সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

জ্বালানি সংকটে পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ
তৈরি পোশাক কারখানা। ফাইল ছবি

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাবে দেশের তৈরি পোশাক খাতের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এতে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন, বাড়ছে শিল্পের আর্থিক ক্ষতি। এমন পরিস্থিতিতে পোশাক খাতের সংকট মোকাবিলায় জাতীয় সংসদে সাধারণ আলোচনার দাবি জানিয়ে নোটিশ দিয়েছেন বিরোধী দলের এক সংসদ সদস্য।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে পাবনা-১ (আসন নম্বর ৬৮) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এ আলোচনার নোটিশ জমা দেন।

নোটিশে উল্লেখ করা হয়, রেডিমেড গার্মেন্টস (আরএমজি) খাত বাংলাদেশের জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ শিল্প থেকে। প্রায় ৪০ লাখ শ্রমিক এ খাতে সরাসরি কর্মরত। এ ছাড়া বহু মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের ওপর নির্ভরশীল। ফলে তৈরি পোশাক খাতের স্থিতিশীলতা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক স্থিতিশীলতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

তবে বর্তমানে তীব্র জ্বালানি সংকটের কারণে শিল্পটি মারাত্মক হুমকির মুখে পড়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাব, গ্যাসের নিম্নচাপ, মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক অস্থিরতা এবং ডিজেল সরবরাহের সীমাবদ্ধতার কারণে কারখানাগুলোর উৎপাদনশীলতা ও সক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে। সাম্প্রতিক বিভিন্ন তথ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে পোশাক খাতের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এর ফলে বিদেশি ক্রেতারা তাদের ক্রয়াদেশ বাতিল করতে বাধ্য হচ্ছেন। এতে শিল্পমালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার এবং ব্যবসায়িক ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জ্বালানি সংকটের পাশাপাশি শ্রমিক অসন্তোষের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ন্যায্য মজুরি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে শ্রমিকেরা আন্দোলনে নামছেন। এতে অনেক ক্ষেত্রে শান্তিপূর্ণ ও সুসংগঠিত আলোচনা ব্যাহত হচ্ছে এবং মালিকপক্ষ কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এসব ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশকে রাজনৈতিকভাবে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

একই সঙ্গে সতর্ক করে বলা হয়, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া ও চলমান অসন্তোষকে পুঁজি করে স্বার্থান্বেষী মহল ও ফ্যাসিবাদী গোষ্ঠী শিল্প খাতকে অস্থিতিশীল করা এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাতে পারে। তাই শ্রমিকদের অধিকার ও দাবির প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি বন্ধে সরকার, মালিক ও শ্রমিক—সব পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য পাওয়া তিন বছরের সময়সীমা ও সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর ওপরও নোটিশে গুরুত্বারোপ করা হয়। এতে বলা হয়, পোশাকশিল্পের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা সম্ভব। এ জন্য আগামী তিন বছরের একটি সুপরিকল্পিত ও টেকসই জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা জরুরি।

নোটিশে পরিশেষে বলা হয়, অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র পোশাক খাতের সংকট কাটিয়ে ওঠা, শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহব্যবস্থা গড়ে তোলা এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। সার্বিক জনস্বার্থ বিবেচনায় এ বিষয়ে জাতীয় সংসদে অবিলম্বে বিস্তারিত সাধারণ আলোচনা আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর