- একাধিক মাধ্যমে চলছে আ.লীগকে সুবিধা দেওয়া নেতাদের তথ্য সংগ্রহ
- প্রমাণ মিললেই স্থায়ী বহিষ্কার, নেওয়া হবে আইনি ব্যবস্থা
- ডিসেম্বর ঘিরে নাশকতা ঠেকাতে জিরো টলারেন্স নীতি
- দলের নাম ভাঙিয়ে পার পাওয়া ঠেকাতে প্রশাসনকে কড়া বার্তা
বিএনপির ক্ষমতায় আসার এক বছরও পূর্ণ হয়নি। এরই মধ্যে দলটির ভেতরে নতুন করে অস্বস্তি তৈরি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং তাদের পুনর্বাসনের অভিযোগ। অভিযোগ রয়েছে, বিএনপিরই একশ্রেণির নেতা ব্যক্তিগত ও আর্থিক স্বার্থে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক ও বিতর্কিত নেতাকর্মীদের ব্যবসা-বাণিজ্য ও সম্পদ পাহারা দিচ্ছেন। কেউ কেউ গ্রেফতার হলে থানা থেকে ছাড়িয়ে আনতেও তদবির করছেন। এমনকি অর্থের বিনিময়ে কিংবা স্থানীয় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগও উঠেছে। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে দলের রাজনীতি ছাড়ার ঘোষণাও দিয়েছেন কেউ কেউ। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা এমন অসংখ্য সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার নড়েচড়ে বসেছে বিএনপির হাইকমান্ড।
বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে বিএনপিতে অস্বস্তি আরও বেড়েছে। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের সূত্রে জানা গেছে, আওয়ামী লীগকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুবিধা দেওয়া নিজ দলের নেতাকর্মীদের চিহ্নিত করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পৃথকভাবে তালিকা তৈরি করছে বিএনপির একটি উচ্চপর্যায়ের বিশেষ টিম ও সরকারি গোয়েন্দা সংস্থা। জড়িতদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত স্বার্থ, আর্থিক লেনদেন, আত্মীয়তার সম্পর্ক কিংবা এলাকায় নিজস্ব বলয় শক্তিশালী করার আশায় তৃণমূলের কিছু নেতা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী ও নাশকতার মামলার আসামিদের পুনর্বাসনের চেষ্টা করছেন। বিগত আওয়ামী লীগ শাসনামলে হামলা, মামলা ও নির্যাতনের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর স্থানীয় বিএনপি নেতাদের সুপারিশে থানা থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছেন—এমন তথ্য-প্রমাণও হাইকমান্ডের কাছে পৌঁছেছে।
বিষয়টি নিয়ে দলের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূলের অনেকেই প্রকাশ্যে কথা বলেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে টানার অভিযোগে অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নিয়েছে বিএনপি। তবে এবার আরও কঠোর অবস্থানে যাওয়ার চিন্তা করছেন শীর্ষ নেতারা।
আরও পড়ুন: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ জুলাইয়ের সব শক্তি
বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, সাংগঠনিক শুদ্ধতা বজায় রাখতে দলটি ইতিমধ্যে কঠোর অবস্থানের প্রমাণ দিয়েছে। শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, দখলদারি, সহিংসতা এবং প্রতিপক্ষের বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার অভিযোগে সারা দেশে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চলতি বছরের (২০২৬) ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয়ভাবে বিজ্ঞপ্তি জারি করে ৭১টি বহিষ্কারাদেশ দেওয়া হয়। এমনকি বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর দায়ে মন্ত্রী ও সংসদ সদস্যের মতো গুরুত্বপূর্ণ পদ থেকেও সরে দাঁড়াতে বাধ্য হওয়ার নজির রয়েছে।
এদিকে গত অক্টোবরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এক অনুষ্ঠানে আওয়ামী লীগকে কাছে টানার অভিযোগ তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসা শুরু করেছেন। আপনারা দয়া করে চোখ-কান খোলা রাখবেন, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। টাকার বিনিময়ে আমাদের বিএনপির কিছু লোক তাদের আশ্রয় দিচ্ছেন। ইনশাআল্লাহ, সবাইকে একযোগে প্রতিহত করা হবে।
একই অনুষ্ঠানে তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘আমরা শুনছি, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে এসে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। আর আমাদের দলের ভেতরকার কিছু লোভী মানুষ টাকার লোভে তাদের আশ্রয় দিচ্ছেন। সাফ কথা—বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু। দলের ভেতরের কেউ যদি এদের সহযোগিতা করেন, আমাদের জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’
সম্প্রতি বিভিন্ন কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুল। ফেসবুকে তার দল ছাড়ার ঘোষণা নিয়ে বেশ আলোচনা হয়েছে। তিনি লিখেছেন, সারা বাংলাদেশের মহানগর ও জেলা বিএনপির সিনিয়র নেতারা টাকার বিনিময়ে যেভাবে আওয়ামী লীগকে দলে ভিড়িয়েছেন, তাতে বিএনপির ওপর থেকে আস্তে আস্তে মন উঠে গেছে, যাচ্ছে। আজ থেকে বিএনপির সব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলাম, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
দলটির শীর্ষ নেতারা মনে করছেন, বহু মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশে যে গণতান্ত্রিক পরিবেশ অর্জিত হয়েছে, সেখানে বিএনপির কোনো পর্যায়ের নেতার মাধ্যমে পতিত সরকারের দোসরদের সুরক্ষা দেওয়া বা আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে সরাসরি বেইমানির শামিল। এতে সাধারণ মানুষের কাছে দল সম্পর্কে নেতিবাচক বার্তা যাচ্ছে এবং দলের দীর্ঘদিনের অর্জিত জনআস্থা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
আরও পড়ুন: ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না, প্রস্তুতি নিচ্ছি: জামায়াত সেক্রেটারি
এ কারণে আঁতাত ও শৃঙ্খলাভঙ্গ বন্ধে এবার প্রচলিত সাংগঠনিক শাস্তির পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থার পথে হাঁটছে বিএনপি। দলটির নীতিনির্ধারকরা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো সাধারণত অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গের দায়ে পদ স্থগিত বা বহিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু দেখা গেছে, দল থেকে বহিষ্কারের পরও অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা অব্যাহত রাখেন। তাই এবার অভিযোগ প্রমাণিত হলে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের পাশাপাশি তাদের পুলিশের হাতে সোপর্দ করা কিংবা মামলা দায়েরের মাধ্যমে আইনের আওতায় আনা হবে। বিশেষ করে আগামী ডিসেম্বরে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণাকে কেন্দ্র করে দেশে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতা মোকাবিলায় সরকার ও দল জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানান তাঁরা।
দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কঠোর পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘দলের কেউ অপরাধ করলে কিংবা জনবিরোধী ও শৃঙ্খলাপরিপন্থি কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে কোনো ধরনের নমনীয়তা দেখানো হবে না। অভিযোগ প্রমাণিত হলে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি থাকবে তার বিরুদ্ধে প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা।’
একই বিষয়ে সরকার ও দলের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘যেকোনো অনৈতিক কর্মকাণ্ড বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়ামাত্রই বিএনপি তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। তারপরও দল থেকে বহিষ্কারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে, যাতে কেউ দলের নাম ভাঙিয়ে অপরাধ করে পার পেয়ে যেতে না পারে।’
এদিকে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সম্প্রতি ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল, গোপন বৈঠক ও অনলাইনে নানা উসকানিমূলক তৎপরতা চালাচ্ছেন। ইতিমধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন পরিস্থিতিতে তৃণমূলের কিছু নেতার মাধ্যমে আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় দেওয়ার ঘটনায় বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যেও তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
আরও পড়ুন: আবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তৃণমূলের এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসানুল বান্নার সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে। তিনি বিষয়টির ইঙ্গিত দিয়ে লিখেছেন, ‘আমার কোনো পদ-পদবি থাকুক বা না থাকুক, আমি দলের বিপদে এবং দেশের বিপদে অবশ্যই আমার সমর্থকদের নিয়ে রাজপথে নামব। কিন্তু যেসব আওয়ামী লীগের সুবিধাবাদী দালাল এবং নব্য দালাল বিএনপি সারাদিন আমার নামে নালিশ করেন, তাদের রাজপথে দেখতে চাই। অন্যথায়, বাড়ি বাড়ি গিয়ে গুন্ডামি করে টেনেহিঁচড়ে এসব দালালকে রাজপথে নামিয়ে ছাড়ব।’
মহিলা দলের সাবেক কেন্দ্রীয় নেত্রী ও রামপুরা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমীন নিলু ফেসবুক পোস্টে লিখেছেন, ১৭ বছর যেসব ত্যাগী কর্মী রাজপথে থেকে এই দলকে ক্ষমতায় এনেছেন, আজ শত অভিমান জমে থাকার পরও তারা আবার দলের জন্য পাহারায় রয়েছেন। তাই দলের উচিত, দুঃসময়ে যেসব কর্মী তৈরি হয়েছেন, তাদের কাজে লাগানো।
বিইউ/এআর




