সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘আসলে ভাইজান, আমরা গরিবেরা ভালো নাই’

মোস্তফা ইমরুল কায়েস
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

‘আসলে ভাইজান, আমরা গরিবেরা ভালো নাই’
ছবি এআই দিয়ে তৈরি

মাত্র ২৫ হাজার টাকা বেতনে চার সদস্যের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন জুয়েল আহমেদ। বাড়ি ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, বাজার ও সন্তানের পড়াশোনার খরচ মেটাতে গিয়ে প্রতিনিয়ত কাটছাঁট করতে হচ্ছে তার পরিবারের খাবারের তালিকা। এক সময় তার সংসারে নিয়মিত মাছ-মাংস ও ফলমূল কেনা হতো। কিন্তু এখন বছর শেষে কোরবানির সময়ে কম দামে কেনা মাংসই হয়ে উঠেছে সারা বছরের ভরসা।

রাজধানীর শনির আখড়ার গোবিন্দপুর এলাকার মোকলেস মাতব্বর রোডে থাকেন জুয়েল আহমেদ। সম্প্রতি সেগুনবাগিচা এলাকায় তার সঙ্গে কথা হচ্ছিল। তিনি এই প্রতিবেদককে জানান, তার মাসিক বেতন ২৫ হাজার টাকা। চার সদস্যের পরিবারের ভরণপোষণ, সন্তানের পড়াশোনা এবং নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে এই আয় দিয়ে মাস পার করা তার জন্য কঠিন হয়ে পড়ছে।

জুয়েলের মাসিক আয়ের বড় একটি অংশ চলে যায় বাসা ভাড়া ও গ্যাস বিল পরিশোধে। বাসা ভাড়া ১০ হাজার টাকা, ১২ কেজির গ্যাস সিলিন্ডার কিনতে লাগে দুই থেকে আড়াই হাজার টাকা। সন্তানের স্কুল ফি মাসে ৬০০ টাকা। এর বাইরে বছরে স্কুলের জন্য আরও প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়। বিদ্যুৎ বিল, যাতায়াত এবং সংসারের অন্যান্য খরচ তো রয়েছেই। তার মতে, সবচেয়ে বেশি চাপ পড়ছে খাবারের খরচে।

জুয়েলের এই হিসাব কেবল একটি পরিবারের টানাপোড়েনের গল্প নয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার বাস্তব চিত্রও বটে। ফলে মাস শেষে আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে তাদের অনেককেই এখন খাবারের পরিমাণ কমাতে হচ্ছে। আর এতে বাদ দিতে হচ্ছে মাছ-মাংস ও ফলমূলের মতো প্রয়োজনীয় খাবার।

জুয়েল জানান, আগে তিনজনের সংসারে চাল, ডাল, মাছ ও মাংসের জন্য মাসে পাঁচ হাজার টাকা খরচ করেই মোটামুটি চলা যেত। এখন চারজনের সংসারে শুধু খাবারের পেছনে ১০ থেকে ১২ হাজার টাকা চলে যায়। ফলে প্রয়োজন মেটানো যাচ্ছে না।

তিনি ঢাকা মেইলকে বলেন, ‘মুদির বাজার, মাছ মাংস আর সয়াবিন তেলেই বেশি টাকা চলে যাচ্ছে। আগে যে পরিমাণ বাজার করতাম, এখন একই পরিমাণ বাজার করতে অনেক বেশি টাকা লাগছে।’

এক সময় পরিবারের জন্য নিয়মিত মুরগি ও মাছ কেনা সম্ভব হলেও এখন পরিমাণ কমিয়ে আনতে হচ্ছে বলে জানান জুয়েল। তিনি বলেন, ‘বয়লার মুরগি আগে ১৫০ টাকা কেজি ছিল, এখন তা ১৮৫ টাকা। আগে পাঁচ কেজি কিনতাম। এখন পাঁচ কেজি কেনার সামর্থ্য হয় না। তিন-চার কেজি কিনতে হয়।’

মাংস খাওয়ার বিষয়টি এখন অনেকটাই উৎসবনির্ভর হয়ে গেছে তার কাছে। কোরবানি ছাড়া গরু বা খাসির মাংস কেনা হয় না বললেই চলে। কোরবানির ঈদের সময় যারা বিভিন্ন বাড়ি থেকে মাংস সংগ্রহ করেন তাদের কাছ থেকে ১০-১২ কেজি মাংস কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করেন। সেটা দিয়েই আমিষের ঘাটতি পূরণ করেন তিনি।
 
জুয়েল বলেন, ‘বড় মাছ খাওয়ার সামর্থ্য নাই। ফলে পাঙ্গাসটাই ২২০ টাকা কেজি দরে কিনতে হয়। দেশি মাছ তো মুখেই চড়ে না।’

শুধু খাবারের বাজার নয়, বিদ্যুৎ বিল নিয়েও দুশ্চিন্তায় নিম্ন আয়ের এই পরিবারটি। জুয়েলের ঘরে একটি ফ্রিজ, একটি টেলিভিশন, দুটি ফ্যান ও চারটি লাইট রয়েছে। এসব ব্যবহার করেই আগে মাসে বিদ্যুৎ বিল আসত ৫০০ থেকে ৬০০ টাকা। কিন্তু গত বছরের অক্টোবর থেকে বিল বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৬০০ টাকায়। তিনি আক্ষেপ করে বলেন, ‘এত টাকা বিল দেওয়ার পর সংসারের অন্য খরচ চালাব কীভাবে?’

পরিবারে থাকা তার ছোট শিশুটির খাবারের তালিকা থেকেও বাদ পড়ছে পুষ্টিকর ফল। আগে সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে তিনি আধা কেজি কিংবা এক কেজি আপেল কিনতেন সন্তানের জন্য। কিন্তু এখন সেই সামর্থ্যে ভাটা পড়তে শুরু করেছে। গত তিন মাস ধরে তার সন্তানকে আপেল খাওয়াতে পারেননি বলে জানান তিনি।

অনেকটা আবেগাপ্লুত হয়ে জুয়েল বলেন, ‘আগে হাফ কেজি অথবা এক কেজি করে আপেল কেনা সম্ভব হতো। এখন তো সম্ভব হয় না। গত তিন মাস ধরে বাচ্চাকে আপেল খাওয়াতে পারিনি। বাচ্চাকে যে এক কেজি ফল কিনে খাওয়াবো সেই সামর্থ্যও তো নাই। সরকারের কি কিনে খাওয়া লাগে? সে বুঝবে কী করে?’

জুয়েলের সংসারের খরচের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিদিনের যাতায়াত ব্যয়ও। সব মিলিয়ে মাসের শুরুতে বেতন হাতে পেলেও একের পর এক খরচ মেটাতে গিয়ে মাস শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়। অথচ একসময় তার আয় অনেক কম ছিল। তার দাবি, সেই অল্প আয়েও তুলনামূলক ভালোভাবে চলতে পারতেন। এখন বেতন বাড়লেও বেড়েছে জীবনযাপনের ব্যয়।

জুয়েলের কথায়, ‘২০০৮ সালে বেতন ছিল ১ হাজার ২০০ টাকা। তখন মা আর আমি, ভালোভাবেই চলেছি। আর এখন পরিবারের চারজন, বেতন বেড়েছে ২০ গুণের বেশি। কিন্তু টাকা থাকে না। আসলে ভাইজান, আমরা গরিবেরা ভালো নাই।’

এমআইকে/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর