রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার কাফরুলে কাফরুলে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় মো. হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকায় স্টাফ কলেজের বিপরীত পাশে সড়কে পার্ক করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। তবে স্থানীয় দোকানিরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
এদিকে, একই রাতে রাজধানীর পল্লবী এলাকায় বসুমতি পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন জানান, পোস্ট অফিসের সামনে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে সরে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি চলন্ত বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এমআইকে/এএম




