রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তার নাম মো. হাসিবুল হক বিপ্লব। এ সময় তার বাসা থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার পর মোহাম্মদপুর শেরশাহ শুরী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বিপ্লব ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড কৃষক লীগের সহ-সভাপতি এবং ৩১ নং ওয়ার্ডের ৫নং ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘আমরা মোহাম্মদপুর থানা এলাকার শেরশাহ শুরী রোডের একটি বাসায় অভিযান চালিয়ে চারটি ককটেল উদ্ধার করি। এ সময় একজনকে গ্রেফতার করা হয়। পরে তদন্ত করে জানতে পারি তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী নেতা।’
ওসি আরও জানান, ‘গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
একেএস/এমআর




