Dhaka Mail Logo

জাতীয়

আমার শরীরের বিভিন্ন জায়গায় ককটেলের স্প্লিন্টার লেগেছে: আহত চালক

১০ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সোহেল নামে ওই গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের সামনে এ ঘটনা ঘটে। বেলা ৩টা ১০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক্স-রে কক্ষে সোহেলের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।

তিনি জানান, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের ফ্যাকাল্টি নাবিলা ইসলামের গাড়ি চালান তিনি। ওই দিন তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চালকের আসনে বসে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। এ সময় হঠাৎ গাড়ির সামনের গ্লাস বরাবর ওপর থেকে একটি ককটেল এসে বিস্ফোরিত হয়। এতে তিনি রক্তাক্ত হয়ে পড়েন। ভিডিও কলে তার এমন অবস্থা দেখে স্ত্রী কান্না শুরু করেন।

সোহেল বলেন, ‘আমি স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম। হঠাৎ আমার গাড়ির সামনের গ্লাসের ওপর বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আমি রক্তাক্ত হয়ে যাই। আমার স্ত্রী ভিডিও কলে আমার রক্তাক্ত অবস্থা দেখে কান্না শুরু করে।’

তিনি আরও বলেন, ‘আমার শরীরের বিভিন্ন জায়গায় ককটেলের স্প্লিন্টার লেগেছে। বুকে চাপ অনুভব করছি, কানেও কম শুনছি। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা চলছে।’

সোহেল জানান, তিনি ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি নাবিলা ইসলামের বাসায় থাকেন। বাসাটি যমুনা ফিউচার পার্কের সামনে। তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। তার বাবার নাম আব্দুল মতিন।

ককটেল বিস্ফোরণের সময় হামলাকারীদের দেখতে পেয়েছিলেন কি না, জানতে চাইলে সোহেল বলেন, ‘আমি স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ ওপর থেকে গাড়ির গ্লাসের ওপর বিস্ফোরণ হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা দেখতে পাইনি।’

আহত সোহেলের চাচাতো ভাই কাউসার আহমেদ জানান, খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। জরুরি বিভাগে এসে দেখেন, তার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।

তিনি বলেন, ‘আমার চাচাতো ভাইয়ের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তাহলে তার গাড়ি লক্ষ্য করে কেন ককটেল বিস্ফোরণ ঘটানো হলো?’

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে গাড়িচালক আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমএমআর/এএম