বোরহান উদ্দিন
০৭ আগস্ট ২০২২, ০২:৩০ পিএম
Failed to load the video
পুরান ঢাকার খোরশেদ আলম জরুরি কাজে যাবেন ফার্মগেটে। অন্য সময়ের মতো রোববার সকালে এই রুটের বাস তানজিল পরিবহনে উঠতে যেতেই কন্ডাকটর জানিয়ে দিলেন ভাড়া ২৫ টাকা। অথচ এই রুটে এতদিন ২০ টাকা ভাড়া দিয়ে চলাচল করতেন তিনি।
তাই কন্ডাকটরের বাড়তি ভাড়ার কথা শুনে অনেকটা উত্তেজিত হয়ে ওঠেন এই যাত্রী। সঙ্গে আরও কয়েকজন যোগ দেন। কারণ এই বাসে চিড়িয়াখানা পর্যন্ত আগে ৪০ টাকা ভাড়া নেওয়া হলেও রোববার চাওয়া হয় ৫০ টাকা।
যদিও ভিক্টোরিয়া পার্ক থেকে মিরপুরের চিড়িয়াখানা পর্যন্ত দূরত্ব ১৫ কিলোমিটার থেকে একটু বেশি। নতুন ভাড়া অনুযায়ী প্রত্যেক কিলোমিটারে দুই টাকা ৫০ পয়সা হিসেবে মোট ভাড়া হয় ৩৮ টাকা ৫০ পয়সা। কিন্তু করোনা ও নভেম্বরে তেলের দাম বাড়ার পর ভাড়া নেওয়া হতো ৪০ টাকা করে।
বেশি ভাড়া নেওয়ার কারণ জানতে চাইলে বাসটির কন্ডাকটর সেলিম হোসেন ঢাকা মেইলকে বলেন, ‘মালিক নিতে বলছে, তাই নিতেছি।’ ভাড়া তো সরকার ঠিক করে দিয়েছে, তারপরও মালিক কেন বেশি নিতে বলবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাড়া বাড়ছে এমন কিছু জানি না। আমরা বেশি নিতেছি বলতেছেন তাইলে পাম্পওয়ালাদের বলেন বেশি দাম নিতেছে কেন?’ এমন বক্তব্যের প্রতিউত্তরে কন্ডাকটরকে অনেকটা চেপে ধরেন যাত্রীরা। যতক্ষণ না ভাড়ার চার্ট লাগাবে তত সময় বেশি ভাড়া না দেওয়ারও কথা বলেন সবাই।
এভাবে মুখস্থ ভাড়া কাটা নিয়ে যাত্রীদের সঙ্গে বেশিরভাগ বাসেই বাকবিতণ্ডার ঘটনা ঘটছে রোববার (৭ আগস্ট)।
কোনো বাসে নেই ভাড়ার তালিকা
নিয়ম অনুযায়ী নতুন করে ভাড়া নির্ধারণের পর সড়কে বাস নামলে তাতে ভাড়ার তালিকা থাকার কথা। কিন্তু নতুন ভাড়া নির্ধারণের পরদিন সড়কে ১০টি রুটের একাধিক গাড়িতে উঠে দেখা গেছে কোনোটাতেই তালিকা নেই। এমনকি পুরান তালিকাও তুলে ফেলা হয়েছে।
আরও পড়ুন: যাত্রীর পকেট কাটছে ‘অবৈধ ওয়েবিল’, ভাড়ার তালিকা উধাও
গাজীপুর রুটের আজমেরী, টঙ্গী-গাজীপুরা রুটের ভিক্টর পরিবহন, সাভার রুটের সাভার পরিবহন, মিরপুর রুটের বিহঙ্গ ও তানজিল পরিবহন, মিডলাইন, ট্রান্স সিলভা পরিবহন, নগর পরিবহনের একাধিক গাড়িতে উঠে দেখা গেছে কোনোটায় নতুন ভাড়ার তালিকা নেই। এমনকি রাষ্ট্রীয় পরিবহন বিআরটিসির বাসেও এখনও লাগেনি ভাড়ার তালিকা।

একাধিক বাসের শ্রমিকরা বলছেন, এখনও মালিকদের পক্ষ থেকে ভাড়ার তালিকা কবে দেওয়া হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি। অবশ্য বিআরটিসি বাসের কন্ডাকটর জানিয়েছেন আজ (রোববার) বিকেল নাগাদ তালিকা দেওয়ার কথা বলা হয়েছে।
তানজিল পরিবহনের চালক শফিকুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘ভাড়ার তালিকা কখন দেবে কিছুই জানি না। মালিক বলছে, ২০ টাকার ভাড়া ২৫ টাকা আর চিড়িয়াখানার ৪০ টাকার ভাড়ার ৫০ টাকা নিতে।
যদিও বিআরটিএ এবং বাস মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, বাড়তি ভাড়া নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএর পক্ষ থেকে রোববার রাজধানীতে ১০টি টিম কাজ করেছে দাবি করা হলেও গুলিস্তান-পল্টন-প্রেস ক্লাব থেকে শাহবাগ এলাকায় কোনো অভিযান দেখা যায়নি।
তবে বিআরটিএর পক্ষ থেকে বিমানবন্দর এলাকায় অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ঢাকা মেইলকে বলেন, ‘কিলোমিটার প্রতি দুই টাকা ৫০ পয়সার বেশি ভাড়া নেওয়া যাবে না। যারা নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ভাড়ার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক বাসে অন্তত চারটি জায়গায় ভাড়ার তালিকা থাকতে হবে। না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সঠিক ভাড়ার খবর জানেন না চালক-কন্ডাকটররা
সবশেষ গত বছরের নভেম্বরে জ্বালানি তেলের ভাড়া বাড়ার কারণে দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৮০ পয়সা করা হয়েছিল। একই সময়ে মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে দুই টাকা ১৫ পয়সা করা হয়েছিল।

গত শুক্রবার তেলের দাম আবার বাড়ানোর কারণে নতুন করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। দূরপাল্লার যানবাহনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা ও মহানগরে ৩৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। রোববার (৭ আগস্ট) নতুন ভাড়া কার্যকরের প্রথম দিন।
শনিবার (৬ আগস্ট) বাস মালিকদের সঙ্গে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) দীর্ঘ বৈঠক করে এই ভাড়ার ঘোষণা দিয়েছে। কিন্তু রোববার একাধিক পরিবহনের চালক-কন্ডাকটরদের সঙ্গে কথা বললে কিলোমিটারে কত ভাড়া বাড়ল তা বলতে পারেননি।
আরও পড়ুন: গণপরিবহনে নারীদের প্রতিদিনের যুদ্ধ
জাতীয় প্রেস ক্লাবের সামনে সাভার পরিবহনের একটি বাসের চালকের কাছে জানতে চাওয়া হয় কিলোমিটার প্রতি কত ভাড়া এখন? জবাবে তিনি বলেন, ‘সেইটা বলতে পারি না। মালিক বলছে ৩০ টাকার ভাড়া ৪০ টাকা নিতে। আর সাভার পর্যন্ত ৬০ টাকার জায়গায় ৭০ টাকা নিতে। এইভাবে নিতেছি।’
ওয়েবিলে পকেট কাটা চলছে
বিআরটিএর পক্ষ থেকে যাত্রীর হিসেব রাখার কথা বলে বাস মালিকদের করা ওয়েবিলকে অবৈধ বলা হচ্ছে। অথচ বছরের পর বছর ধরে এই পদ্ধতিতে যাত্রীদের বাড়তে ভাড়া গুনতে হচ্ছে।
প্রতিবার ভাড়া বাড়ানোর সময় এ নিয়ে কথা উঠলেও ওয়েবিল বন্ধ হয় না। এবারও ভাড়া বাড়ানোর সময়ে বিআরটিএর চেয়ারম্যানকে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

ওয়েবিলকে অবৈধ জিনিস আখ্যা দিয়ে চেয়ারম্যান বলেছেন, ‘ম্যাজিস্ট্রেটরা এ ধরনের অনিয়ম দেখতে পেলে তাদের আইনের আওতায় আনেন। জেলা প্রশাসনকে অনুরোধ করবো, তাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তারা যেন ভাড়া মনিটর করেন। যাতে কেউ বাড়তি ভাড়া আদায় করতে না পারেন।’
আরও পড়ুন: বাস ভাড়া বেশি নিলেই ব্যবস্থা, মাঠে বিআরটিএ’র ১০ টিম
নতুন ভাড়ার হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা বেড়ে বর্তমান ভাড়া ২.৫০ পয়সা এবং দূরপাল্লার বাসে ৪০ পয়সা বেড়ে ২.২০ টাকা করা হয়েছে। এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা।
গত শুক্রবার (৫ আগস্ট) বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণা দেয় সরকার। নতুন ওই ঘোষণায় লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হিসেবে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা ও পেট্রোলে ৪৪ টাকা বেড়েছে।
বিইউ/জেবি