আর্জেন্টাইন ফুটবল ভক্তরা যে দিনটি কখনোই দেখতে চাননি, অবশেষে সেই মুহূর্তটি চলেই এলো। জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার মধ্য দিয়ে এক আবেগময় ও মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। এবার নীল-সাদা শিবিরের সামনে নতুন এক যুগের সূচনা, যেখানে একটি বড় প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে- মেসির রেখে যাওয়া আইকনিক '১০ নম্বর' জার্সিটি কার গায়ে উঠছে এবং মাঠে তাঁর বিশাল শূন্যতা কে পূরণ করবেন?
আর্জেন্টিনার ইতিহাসে ১০ নম্বর জার্সিটির আলাদা ঐতিহ্য রয়েছে। ২০০৯ সালের ২৮ মার্চ তৎকালীন কোচ দিয়েগো ম্যারাডোনার অধীনে প্রথমবার জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সিটি পরে মাঠে নেমেছিলেন মেসি। ভেনিজুয়েলার বিপক্ষে ৪-০ গোলের জয়ের সেই ম্যাচের পর থেকে এই সংখ্যাটি যেন মেসির পরিচয়ের সাথে সমার্থক হয়ে ওঠে।
মেসির অনুপস্থিতিতে অবশ্য এর আগেও বেশ কয়েকজন তারকাকে এই ১০ নম্বর জার্সি পরে খেলতে দেখা গেছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ম্যাচে এই জার্সিটি পরেছিলেন উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তাঁর আগে অ্যাঞ্জেল কোরেয়া উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে এবং পাওলো দিবালা চিলির বিপক্ষে ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে গোলও করেছিলেন। তবে এই তিনজনের কেউই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে ছিলেন না।
কোচ লিওনেল স্কালোনির বর্তমান মূল দলের বেশ কয়েকজন তারকা ফুটবলার এই আইকনিক জার্সির প্রবল দাবিদার হতে পারেন। ইন্টার মিলানের হয়ে ১০ নম্বর জার্সি পরেন লাউতারো মার্তিনেস, আবার লিভারপুলের হয়ে একই নম্বর জার্সিতে খেলেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। কোমোর হয়ে ১০ নম্বর পরেন নিকো পাজ। এছাড়া রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারেদেস, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো এবং নিকোলাস গঞ্জালেসেরও আগে এই ১০ নম্বর জার্সি পরার অভিজ্ঞতা রয়েছে।
দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও নিকো পাজ হতে পারেন সবচেয়ে আকর্ষণীয় দুই প্রার্থী। তাঁদের দক্ষতা ও খেলার সৃজনশীলতা আর্জেন্টিনার নতুন প্রজন্মের কাছে বড় আশা জোগাচ্ছে।
তবে ১০ নম্বর জার্সিটির একজন নতুন মালিক খুঁজে পাওয়া যতটা সহজ, মাঠে মেসির শূন্যতা পূরণ করা তার চেয়ে বহুগুণ কঠিন। আর্জেন্টিনা দল কেবল তাঁদের মূল চালিকাশক্তিকেই হারায়নি, হারিয়েছে এমন এক অধিনায়ককে যার অধীনে তারা কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং পরম আরাধ্য বিশ্বকাপ ট্রফি জিতেছিল।
তবে আশার কথা হলো, মেসিকে ছাড়াও পথ চলতে পারে- এমন ঝলক স্কালোনির দল আগেই দেখিয়েছে। মনুমেন্টাল স্টেডিয়ামে ব্রাজিলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচটিই প্রমাণ করে যে, দলগতভাবে আর্জেন্টিনা এখনো যথেষ্ট শক্তিশালী।
তাই সমাধান হয়তো নতুন কোনো 'মেসি' খুঁজে বের করা নয়, বরং তাঁর দায়িত্বগুলো একাধিক খেলোয়াড়ের মধ্যে ভাগ করে নেওয়া। আক্রমণে লাউতারো মার্তিনেস ও হুলিয়ান আলভারেজ মূল ভূমিকা রাখতে পারেন, অন্যদিকে মধ্যমাঠে ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেস, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও মাস্তানতুয়োনোরা যৌথভাবে দল পরিচালনার ভার সামলাবেন।




