Dhaka Mail Logo

রাজনীতি

জোটসঙ্গীদের মূল্যায়ন না করলে মিত্রহীন হবে বিএনপি: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই ২০২৬, ১০:৫৮ পিএম

বিএনপির দীর্ঘমেয়াদি রাজনৈতিক শক্তি ধরে রাখতে জোটসঙ্গীদের যথাযথ মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, জোটসঙ্গীদের শুধু প্রয়োজনের সময় ব্যবহার করে পরে উপেক্ষা করা হলে সেই জোট টেকসই হয় না।

শুক্রবার (৩ জুলাই) রাত ৮টায় রাজধানীর বনানীতে গণঅধিকার পরিষদের থানা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গণঅধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বনানী থানার ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাও রাজপথে সক্রিয় ছিলেন। বর্তমান পরিস্থিতিতে আন্দোলনের পরিবর্তে জনগণের কাছে সরকারের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

হানিফ বলেন, ফ্যাসিবাদের সময় নানা আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক সংকটে গণঅধিকার পরিষদসহ অন্যান্য জোটসঙ্গী দল বিএনপির পাশে ছিল। তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। বিএনপি একসময় জাতীয় সরকার গঠনের কথা বলেছিল এবং জোটসঙ্গীদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছিল। কিন্তু জোটের কয়েকজনকে প্রতিমন্ত্রী করা হলেও কাউকে মন্ত্রী করা হয়নি। 

 

আবু হানিফ আশা প্রকাশ করে বলেন, বিএনপি তাদের পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ জোটসঙ্গী দলের কয়েকজন নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে। পাশাপাশি যোগ্য নেতাদের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বেও নিয়োগ দেওয়া যেতে পারে।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, বিএনপি চাইলে জোটসঙ্গীদের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত করতে পারে। এতে শুধু জোটসঙ্গীরাই নয়, বিএনপি সরকারও উপকৃত হবে। জোটসঙ্গীদের সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা গেলে রাজনৈতিক জোট আরও শক্তিশালী ও কার্যকর হবে।

অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মহানগর উত্তর গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবলু আহমেদ। আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি, মহানগর উত্তর সভাপতি আরাফাত হোসেন এবং ছাত্রনেতা ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতারা।

এমআর/ক.ম