতেই ১০০ টাকার বেশি লাগে। আগে দিনের বেলায় বাজার করতাম, এখন সন্ধ্যার পর বাজারের বাইরে রাস্তার পাশে বসা বিক্রেতাদের কাছ থেকে কিনি। সেখানে কিছুটা কম দামে পাওয়া যায়।’

পণ্যের দাম বাড়ার পাশাপাশি ক্রেতাদের কেনাকাটার ধরনও বদলে যাচ্ছে। আগে যে পরিবার এক কেজি মাছ কিনত, এখন আধা কেজি কিনছে। পাঁচ লিটার তেলের পরিবর্তে দুই লিটার নিচ্ছে। কেউ মাংসের বদলে ডিম, আবার কেউ ডিমের পরিবর্তে ডাল দিয়ে খাবারের চাহিদা মেটানোর চেষ্টা করছে। অর্থাৎ শুধু কম দামের পণ্য খোঁজা নয়, প্রয়োজনীয় পণ্য কেনার পরিমাণও কমিয়ে দিচ্ছে পরিবারগুলো।

গ্যাস-বিদ্যুৎ থেকে চিকিৎসা, সবখানেই বাড়তি ব্যয়: খাদ্যপণ্যের বাইরেও জীবনযাত্রার ব্যয়ের বড় একটি অংশ চলে যাচ্ছে জ্বালানি, আবাসন ও যাতায়াতে। বিশেষ করে রাজধানীর ভাড়াটিয়া পরিবারগুলোর জন্য বাড়িভাড়া একটি বড় চাপ। এর সঙ্গে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য পরিষেবা বিল যুক্ত হয়। কর্মস্থলে যাতায়াত, যানজটের কারণে অতিরিক্ত সময় এবং প্রয়োজনে বিকল্প পরিবহন ব্যবহারের খরচও বাড়ছে।

জ্বালানি ব্যয়ের ক্ষেত্রে এলপিজির দাম বৃদ্ধির প্রভাবও উল্লেখযোগ্য। ২০২১ সালের এপ্রিলে উচ্চ আদালতের নির্দেশে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রথমবারের মতো বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করে। তখন ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ৯৭৫ টাকা। এরপর প্রতি মাসে দাম সমন্বয় করা হয়েছে। পাওয়া ৬৩টি সমন্বয়ের তথ্য অনুযায়ী, ৩২ বার দাম বেড়েছে, ২৬ বার কমেছে এবং পাঁচবার অপরিবর্তিত ছিল। সর্বশেষ ২০২৬ সালের ২ নভেম্বর ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা। অর্থাৎ সাড়ে পাঁচ বছরে দাম বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে।

এলপিজির এই বাড়তি ব্যয় সরাসরি প্রভাব ফেলছে রান্নার খরচে। বিশেষ করে যেসব পরিবারে পাইপলাইনের গ্যাস নেই, তাদের মাসিক বাজেটে সিলিন্ডার কেনার জন্য উল্লেখযোগ্য অর্থ রাখতে হচ্ছে। একদিকে খাদ্যপণ্যের দাম, অন্যদিকে রান্নার জ্বালানির ব্যয়, সংসারের ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ছে।

চিকিৎসা ব্যয়ও নিম্ন-মধ্যবিত্তের জন্য বড় উদ্বেগের কারণ। নিয়মিত ওষুধ, চিকিৎসকের ফি, পরীক্ষা-নিরীক্ষা কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হলে মাসিক বাজেটের বাইরে অতিরিক্ত অর্থের ব্যবস্থা করতে হয়। পর্যাপ্ত সঞ্চয় না থাকায় অনেকে ধারদেনা করেন, কেউ প্রয়োজনীয় চিকিৎসা পিছিয়ে দেন। সন্তানদের শিক্ষার ক্ষেত্রেও একই চাপ। স্কুল বা মাদ্রাসার বেতন, বই-খাতা, পোশাক, যাতায়াত ও অতিরিক্ত শিক্ষার খরচ মেটাতে গিয়ে অনেক পরিবারকে নিজেদের প্রয়োজন কমাতে হচ্ছে।

আয়-ব্যয়ের ব্যবধান বাড়ছে, ঋণের ওপর নির্ভরতা

দেশের পরিবারগুলোর আর্থিক সক্ষমতার চিত্রেও এ চাপের প্রতিফলন রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫ সালের জীবনযাত্রার মানবিষয়ক বিশেষ জরিপ অনুযায়ী, দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার জীবনযাত্রার ব্যয় মেটাতে ঋণ করেছে। গ্রামীণ এলাকায় এ হার ৫১ দশমিক ৯১ শতাংশ, শহরাঞ্চলে ৪০ দশমিক ১৯ শতাংশ এবং সিটি করপোরেশন এলাকায় ৩২ দশমিক ১১ শতাংশ।

জরিপে একটি পরিবারের গড় মাসিক আয় পাওয়া গেছে ৩৩ হাজার ৫১৩ টাকা। বিপরীতে গড় মাসিক ব্যয় ৩৫ হাজার ৩১১ টাকা। অর্থাৎ গড়ে প্রতি মাসে আয়ের তুলনায় ব্যয় ১ হাজার ৭৯৮ টাকা বেশি। এই ঘাটতি পূরণে অনেক পরিবার ঋণ কিংবা সঞ্চয়ের ওপর নির্ভর করছে।
অন্যদিকে, বিবিএসের সেপ্টেম্বরের হিসাবে দেশে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশে। একই সময়ে জাতীয় মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম। ফলে কর্মজীবী মানুষের আয় কিছুটা বাড়লেও সেই বাড়তি অর্থের বড় অংশই চলে যাচ্ছে পণ্য ও সেবার বর্ধিত দামের পেছনে।

এদিকে মূল্যস্ফীতির হার কমার অর্থ পণ্যের দাম আগের অবস্থায় ফিরে যাওয়া নয়। বরং দাম বাড়ার গতি কমে যাওয়া। আগে থেকেই উচ্চমূল্যে পণ্য কিনতে থাকা পরিবারগুলো তাই মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও প্রত্যাশিত স্বস্তি পাচ্ছে না।

পিপিআরসির ২০২৫ সালের জরিপভিত্তিক প্রতিবেদনে ‘ভঙ্গুর মধ্যবিত্ত’ শ্রেণির আর্থিক অনিশ্চয়তার চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ১৭ দশমিক ৯৭ শতাংশ পরিবার এ শ্রেণির অন্তর্ভুক্ত, যাদের সংখ্যা প্রায় ৩ কোটি ১০ লাখ। মধ্যবিত্ত পরিচয় থাকলেও এসব পরিবারের ব্যয় সামলানোর সক্ষমতা সীমিত। জরিপে মধ্যবিত্ত পরিবারের গড় মাসিক আয় ৩২ হাজার ৬৮৫ টাকা এবং ব্যয় ৩২ হাজার ৬১৫ টাকা। অর্থাৎ মাস শেষে গড়ে অবশিষ্ট থাকছে মাত্র ৭০ টাকা। এ শ্রেণির অর্ধেকের বেশি পরিবারের ঋণের পরিমাণ তাদের সঞ্চয়ের চেয়ে বেশি।

এই পরিসংখ্যানের তাৎপর্য হলো, মধ্যবিত্ত পরিচয় থাকলেই যে একটি পরিবারের আর্থিক নিরাপত্তা আছে, বাস্তবে তা নয়। মাস শেষে সামান্য অর্থ হাতে থাকা কিংবা কোনো কোনো মাসে ঋণ করে চলা অনেক পরিবারের নিয়মিত অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে।

পরিবারের ব্যয় মেটাতে বাড়ছে ভোক্তাঋণ 

জীবনযাত্রার ব্যয় সামলাতে ব্যক্তিগত ও ভোক্তাঋণের ওপর নির্ভরতা বাড়ার বিষয়টিও অর্থনীতিতে নতুন উদ্বেগ তৈরি করছে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ বলেন, ভোক্তাঋণের ধারাবাহিক বৃদ্ধি থেকে বোঝা যায়, অনেক পরিবার বাড়তি জীবনযাত্রার ব্যয় সামলাতে ব্যাংকঋণের ওপর নির্ভর করছে। মূল্যস্ফীতির কারণে শিক্ষা, চিকিৎসা ও আবাসনের মতো প্রয়োজনীয় খরচ মেটাতেও ঋণ নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে।

এই বিশ্লেষক বলেন, ভোক্তাঋণের প্রবৃদ্ধি শুধু ব্যক্তিগত কেনাকাটা বা ভোগ বৃদ্ধির ইঙ্গিত নয়, অনেক ক্ষেত্রে পরিবারের আর্থিক চাপেরও প্রতিফলন। নিয়মিত আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকলে পরিবারগুলো ঋণের মাধ্যমে তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর চেষ্টা করে। কিন্তু দীর্ঘ মেয়াদে এ ধরনের নির্ভরতা তাদের আর্থিক ঝুঁকি বাড়াতে পারে।

এদিকে ব্যক্তিগত খরচে ঋণ বাড়লেও উৎপাদনশীল খাতে ঋণের চিত্র তুলনামূলক দুর্বল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ শেষে শিল্প খাতে ব্যাংকঋণের স্থিতি ছিল ৭ লাখ ৯৪ হাজার ৬৬২ কোটি টাকা। জুন শেষে তা বেড়ে হয়েছে ৭ লাখ ৯৫ হাজার ২১৪ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে শিল্প খাতে ঋণ বেড়েছে মাত্র ৫৫২ কোটি টাকা। একই সময়ে নির্মাণ খাতে ঋণের স্থিতি কমেছে ৩ হাজার ৯০৯ কোটি টাকা। পরিবহন খাতেও ঋণের স্থিতি কমেছে। বিপরীতে একই সময়ে ভোক্তাঋণ বেড়েছে ৫ হাজার ৩৬৪ কোটি টাকা।

এ বিষয়ে বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ঢাকা মেইলকে বলেন, শিল্প খাতে ঋণের প্রবৃদ্ধি না হওয়া উদ্বেগের বিষয়। গ্যাস ও বিদ্যুতের সংকটের সমাধান না হলে উদ্যোক্তারা নতুন করে ঋণ নিয়ে বিনিয়োগে যেতে চাইবেন না।

তার বক্তব্য অনুযায়ী, উৎপাদন খাতের প্রতিবন্ধকতা দূর না হলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ কঠিন হবে। এর প্রভাব শেষ পর্যন্ত কর্মজীবী মানুষের আয় ও আর্থিক নিরাপত্তার ওপরও পড়তে পারে।

সঞ্চয় ভেঙে চলছে সংসার, অনিশ্চিত ভবিষ্যৎ 

নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে সঞ্চয় মানে শুধু ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রাখা নয়, বিপদের সময় টিকে থাকার অবলম্বন। সন্তানের পড়াশোনা, পরিবারের কারও অসুস্থতা, চাকরি হারানো কিংবা হঠাৎ কোনো প্রয়োজন মেটাতে এই অর্থ কাজে লাগে। কিন্তু আয় ও ব্যয়ের ব্যবধান বাড়তে থাকায় অনেক পরিবার নিয়মিত সঞ্চয় করতে পারছে না। বরং আগের জমানো টাকা ভেঙে দৈনন্দিন খরচ মেটাতে হচ্ছে।

পাঁচ সদস্যের পরিবার নিয়ে বসবাসকারী সাব্বির আহমেদ বলেন, আগে সপ্তাহে অন্তত এক দিন মাছ-মাংস রাখার চেষ্টা করতেন। এখন প্রায়ই মাংস বাদ দিয়ে মাছ বা ডিম কিনতে হয়। দাম বেশি মনে হলে ডিমের পরিমাণও কমিয়ে দেন। তার ভাষায়, ‘আগে বাজারে গিয়ে ভাবতাম কী কী কিনব। এখন ভাবতে হয়, কী বাদ দিলে মাসটা চালানো যাবে।’

এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের চাহিদার মধ্যে সমন্বয় করতে হচ্ছে। কেউ নিজের পোশাক কেনা বন্ধ করছেন, কেউ বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাদ দিচ্ছেন। সন্তানদের শখ পূরণ করতে না পারার কষ্টও অনেক অভিভাবককে বহন করতে হচ্ছে। আবার অসুস্থ হলেও কেউ কেউ চিকিৎসা বা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা পিছিয়ে দিচ্ছেন।

এ সংকটের আরেকটি দিক হলো সামাজিক মর্যাদা ধরে রাখার চাপ। নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো সাধারণত সন্তানদের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াতে চান, পরিবারের সদস্যদের ভালো চিকিৎসা দিতে চান এবং সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশ নিতে চান। কিন্তু আয় সীমিত হওয়ায় এসব প্রয়োজন মেটাতে গিয়ে প্রতিনিয়ত আর্থিক সমন্বয় করতে হচ্ছে। বাইরে থেকে স্বাভাবিক জীবনযাপন মনে হলেও অনেক পরিবারের ভেতরে চলছে হিসাবের কঠিন লড়াই।

উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো জরুরি

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নিম্ন-মধ্যবিত্তের জীবনযাত্রার চাপ কমাতে শুধু বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ করলেই হবে না। মানুষের আয় বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন খাতের সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সেবার ব্যয় সহনীয় পর্যায়ে রাখাও জরুরি।

বিশেষ করে শিল্প ও ব্যবসা খাতে বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের নিশ্চয়তা, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং উৎপাদন ব্যয় কমানো গেলে পণ্য ও সেবার বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

অন্যদিকে, শহরের নির্দিষ্ট আয়ের পরিবারগুলোর জন্য সাশ্রয়ী আবাসন, চিকিৎসা সহায়তা, শিক্ষাব্যয় কমানো এবং স্বল্পমূল্যে খাদ্যপণ্য সরবরাহের উদ্যোগ প্রয়োজন। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে শুধু দরিদ্র জনগোষ্ঠী নয়, আর্থিকভাবে ঝুঁকিতে থাকা নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকেও বিবেচনায় নেওয়া দরকার।

নিম্ন-মধ্যবিত্তের সংকট এখন আর শুধু বাজারের দামের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি তাদের খাদ্যাভ্যাস, চিকিৎসা, শিক্ষা, পারিবারিক সম্পর্ক, সামাজিক জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রভাবিত করছে। একসময় যে পরিবার সামান্য সঞ্চয় করে ভবিষ্যতের স্বপ্ন দেখত, এখন তাদের অনেকের লক্ষ্য মাসের খরচ মিটিয়ে কোনোভাবে পরবর্তী মাসে পৌঁছানো।

গেন্ডারিয়া রেলস্টেশনের পাশের চায়ের দোকানি রবিউল আলমের ছয় বছর ধরে চায়ের দাম না বাড়ানোর গল্প আর মানিকনগরের সাইফুল আকবরের দিনে চাকরি, রাতে উবার চালানোর বাস্তবতা একই সংকটের দুই দিক। একজন বাড়তি খরচের চাপে নিজের ব্যবসার দাম বাড়াতে পারছেন না, অন্যজন সংসার চালাতে নিজের কর্মঘণ্টা বাড়াচ্ছেন। মাঝখানে আছে লাখো পরিবারের প্রতিদিনের হিসাব-নিকাশ।

আয় না বাড়লেও ব্যয় বাড়ছে। কমছে সঞ্চয়, বাড়ছে ঋণনির্ভরতা। প্রয়োজনীয় খরচ মেটাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ভবিষ্যতের জন্য স্বস্তির জায়গা তৈরি হবে কীভাবে? নিম্ন-মধ্যবিত্তের জীবনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এভাবে আর কত দিন চলবে সংসার?

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন ঢাকা মেইলকে বলেন, বাজারে কার্যকর তদারকির অভাবে ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো পণ্যের দাম নির্ধারণ করছেন। চাহিদা বাড়ার সুযোগ নিয়ে অনেক ব্যবসায়ী পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করেন। এতে বাজারের সরবরাহব্যবস্থা কিছু ব্যবসায়ীর নিয়ন্ত্রণে চলে যায়। প্রয়োজন অনুযায়ী বাজারে অভিযান ও নজরদারি না থাকায় ভোক্তাদের বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্ন মধ্যবিত্ত।

নাজের হোসাইন বলেন, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে শুধু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ওপর নির্ভর করলে হবে না। জেলা প্রশাসন, কৃষি বিপণন অধিদফতর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে তদারকি জোরদার করতে হবে। পাশাপাশি অনিয়ম, কারসাজি ও অবৈধভাবে পণ্য মজুদের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

বাজার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘বাজার এখন ফুটবল খেলার মাঠের মতো, কিন্তু সেখানে কোনো রেফারি নেই। সরকারের উচিত রেফারির ভূমিকা পালন করা। বাজারে কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণ না থাকলে ভোক্তাদের স্বার্থ রক্ষা করা সম্ভব নয়।’

এমআর/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর