Dhaka Mail Logo

জাতীয়

পারিবারিক কলহে শান্তিবাগে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই সাইফুল ইসলাম সাইফ (৩৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছুরিকাঘাতে অভিযুক্ত ছোট ভাইয়ের নাম সায়েম।

নিহতের পিতা সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে শান্তিবাগের ১৮৭ নম্বর ২৪ তলা ভবনের নবম তলায় তাঁদের বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি বাড়ির ছাদে ছিলেন। বাসায় ছিলেন তাঁর দুই ছেলে ও তাদের মা। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও মারামারি শুরু হয়। এ সময় তাঁর ১৭ বছর বয়সী ছোট ছেলে সায়েম বড় ছেলে সাইফুলের গলার নিচে ছুরিকাঘাত করে।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে গুরুতর আহত সাইফুলকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের তথ্যমতে, নিহত সাইফুল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। উচ্চশিক্ষার জন্য তাঁকে অস্ট্রেলিয়া পাঠানোর প্রক্রিয়া চলছিল। পাশাপাশি তিনি প্রাইভেট পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সাইফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এএম