Dhaka Mail Logo

রাজনীতি

‘ক্ষমা’ পাচ্ছেন বিএনপির বিদ্রোহীরা, কী বলছে তৃণমূল?

বোরহান উদ্দিন

২৫ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর এবার দল গোছানোর দিকে মনোযোগ দিয়েছে বিএনপি। সরকার পরিচালনার পাশাপাশি সাংগঠনিক ভিত শক্তিশালী করতে দল ও অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দলটি। এরই অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং তাদের পক্ষে কাজ করায় বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের দীর্ঘদিনের বিরোধ-বিভেদ মিটিয়ে দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তবে বহিষ্কৃত নেতাদের ফেরানোর এ উদ্যোগ ঘিরে তৃণমূলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারও কাছে এটি দলীয় ঐক্য ফেরানোর ইতিবাচক পদক্ষেপ, আবার কারও আশঙ্কা—এতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়তে পারে।

জানা গেছে, বহিষ্কৃতদের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘ক্ষমা’ করে দিয়ে দলে ফেরানোর উদ্যোগ ইতোমধ্যে শুরু করেছে বিএনপির হাইকমান্ড। যদিও এই সিদ্ধান্তে একদিকে যেমন ঐক্য ফেরার আশা দেখছেন অনেকে, অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভেঙে পড়ার শঙ্কাও প্রকাশ করছেন কেউ কেউ।

হাইকমান্ডের নমনীয়তা ও পুনর্বহাল প্রক্রিয়া

দলীয় নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূলের ৭০ জনের বেশি নেতা ধানের শীষের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পাশাপাশি তাদের পক্ষে অবস্থান নেওয়ায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের বেশির ভাগই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে তাদের কাছে কেন্দ্র থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পাঠানো হবে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। তিনি নড়াইল-২ আসনে সমমনা দলের প্রার্থী অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের বিপরীতে নির্বাচন করেছিলেন। এর আগে গত আগস্টে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়।

দলে ফেরার আলোচনায় বিদ্রোহীদের অনেকেই। ছবি: সংগৃহীত
দলে ফেরার আলোচনায় বিদ্রোহীদের অনেকেই। ছবি: সংগৃহীত

এদিকে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে ডেকে প্রথম সারিতে নিজের পাশে নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ ঘটনা দলের ভেতরে নমনীয়তার স্পষ্ট বার্তা দিয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

বিষয়টি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা মেইলকে বলেন, ‘বহিষ্কৃতদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। স্থানীয় বাস্তবতা ও অপরাধের গুরুত্ব বিবেচনায় নিয়ে বিএনপি চেয়ারম্যান আবেদনগুলো পর্যালোচনা করছেন।’

বিএনপির একজন ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেইলকে বলেন, ‘নির্বাচনের সময় তৃণমূলে অনেক ধরনের হিসাব-নিকাশ থাকে। তখন হয়তো পরিস্থিতি এবং বাস্তবতার কারণে অনেকে দলীয় সিদ্ধান্তের বাইরে গেছেন। কিন্তু এই মানুষগুলোর দলে অবদান আছে। প্রত্যেকের এলাকায়ও অবস্থান আছে। দীর্ঘদিন তাদের দলের বাইরে রাখলে তারা নিরুৎসাহিত (ডিমোরালাইজড) হয়ে যাবেন।’

ওই নেতা বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, অনেকে হয়তো সেখানেও দলের বাইরে যেতে পারেন। তখন নিজেদের প্রার্থী ঝুঁকিতে পড়বে। তাছাড়া মাঠের রাজনীতিতেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের দলে ফেরানোর ক্ষেত্রে এসব বিষয়ও বিবেচনায় রাখা হচ্ছে।’

সিদ্ধান্তের নেপথ্যে তিন কারণ

দলীয় সূত্র বলছে, বহিষ্কৃতদের দলে ফেরানোর উদ্যোগের পেছনে মূলত তিনটি কারণ কাজ করছে। প্রথমত, আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে। প্রতিটি স্তরে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী থাকায় বহিষ্কৃতদের বাইরে রাখলে সেখানেও বিদ্রোহী প্রার্থী বাড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

ভিন্ন কৌশলে মাঠে নামছে বিএনপি

তৈরি হচ্ছে আ.লীগকে কাছে টানা বিএনপি নেতাদের গোপন তালিকা!

দ্বিতীয়ত, জাতীয় নির্বাচনে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের সাতজন জয়ী হয়েছেন এবং বাকিরাও নিজ নিজ এলাকায় উল্লেখযোগ্য ভোট পেয়েছেন। তৃণমূলের একটি অংশ এখনো তাদের সঙ্গে থাকায় স্থানীয় রাজনীতিতে তাদের প্রভাব অক্ষুণ্ণ আছে।

তৃতীয়ত, সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা মোকাবিলায় তৃণমূলকে ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখা জরুরি বলে মনে করছেন নীতিনির্ধারকরা।

কী বলছেন বহিষ্কৃতরা

দলে ফেরার প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব ঢাকা মেইলকে বলেন, ‘দলে পদ-পদবি থাকুক বা না থাকুক, বহিষ্কারাদেশ প্রত্যাহার হোক বা না হোক—আমার তো বিএনপির বাইরে কোনো ঠিকানা নেই। শহীদ জিয়াউর রহমান, প্রয়াত খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ ধারণ করে সব কর্মসূচিতে সক্রিয় আছি। আমার কর্মী-সমর্থকরাও বিএনপি ছেড়ে যায়নি।’

তৃণমূলে দলকে শক্তিশালী করতে চায় বিএনপি। ছবি: সংগৃহীত
তৃণমূলে দলকে শক্তিশালী করতে চায় বিএনপি। ছবি: সংগৃহীত

নিরব বলেন, ‘দল যখন যে সিদ্ধান্ত নেবে তার প্রতি সম্মান আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।’

তবে দলে ফেরার আলোচনার মধ্যে বহিষ্কৃত নেতাদের মধ্যেও ভিন্ন ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে। পটুয়াখালী-৩ আসন থেকে বহিষ্কৃত সাবেক ছাত্রদল নেতা হাসান মামুন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, তার দলে ফেরা নিয়ে স্থানীয় কিছু অতি উৎসাহী নেতাকর্মী বিভক্তি ও উসকানিমূলক লেখা পোস্ট করছেন। প্রধানমন্ত্রী যখন জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, তখন এসব বিবেকবিবর্জিত কর্মকাণ্ডকে তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং ভবিষ্যতে তাদের থেকে দূরে থাকার কথা জানান।

আরও পড়ুন

কোথায় আটকে আছে ছাত্রদলের নতুন কমিটি?

রাড্ডাকাণ্ডে বিএনপির বার্তা, অপরাধে জড়ালেই রাজনীতি শেষ

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দলে না ফেরার ইঙ্গিত দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিএনপিতে ফেরার জন্য তিনি কখনোই কোনো আবেদন করেননি এবং বর্তমান অবস্থান নিয়ে তিনি সন্তুষ্ট।

সাধারণ ক্ষমা নিয়ে তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া

বহিষ্কৃতদের দলে ফিরিয়ে নেওয়ার এই উদ্যোগ নিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ে দ্বিমুখী আলোচনা চলছে। তৃণমূলের একটি অংশের মতে, বহিষ্কৃত নেতাদের অনেকেই দলের দুঃসময়ে রাজপথে ছিলেন এবং বহিষ্কৃত হওয়ার পরও দলীয় কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। সামনে স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের দলে ফিরিয়ে আনলে কোন্দল মিটবে, একক প্রার্থী নিশ্চিত করা সহজ হবে এবং সংগঠন আরও শক্তিশালী হবে।

অন্যদিকে, তৃণমূলের ত্যাগী ও দলীয় সিদ্ধান্তের প্রতি অনুগত নেতাকর্মীদের একাংশের মধ্যে এ নিয়ে অস্বস্তি ও ক্ষোভ রয়েছে। তাদের যুক্তি, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের এভাবে ক্ষমা করে ফিরিয়ে নিলে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ভেঙে পড়বে। এতে দলের ভেতরে নেতিবাচক বার্তা যাবে এবং আগামীতে যেকোনো নির্বাচনে মনোনয়নবঞ্চিতরা বিদ্রোহী হতে উৎসাহিত হবেন।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মোহাম্মদ এরশাদ খান ফেসবুকে ‘রুমিন ফারহানাও ক্ষমা পেতে পারেন’—এমন একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, ‘রুমিন ফারহানা মন্ত্রী পদের জন্য এত দিন উল্টাপাল্টা বলেছেন। টকশোতে বিএনপির বিরুদ্ধে সমালোচনা আর তলেতলে তদবির করেছেন। অবশেষে তার আকাঙ্ক্ষা সফল হতে যাচ্ছে?’

তার এই পোস্টের নিচে একাধিক বিএনপি ও ছাত্রদলের কর্মী মন্তব্য করেছেন যে, রুমিন ফারহানাকে দলে নিলে তারা বিএনপি থেকে নিজেদের গুটিয়ে নেবেন।

বিইউ/জেবি