Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

ব্যালন ডি’অরের বিশেষ আসর লন্ডনে, জানা গেল দিনক্ষণ

স্পোর্টস ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পিএম

ফরাসি আভিজাত্যের শহর প্যারিসকে বিদায় জানিয়ে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারের মঞ্চ এবার বসছে টেমসের তীরে। হ্যাঁ, ব্যালন ডি’অরের ৭০তম আসরকে ঘিরে এবার শুরু হয়েছে নতুন উন্মাদনা। ২০১৯ সাল থেকে প্যারিসের ‘থিয়েটার দ্য শাতেলে’ যে রাজকীয় অনুষ্ঠানের সাক্ষী হয়ে আসছিল, এবার প্রথমবারের মতো তার নতুন ঠিকানা ইংল্যান্ডের রাজধানী লন্ডন। কেবল স্থান পরিবর্তনই নয়, এবারের আসরে জড়িয়ে থাকছে এক ঐতিহাসিক নস্টালজিয়া।

আগামী ২৬ অক্টোবর লন্ডনের মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের এই জমকালো মহারণ। তবে ফুটবল ভক্তদের উত্তেজনার পারদ চড়তে শুরু করবে আর কয়েকদিন পরই। আগামী ৮ সেপ্টেম্বর ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে সব ক্যাটাগরির বহুল প্রতীক্ষিত শর্টলিস্ট। কে হাসবেন শেষ হাসি, তার প্রথম ইঙ্গিত মিলবে সেদিনই।

আরও পড়ুন-মেসির বিদায়ের পর রোনালদোর রহস্যময় পোস্টে কীসের ইঙ্গিত

আরও পড়ুন-আর্জেন্টিনায় মেসির ১০ নম্বর জার্সি এখন পরবেন কে?

এবারের আয়োজনে পুরুষ ও নারী উভয় বিভাগেই ৩০ জন করে ফুটবলার চূড়ান্ত মনোনয়ন পাবেন। তবে স্বীকৃতি শুধু বর্ষসেরা খেলোয়াড়েই সীমাবদ্ধ থাকছে না। সেরা উদীয়মান তারকা, গোলরক্ষক, কোচ, স্ট্রাইকার এবং বর্ষসেরা ক্লাবসহ মোট ১২টি ভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা।

ভেন্যু হিসেবে লন্ডনকে বেছে নেওয়ার পেছনে রয়েছে এক বিশেষ আবেগ। ১৯৫৬ সালে ফুটবল ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন ইংলিশ কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউস। পুরস্কারের সাত দশক পূর্তিতে সেই মহানায়ককে শ্রদ্ধা জানাতেই আয়োজকদের এই অভিনব উদ্যোগ। প্রথম আসরের সেই ছিমছাম আয়োজন আজ রূপ নিয়েছে বিশ্বের সেরা ফুটবলার, কোচ ও ক্লাব প্রতিনিধিদের এক বিশাল মিলনমেলায়।

আরও পড়ুন-দলবদলে টাকা খরচে রেকর্ড গড়ল প্রিমিয়ার লিগ

৮ সেপ্টেম্বর শর্টলিস্ট প্রকাশের পরই শুরু হবে আসল লড়াই চূড়ান্ত ভোটিং প্রক্রিয়া। আন্তর্জাতিক সাংবাদিকদের নিয়ে গঠিত জুরি বোর্ড বেছে নেবেন বিশ্বসেরাকে। পুরুষদের ক্ষেত্রে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশ এবং নারীদের ক্ষেত্রে শীর্ষ ৫০ দেশের একজন করে সাংবাদিক ভোট দেওয়ার সুযোগ পাবেন।

ভোটাররা শর্টলিস্ট থেকে তাদের পছন্দের সেরা ১০ জনকে বাছাই করবেন। পয়েন্টের হিসেবে প্রথম পছন্দের খেলোয়াড় পাবেন সর্বোচ্চ ১৫ পয়েন্ট, আর দশম জন পাবেন ১ পয়েন্ট। খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য, দলের হয়ে শিরোপা জয় এবং মাঠ ও মাঠের বাইরের খেলোয়াড়সুলভ আচরণ; এই তিন মানদণ্ডের ওপর ভিত্তি করেই সাংবাদিকরা তাদের রায় দেবেন। সব হিসাব-নিকাশ শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীর হাতেই উঠবে ২০২৬ সালের কাঙ্ক্ষিত সোনালি বল।