Dhaka Mail Logo

জাতীয়

১৮ দিনে শতাধিক ককটেল বিস্ফোরণ, ২০ বাসে অগ্নিসংযোগের নেপথ্যে কারা

মোস্তফা ইমরুল কায়েস

২০ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

  • বিস্ফোরণকারীদের জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য
  • অর্থদাতা ও সরঞ্জাম সরবরাহকারীদের নামের সন্ধান লাভ
  • রাজধানীতে ১৮ দিনে ২০ বাসে অগ্নিসংযোগ
  • দেড় শতাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানী ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ঘটনায় কলকাঠি কারা নাড়ছেন, কারা অর্থের জোগান দিচ্ছেন এবং কারা বিস্ফোরক সরবরাহ করছেন সেসব বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ঠিকানা সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে। নেপথ্যে থাকা ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক ও স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এর অংশ হিসেবে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগ করা হচ্ছে। 

গত ১৮ দিনে রাজধানীতে অন্তত ২০টি বাসে আগুন দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে দেড় শতাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জিজ্ঞাসাবাদে মিলেছে অর্থদাতা ও মদদদাতাদের তথ্য

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, অর্থের বিনিময়ে কয়েকজনকে এসব কর্মকাণ্ডে যুক্ত করা হয়েছিল। প্রতিটি ককটেল বিস্ফোরণের জন্য পাঁচ থেকে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন। তবে ঘটনার পর অর্থের প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিদের আর খোঁজ পাওয়া যায়নি বলে তাদের বক্তব্যে উঠে এসেছে।

গত ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে আটক করা হয়। তারা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

প্রাথমিক তথ্যে জানা যায়, রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুরে, সোহেল রানার বাড়ি রাজশাহীর পুঠিয়ায় এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ১২১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০৭টি মামলা হয়েছে এবং ১৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ১৬টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ১৭টি মামলা হয়েছে এবং ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে নভেম্বর মাসে এসব ঘটনার প্রবণতা বেড়েছে।

বিস্ফোরণ ও অগ্নিসংযোগ বাড়ছে নভেম্বরের শুরু থেকেই

রাজধানীতে গত ৬ নভেম্বর থেকে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ক্রমবর্ধমান হারে ঘটতে শুরু করেছে। ওই দিন রাতে খিলগাঁওয়ে আনসার সদর দফতরে ককটেল বিস্ফোরিত হয়। একই রাতে আদাবর থানার সামনে দুটি এবং শাহবাগ থানার আইবি গেটের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া প্রগতি সরণির কোকাকোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

গত ৯ নভেম্বর সন্ধ্যায় ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে এবং রাত ৯টার দিকে মিরপুরে বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। একই রাতে আদাবরের টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া গুলশান, মহাখালী ও বনানীসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

গত ১০ নভেম্বর রাতে আসাদগেটে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায়, আদাবরের শেখেরটেক ও মহাখালী বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটে। একই রাতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি বাসে এবং দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে মিরপুর চিড়িয়াখানার সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

গত ১১ নভেম্বর বনানী, আদাবর ও তেজগাঁও শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন এলাকা, শেখেরটেক ও মহাখালী বাসস্ট্যান্ডেও বিস্ফোরণের খবর পাওয়া যায়।

গত ১৭ নভেম্বর রাতে মোহাম্মদপুর কৃষি মার্কেট ও যাত্রাবাড়ীর সামাদ সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। একই রাতে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক পরিবহন, তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহন, বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহন এবং রামপুরা ব্রিজের কাছে রাইদা পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া আসাদগেট, তেজগাঁও ও বছিলা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সর্বশেষ ১৮ নভেম্বর বিকেলে রাজধানীর পল্লবীর সাগুফতা ফুড কার্টের সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

নেপথ্যে পলাতক নেতাদের সংশ্লিষ্টতার দাবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র জানিয়েছে, ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ ও বৈঠক করছেন বলে তথ্য পাওয়া গেছে। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকেও এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও ভূমিকা যাচাই করা হচ্ছে।

বুধবার দুপুরে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ঢাকা মেইলকে জানিয়েছেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন ব্যক্তির নাম পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। 

দেশের বাইরে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের পরামর্শে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

গানপাউডার দিয়ে নাশকতার অভিযোগ

সম্প্রতি রাজধানীর মিরপুর এলাকা থেকে দুই কেজির বেশি গানপাউডারসহ আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম হোসেন মুন (৫০), যুবলীগ নেত্রী মেঘলা মিলি (৪১) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ (২৭)।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, এ ঘটনায় একজন কেন্দ্রীয় নেতার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। ওই নেতা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। গানপাউডার ব্যবহার করে নাশকতা চালানোর পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ডিবির দাবি, রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের আগে কিছু ঘটনায় গানপাউডার ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি গানপাউডারসহ তিনজন গ্রেফতারের পর এসব ঘটনার অর্থায়ন, পরিকল্পনা ও বিস্ফোরক সরবরাহের উৎস খুঁজে বের করতে তদন্ত জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ বলছে, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য যাচাই করে নাশকতার অর্থদাতা, পরিকল্পনাকারী ও সরবরাহকারীদের শনাক্ত করার কাজ চলছে। তদন্তের স্বার্থে আপাতত সংশ্লিষ্ট কয়েকজনের নাম প্রকাশ করা হচ্ছে না।

এমআইকে/এফএ