Dhaka Mail Logo

রাজনীতি

শ্রমিকদের দাবি উপেক্ষা না করার আহ্বান মির্জা গালিবের

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রবাসী ও পোশাক শ্রমিকদের কল্যাণে রাষ্ট্রের পর্যাপ্ত নজরদারি নেই বলে মন্তব্য করেছেন ড. মির্জা গালিব। তাদের কল্যাণে রেমিট্যান্স আয়ের একটি অংশ ব্যয় করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ড. মির্জা গালিব।

পোস্টে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে, বিশেষ করে বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখা দুটি শ্রমজীবী শ্রেণি হলো মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী শ্রমিক এবং তৈরি পোশাক শিল্পের শ্রমিক। অথচ এই দুই শ্রেণির মানুষের ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব পালনে যথেষ্ট ঘাটতি রয়েছে। তাদের সুযোগ-সুবিধা ও কল্যাণের বিষয়ে আলাদা করে তেমন কোনো নজর দেওয়া হয় না।

তিনি আরও বলেন, সরকার যে পরিমাণ রেমিট্যান্স আয় করে, তার একটি অংশ এসব শ্রমিকের কল্যাণে ব্যয় করা উচিত।

শ্রমিক শ্রেণির মানুষেরা শিক্ষা-দীক্ষায় তুলনামূলকভাবে পিছিয়ে থাকায় এবং সমাজের সাংস্কৃতিক মধ্যবিত্ত শ্রেণির মতো তাদের শক্তিশালী কোনো নিজস্ব কণ্ঠস্বর না থাকায় তাদের দাবি-দাওয়াকে কম গুরুত্ব দেওয়ার প্রবণতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির সব দাবি বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় পূরণ করা সম্ভব না-ও হতে পারে উল্লেখ করে ড. মির্জা গালিব বলেন, বাজারদরের তুলনায় শ্রমিকদের জীবনযাত্রা কষ্টকর হয়ে ওঠার কারণেই তারা রাস্তায় নামছেন এই বাস্তবতা স্বীকার করা জরুরি। এটি মেনে নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ তৈরি করা সম্ভব।

মানুষের সমস্যা উপেক্ষা করা কোনো ভালো পন্থা নয় উল্লেখ করে তিনি বলেন, সবকিছুকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করার প্রবণতাও ভালো নয়। দেশের অর্থনীতিতে অবদান রাখা শ্রমিক শ্রেণির ন্যায্য দাবি ও অধিকারকে গুরুত্ব দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে এটি সবার সামাজিক দায়িত্বও।

এম/এফএ