বিআরটিএর নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ নভেম্বরের মধ্যে দেশের সকল মোটরসাইকেল ও স্কুটারের সামনে নিজ খরচে নম্বরপ্লেট লাগাতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থার সম্মুখীন হয়ে জরিমানা গুনতে হবে।
সরকারি এই নিয়ম রক্ষায় বাইক ও স্কুটারের সামনে নম্বর প্লেট লাগাতে ব্যস্ত সময় পার করছেন দুই চাকার যানের চালকরা।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বংশালে গিয়ে দেখা যায়, শত শত বাইকার ভিড় করেছেন। যেখানে রীতিমতো জানজট লেগেছিল।

রিকশা ও মোটরসাইকেলের জট এতটাই বেশি যে, পুরনো জেলখানা রোড থেকে বংশাল বড় জামে মসজিদ পর্যন্ত এক কিলোমিটার পথ যেতেই ঘণ্টাখানেক সময় লেগে যায়।
আরও পড়ুন: কিছু গাড়ির নম্বর প্লেট হলুদ রঙের হয় কেন?
সরেজমিন দেখা যায়, মোটরসাইকেল চালকরা তাদের বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর জন্য বংশাল সড়কের দুই পাশের দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন। বংশালের অলিগলিতে, পথের ধারে এখন ব্যবসায়ীরা নম্বর প্লেট তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

বংশালের মাশা আল্লাহ বাইক স্টেশনের দুজন কর্মীকে দেখা গেল দেড় শ টাকার বিনিময়ে স্টিলের পাত বা প্লেটের ওপরে স্টিকার দিয়ে বাইকের রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিচ্ছেন। তাদের দুজনের কর্মব্যস্ততা তুঙ্গে।
আরও পড়ুন: গাড়ির বিভিন্ন রঙের নম্বরপ্লেটের অর্থ কী?
তারা জানান, প্রতিদিনই শত শত বাইকার্স তাদের কাছে আসছেন নম্বর প্লেট তৈরি করতে। এই দোকান ছাড়াও বংশালের বেশিরভাগ দোকানেই দেড় শ থেকে দুই শ টাকায় নম্বর প্লেট তৈরি করে নেওয়া যাচ্ছে।

এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বাইকারদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করারও অভিযোগ উঠেছে। এতদিন যারা বাইকের বিভিন্ন পার্টস ও অ্যাকসেসরিজ বিক্রি করতেন, তারাও এখন মৌসুমী নম্বরপ্লেট ব্যবসায়ী বনে গেছেন। তবে একটু কৌশলী হলে দেড়শ থেকে আড়াইশ টাকার মধ্যেই স্টিলের নম্বরপ্লেট অল্প সময়ে তৈরি করে নেওয়া সম্ভব।
আরও পড়ুন: ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ
গত শনিবার সন্ধ্যায় বংশালে নিজের বাইকের নম্বরপ্লেট তৈরি করতে আসা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আসিফ নজরুল ঢাকা মেইলকে জানান, সেখানকার দোকানদার ও অটো টেকনিশিয়ানরা ইচ্ছেমতো দাম রাখছেন। অথচ এক চিলতে টিনের পাত ও স্টিকার দিয়ে এই নম্বরপ্লেট বানাতে একশ টাকার বেশি খরচ হওয়ার কথা নয়।

একই অভিযোগ করেন সূত্রাপুরের ব্যবসায়ী আমিনুল ইসলাম। তিনি জানান, সহজে কাজটা করা যাবে এই ভরসায় শনিবার বংশালে এসে তিনি অতিরিক্ত ভিড় ও সিন্ডিকেট বা মনোপলি ব্যবসার শিকার হয়েছেন।

উল্লেখ্য, বিআরটিএর নতুন নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেলের সামনে সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে। স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নির্দিষ্ট মাপ ও শর্ত মেনে আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে এই নম্বরপ্লেট প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে
এজেড




