শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভিন্ন কৌশলে মাঠে নামছে বিএনপি

বোরহান উদ্দিন
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

ভিন্ন কৌশলে মাঠে নামছে বিএনপি
মাঠে থাকার পরিকল্পনা নিয়েছে বিএনপি। ছবি: এআই

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতাকে সামনে রেখে নিজেদের সাংগঠনিক কৌশল ও রাজপথের প্রস্তুতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে বিএনপি। আওয়ামী লীগের সম্ভাব্য কোনো কর্মসূচির পাল্টা কর্মসূচিতে না গিয়ে নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক পরিকল্পনা অনুযায়ী মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

একই সঙ্গে প্রতিপক্ষের উসকানি কিংবা সংঘাতের পরিস্থিতিতে জড়িয়ে না পড়ে সতর্ক ও সংযত অবস্থান বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের। যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক তৎপরতা পরিচালনা এবং রাজপথে শৃঙ্খলা বজায় রাখার ওপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটির হাইকমান্ড।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, সরকারের অবস্থান এবং মাঠপর্যায়ের নানা ঘটনার মূল্যায়নে দেখা যাচ্ছে, বিএনপি একদিকে যেমন সাংবিধানিক ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে জনগণের কাছাকাছি থাকার চেষ্টা করছে। অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা কঠোরভাবে মোকাবিলা করতেও মাঠে সক্রিয় রয়েছে।

তবে আপত দৃষ্টিতে ছাড় দিলেও শিগগিরিই আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য ঠেকাতে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা ও দলীয় কৌশল

গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রীর ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতা এবং প্রধান তিন অঙ্গ সংগঠন (ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের) শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে ডিসেম্বরের মাসব্যাপী রাজনৈতিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।

আরও পড়ুন

তৈরি হচ্ছে আ.লীগকে কাছে টানা বিএনপি নেতাদের গোপন তালিকা!

বৈঠক সূত্রে জানা যায়, দলীয় প্রধানের স্পষ্ট নির্দেশনা হলো-আওয়ামী লীগের ঘোষিত কোনো কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি দিয়ে রাজপথে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা যাবে না। পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বা সংঘাতের ঝুঁকি নিয়ে বিশৃঙ্খল পরিবেশ এড়ানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিবর্তে বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবসসহ জাতীয় ও দলীয় ঐতিহাসিক দিনগুলোকে কেন্দ্র করে নিজস্ব ধারার রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষ করে ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার বছরপূর্তি এবং ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় ধরনের কর্মসূচি হাতে নিচ্ছে দলটি। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় বা আইনি সহায়তা দেওয়ার অভিযোগে দলের অভ্যন্তরেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত
এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ প্রসঙ্গে বলেন, ‘বিজয়ের মাসে দল সাধারণত যে ধরনের কর্মসূচি পালন করে, এবারও তেমন কর্মসূচি থাকবে। তবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় আমরা সজাগ থাকবো।’

সংসদ সদস্যদের মাঠে থাকার কড়া নির্দেশ

রাজনৈতিক প্রস্তুতির অংশ হিসেবে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সার্বক্ষণিক উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে সংসদীয় দলের বৈঠকে তিনি জানান, সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ায় সংসদ সদস্যদের কালক্ষেপণ না করে এখনই এলাকায় ফিরে যেতে হবে।

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ঢাকা মেইলকে বলেন, ‘দলীয় প্রধানের বার্তা একদম স্পষ্ট। আমরা রাজপথে নেমেছি, রাজপথে আছি এবং রাজপথেই থাকব। ডিসেম্বরের কর্মসূচির জন্য অপেক্ষা না করে সংসদ সদস্যদের এখনই এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমি ইতোমধ্যে নিজের এলাকায় চলে এসেছি।'

আরও পড়ুন

তাণ্ডব ঠেকাতে প্রশাসনে শুদ্ধি অভিযান, মাঠ ছাড়বে না বিএনপি

পাশাপাশি নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর একাধিক সংসদ সদস্যকে নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের নিয়ে মাঠে নামতে দেখা গেছে।

নিজস্ব পরিকল্পনায় বিএনপির অঙ্গ সংগঠন

আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সাম্প্রতিক নানা নাশকতার জবাবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নিজস্ব অবস্থান থেকে মাঠে সক্রিয় রয়েছে। পেশাজীবী সংগঠনগুলোকেও আলাদা কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান ঢাকা মেইলকে বলেন, 'নিষিদ্ধ সংগঠনের পাল্টা কোনো কর্মসূচি তাদের নেই। তবে সামনে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তাদের আইনের হাতে সোপর্দ করা হবে।’

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার পরিকল্পনা বিএনপির। ছবি: সংগৃহীত
ডিসেম্বরজুড়ে মাঠে থাকার পরিকল্পনা বিএনপির। ছবি: সংগৃহীত

একই সুর শোনা গেছে ছাত্রদল নেতাদের কণ্ঠেও। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ঢাকা মেইলকে বলেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী। গণঅভ্যুত্থানে পলায়নপর এই গোষ্ঠী বাংলাদেশকে আবারও একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সন্ত্রাসীদের রুখে দিতে নিজস্ব কর্মসূচি নিয়ে রাজপথে থাকব।’

মাঠে তৎপরতা ও আইনি সতর্কতা

এদিকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গতিবিধি কঠোরভাবে নজরদারিতে রেখেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি বেশ কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে আটকের ঘটনায় যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের তৎপরতা বেশ আলোচনায় আসে।

আরও পড়ুন

রাড্ডাকাণ্ডে বিএনপির বার্তা, অপরাধে জড়ালেই রাজনীতি শেষ

গত ১৩ নভেম্বর রাতে শান্তিনগর থেকে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে এবং ১৬ নভেম্বর দিবাগত রাতে কলাবাগান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে আটক করে পল্টন ও কলাবাগান থানার পুলিশের কাছে সোপর্দ করেন নয়ন ও তার অনুসারীরা। এর আগে ২৬ সেপ্টেম্বর গুলিস্তানের জিপিও মোড়ে জাসদের প্রধান কার্যালয়ে গোপন বৈঠকের খবর পেয়ে কার্যালয়টি ঘিরে রাখেন যুবদল নেতাকর্মীরা। পরে সেখান থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে ঢাকা মহানগর পুলিশ। এ ছাড়া রুহুল কবির রিজভীর বাসভবনে নাশকতার চেষ্টার অভিযোগে ধানমন্ডি থেকে ছাত্রলীগের তিন নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তবে আজিমপুরসহ কয়েকটি স্থানে আটক ব্যক্তিদের মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগও উঠেছে। এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব থেকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্পষ্ট নির্দেশ রয়েছে, কোনো ধরনের সহিংসতা বা অতিউৎসাহী আচরণ বরদাশত করা হবে না। বরং সুনির্দিষ্ট অভিযোগে কাউকে পাওয়া গেলে তাকে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করতে হবে।

বিইউ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর