Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

‘পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে’

স্পোর্টস ডেস্ক

২৫ নভেম্বর ২০২৩, ০৯:৩৩ এএম

একটি টুর্নামেন্ট দিয়েই পাল্টে গেছে পাকিস্তান ক্রিকেটের হালচাল। ওয়ানডে বিশ্বকাপ শুরুর কদিন আগেও পাকিস্তান ছিল ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। সেই ম্যান ইন গ্রীনরাই টুর্নামেন্ট শেষ করেছে পাঁচ নম্বরে থেকে। দলটির অধিনায়ক বাবর আজম ছিলেন শীর্ষ ব্যাটার। তিনি সেই জায়গা যেমন হারিয়েছেন তেমনি হারিয়েছেন অধিনায়কত্বও। এছাড়াও আরও বেশ কিছু পদেই এসেছে বদল।

বিশ্বকাপ শেষ না হতেই সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তিনি দায়িত্ব পালন করবেন প্রধান কোচ হিসেবেও। এছাড়াও নির্বাচক পদেও এসেছে পরিবর্তন। এ পদে বহাল হয়েছেন সাবেক পেসার ওয়াহাব রিয়াজ।

 

 

এদিকে বাবর আজম বিশ্বকাপের পরই সব ফরম্যাটের ক্রিকেটে অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে এখন টি-টোয়েন্টি ক্রিকেটে শাহিন আফ্রিদি  এবং টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করবেন শান মাসুদ। দেশটির ক্রিকেটে এমন বড় আকারের রদবদল দেখেই একটি ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।

মাইকেল ভন মনে করেন আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তানই জিতবে। ক্লাব প্রেইরি ফায়ার নামে একটি পডকাস্টে তিনি বলেন, ‘তারা একটি নতুন দল গঠন করেছে। আমার বন্ধু মোহাম্মদ হাফিজ ডিরেক্টর এবং প্রধান কোচের দায়িত্ব নিয়েছে। সে দলটাকে দেখভাল করবে, যা চমৎকার ব্যাপার।’

এই পডকাস্টের একটি ভিডিও তিনি এক্সে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ারও করেছেন। সেটির ক্যাপশনে আবার এই সাবেক ইংলিশ অধিনায়ক লিখেছেন, ‘তারা টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতবে।’ 

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা হারিয়েছিল পাকিস্তান। আসন্ন সিরিজেও তারা এ ফরম্যাটে সফল হতে পারব কিনা তা সময়ই বলে দেবে। তবে ভনের ভবিষদ্বাণীই যেন সত্যি হয় এখন এই কামনাই করছেন পাকিস্তান ক্রিকেটের সমর্থকরা।