নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে প্রার্থীদের অপরাধ সংক্রান্ত তথ্য যাচাই করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইসির যুগ্মসচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন ২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো.মঈন উদ্দীন খান এ তথ্য জানান। ইতোমধ্যে সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
চিঠি বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ অক্টোবর দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ নির্বাচন কমিশন সচিবালয়ে ২৭ অক্টোবর সময়সূচি অনুযায়ী বাছাই করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুসারে কোন ব্যক্তি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন ২ (দুই) বছর কারাদণ্ডে দণ্ডিত হলে এবং তার মুক্তিলাভের পর ৫ বছর অতিবাহিত না হয়ে থাকলে সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার বা সংসদ সদস্য পদে থাকার অযোগ্য হবেন।
এতে আরও বলা হয়েছে, উল্লেখিত ব্যক্তিগণ যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন সেজন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ অর্থাৎ আগামী ২৬ অক্টোবর বিকেল ৪ টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা সংশ্লিষ্ট সংস্থাকে প্রদান করা হবে। প্রেরিত তালিকা পরীক্ষা-নিরীক্ষা করে মনোনয়নপত্র বাছাইয়ের জন্য নির্ধারিত সময়সীমা অর্থাৎ ২৭ অক্টোবর সময়সূচি অনুযায়ী মতামতসহ বাছাইয়ের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে একজন কর্মকর্তা প্রেরণ করা প্রয়োজন।
উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা প্রেরণের পর কোনো মতামত পাওয়া না গেলে ধরে নেওয়া হবে তালিকায় বর্ণিত প্রার্থীগণ উল্লিখিত বিধান অনুসারে অযোগ্য নন।
জাতীয় সংসদের শূন্য ঘোষিত মহিলা আসন-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রেরিত প্রার্থী তালিকার বিষয়ে তথ্যসহ ২৭ অক্টোবর সংযুক্ত সময়সূচি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে একজন কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের অনুরোধ করছি। সেই সঙ্গে ২৬ অক্টোবর বিকেল ৪ টার পর নির্বাচন কমিশন সচিবালয় হতে মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা সংগ্রহ করার জন্যও অনুরোধ করছি বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে সংসদ সচিবালয় মিষ্টির আসন শূন্য ঘোষণা করে। আর এখন ভোটের দিকে এগোচ্ছে ইসি।
এমএইচএইচ/এফএ