বোরহান উদ্দিন
০২ জুন ২০২৬, ১২:০৪ পিএম
• ঈদ শুভেচ্ছা ছাপিয়ে নেতায়-নেতায় বাগ্যুদ্ধ
• চক্রান্তের অভিযোগ রিজভীর, পাল্টা ক্ষমতা দেখালেন ডা. তাহের
• দলে দলে ভার্চুয়াল যুদ্ধ, সাইবার আক্রমণ তুঙ্গে
• আওয়ামী লীগ নিয়ে হুম্মাম কাদেরের হুঁশিয়ারি
ঈদের উৎসব আর সম্প্রীতির রেশ কাটতে না কাটতেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নেতাদের তীব্র বাগ্যুদ্ধ। ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময়ের মতো অনুষ্ঠানও এখন পরিণত হয়েছে একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি, কড়া সমালোচনা আর পুরোনো হিসাব-নিকাশ মেটানোর মঞ্চে।
সরকারি দল, বিরোধী দল থেকে শুরু করে উদীয়মান রাজনৈতিক দলগুলোর নেতাদের পরস্পরবিরোধী বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগে রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ।
উৎসব শেষে এভাবেই মাঠ গরম রাখছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সরকারের মন্ত্রী-এমপিরা। একদিকে চক্রান্তের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি, অন্যদিকে বিরোধীদলীয় উপনেতার প্রটোকল ও ক্ষমতার দাপট নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

এর মধ্যেই নতুন রাজনৈতিক শক্তিগুলোর ভেতর ‘কিচেন কেবিনেট’ গুঞ্জন ও দুর্নীতির পাল্টাপাল্টি অভিযোগ যেমন আলোচনার জন্ম দিয়েছে, ঠিক তেমনি সরকারের নীতি-নির্ধারকদের মুখে উঠে এসেছে নৈতিক অবক্ষয়, মৌলবাদ ও স্বাস্থ্যখাতের চরম অব্যবস্থাপনার মতো স্পর্শকাতর নানা বিষয়।
সব মিলিয়ে ঈদের চিরাচরিত সৌজন্যতাকে পেছনে ফেলে নেতাদের এসব আক্রমণাত্মক ও পরস্পরবিরোধী বক্তব্য এখন দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
রিজভীর হুঁশিয়ারি ও ডা. তাহেরের ‘ক্ষমতা’ প্রদর্শন
সাম্প্রতিক একটি বক্তব্যে কোনো দলের নাম উল্লেখ না করেই ইঙ্গিতপূর্ণ চক্রান্তের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি স্পষ্ট জানিয়েছেন, সরকারের ভুল ধরিয়ে দেওয়া ইতিবাচক হলেও চক্রান্ত করা বা এর ইঙ্গিত দেওয়াকে দেশের মানুষ কখনো ভালোভাবে নেয়নি এবং মেনেও নেবে না। সরকারের বিরুদ্ধে চক্রান্তের জাল বিস্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন রিজভী আহমেদ।
অন্যদিকে, নিজেকে ‘মন্ত্রীদের চেয়েও প্রভাবশালী’ দাবি করে আলোচনার জন্ম দিয়েছেন বিরোধীদলীয় উপনেতা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
কুমিল্লা চৌদ্দগ্রামের এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বিরোধী দলে থেকেও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পুলিশ প্রটোকল ও গাড়িতে পতাকা ব্যবহারের সুবিধা পাচ্ছেন, যা অত্যন্ত গৌরবের। চৌদ্দগ্রামের অনেক বিএনপি নেতার চেয়েও প্রধানমন্ত্রীর কাছে তার গুরুত্ব অনেক বেশি বলেও তিনি দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সমানতালে।

এনসিপি নিয়ে বিতর্ক, অভিযোগ ও খণ্ডন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি অন্তর্বর্তী সরকারের ‘কিচেন ক্যাবিনেট’-এ থাকার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি মন্তব্যের প্রেক্ষিতে তিনি এ কথা জানান এবং আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেন।
এদিকে, ঝিনাইদহে হামলার শিকার হওয়ার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার অভিযোগ, ছাত্রদল-যুবদলের সাথে পুলিশ ‘যৌথ বাহিনী’ হিসেবে কাজ করছে, যা বিগত আওয়ামী লীগের ‘পুলিশ লীগ’ সংস্কৃতিরই নতুন সংস্করণ।
তবে এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধেই আবার দুর্নীতি, প্রভাব খাটিয়ে নিয়োগ এবং অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ এনেছেন বিএনপি ও সাবেক গণঅধিকার পরিষদের নেতা মুহাম্মদ রাশেদ খান। তার দাবি, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কারণেই স্বয়ং জামায়াতের আমির ঢাকা-১০ আসন ছাড়েননি।
নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে কড়া বার্তা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে এক দোয়া মাহফিলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। একইসঙ্গে অতীতে নিজেদের ওপর হওয়া সব হামলার বিচার নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন তিনি।
মন্ত্রীদের উদ্বেগ: ‘বেহেশতের টিকিট’ থেকে টিকার দুর্নীতি
সমাজের নৈতিক অবক্ষয় ও মৌলবাদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি অভিযোগ করেন, একদল কুচক্রী মহল বিভিন্ন মসজিদে ‘বেহেশতের টিকিট বিক্রির’ নামে অপতৎপরতা চালাচ্ছে। যুবসমাজকে মাদক ও মৌলবাদ থেকে দূরে রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, দেশে হামের সংক্রমণে উৎসবের আনন্দ মলিন হওয়ার জন্য বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি জানান, গত ১৭ বছর স্বাস্থ্যখাতে শুধু লুটপাট হয়েছে। ইউনিসেফ বা গ্যাভির মতো আন্তর্জাতিক সংস্থার বারবার অনুরোধ উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে বেসরকারি খাত থেকে টিকা কেনায় বর্তমান সরকারকে এখন এই বিপজ্জনক মহামারি মোকাবিলা করতে হচ্ছে।

বরাদ্দ নিয়ে তোলপাড়, বিএনপিকে একহাত আসিফ-হাসনাত
এদিকে কুমিল্লা জেলা পরিষদের বরাদ্দকে কেন্দ্র করে আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে জেলা পরিষদ প্রশাসকের বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি বক্তব্য চলছে।
জেলা প্রশাসকের বক্তব্যের পর এই ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন আসিফ ও হাসনাত। তারা এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে দাবি করে বিএনপির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করছেন, যা চলমান রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতে নতুন মাত্রা যোগ করেছে।
বিইউ/এআরএম