বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

উত্তরায় কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

উত্তরায় কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আরিফুর রহমান (৪০) নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং অপরজন ফালু মিয়া (৫৫) ঘটনাস্থলেই মারা যান।

নিহত আরিফুর রহমানের চাচাতো ভাই মনির জানান, আরিফ পোস্তগোলার একটি পুরনো লোহা কেনাবেচার (ভাঙারি) দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সকালে আরিফ ও ফালু মিয়া একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় উত্তরা জসীমউদ্দীন রোড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিঁটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়রা ফালু মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং আরিফকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত আরিফুরের বাড়ি পাবনার বেড়া উপজেলার বেদবাড়িয়া গ্রামে। তার বাবার নাম আউয়াল মোল্লা। থাকতেন ডেমরা কোনাপাড়া এলাকায়। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। তবে ফালুর বিস্তারিত জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার এসআই মানিক মাহমুদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে বিমানবন্দর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএমআর/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর