লাইফস্টাইল ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম
কখনো খেয়াল করে দেখেছেন, বাথরুমে থাকা বালতি আর জগগুলো কিছুদিন ব্যবহারের পরই কেমন যেন ফ্যাকাসে হয়ে যায়। নিয়মিত পানির কাজ করতে করতে বালতির রঙ মলিন হয়ে পড়ে।
যত ঘষামাজা করা হোক না কেন, এই রঙের উজ্জ্বলতা আর ফেরে না। চাইলে কিন্তু কিছু ঘরোয়া উপাদান এই কাজে ব্যবহার করতে পারেন। বাথরুমে থাকা প্লাস্টিকের বালতি বা জগ কীভাবে পরিষ্কার করলে রঙ ফিরবে, জানুন তার উপায়-

বেকিং সোডা
রান্নাঘরের নানা কাজে বেকিং সোডা ব্যবহার করেছেন নিশ্চয়ই। বাথরুমের নোংরা বালতি আর জগও পরিষ্কার করতে পারেন এই উপাদান দিয়ে।
এজন্য একটি পাত্রে বেকিং সোডা, ডিশ সোপ আর লেবুর রস মিশিয়ে নিন। একটি পুরনো টুথব্রাশের সাহায্যে বালতির চারদিকে এই পেস্ট লাগিয়ে নিন। ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর এটি ভালোভাবে ঘষে নিন। সবশেষে বালতি ও মগ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হাইড্রোজেন পারক্সাইড
বাথরুমের বালতি ও জগ পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন হাইড্রোজেন পারক্সাইড। অল্প পরিমাণ পানিতে হাইড্রোজেন পারক্সাইড মেশান। এরপর পুরানো ব্রাশের সাহায্যে বালতিতে ভালভাবে লাগান। ব্রাশের সাহায্যে বালতি ঘষে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। পুরনো বালতি হবে নতুনের মতো।
ভিনেগার
নানা খাবার তৈরিতে ভিনেগার ব্যবহার করেছে নিশ্চয়ই। বাথরুমের বালতি ও জগ পরিষ্কার করতেও এই উপাদানটি ব্যবহার করা যেতে পারে। দুই কাপ সাদা ভিনেগার সামান্য পানিতে মেশান। এবার একটি পুরানো ব্রাশ বা স্পঞ্জের সাহায্যে বালতিটি স্ক্রাব করুন। ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। নোংরা বালতি নতুনের মতো উজ্জ্বল দেখাবে।
এনএম