বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

আখতারুজ্জামানের ছেলেকে ছুরি মারল কারা? উদ্দেশ্য কী?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫০ এএম

শেয়ার করুন:

আখতারুজ্জামানের ছেলেকে ছুরি মারল কারা? উদ্দেশ্য কী?
মূল ছবিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত শাহরিয়ার জামান রানা। ইনসেটে মেজর (অব.) আখতারুজ্জামান

ঢাকার বিমানবন্দরে যাত্রী হেনস্তার অভিযোগ তুলে কর্তব্যরত কর্মকর্তার ওপর চড়াও হয়ে গ্রেফতার হন বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জন। মাসখানেক কারাবরণও করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই মেজর। ছিলেন আলোচনার কেন্দ্রে। 

তবে এবার খবরের শিরোনামে আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানা। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম হয়েছেন তিনি। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। 

বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে রানার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। কিন্তু কেন তার ওপরে হামলা হলো? উদ্দেশ্য কী হামলাকারীদের?  

এ ব্যাপারে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘কারা এবং কী উদ্দেশে এই হামলা চালিয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ।’

প্রসঙ্গত, ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে যুক্ত শাহরিয়ার জামান রানা। দলটির একজন সম্ভাব্য প্রার্থী হিসেবেও স্থানীয় রাজনীতিতে তার পরিচিতি রয়েছে। 

তবে রানার বাবা মেজর (অব.) আখতারুজ্জামান একসময় বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত বছরের ডিসেম্বরে যোগ দেন জামায়াতে ইসলামীতে। বাপ-বেটার এই পারিবারিক রাজনৈতিক বৈচিত্র্যের বিষয়টি গণমাধ্যমে বেশ আলোচিত।

রাজনীতির মাঠে মেজর (অব.) বেশ পরিচিত মুখ। একইসঙ্গে সমালোচিতও। সাবেক সেনা কর্মকর্তা হওয়ায় কথা এবং কাজে তিনি ভয়ডরহীন। একসময় বিএনপির রাজনীতি ছেড়ে আলোচনায় আসেন। মাসখানেক আগে আলোচিত হন বিমানবন্দরে হট্টগোল করে, যার জেরে খেটেছেন জেল।

কিন্তু দমে যাননি অবসরপ্রাপ্ত এই মেজর। গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েই গর্জন দেন তিনি। প্রশ্ন তোলেন রিমান্ডে তার সঙ্গে ডিবি পুলিশের আচরণ নিয়ে। ক্ষোভ ঝাড়েন সেখানে তাকে জামায়াতে ইসলামীর বিষয়ে করা প্রশ্ন নিয়েও।

তবে রাজনীতিক হিসেবে আলোচনায় বাবার ধারেকাছেও নেই আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান রানা। খেলাফত মজলিসের রাজনীতি করলেও সেভাবে আলোচিত কেউ নন তিনি। তাই রানার ওপর কেন হামলা হলো, এই হিসাব মিলেছে না কারোই।

ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানিয়েছে, বুধবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা রানার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

তবে বুধবার মধ্যরাতের দিকে মেজর (অব.) আখতারুজ্জামান গণমাধ্যমকে জানান, চিকিৎসকদের পরামর্শে আহত রানাকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছেলের চিকিৎসার বিষয়টি তিনি নিজেই দেখভাল করছেন। 

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর