Dhaka Mail Logo

আইন-আদালত

প্রত্যয়ন ছাড়াই পান রফতানি: হাইকোর্টের আদেশ স্থগিত চেম্বার আদালতের

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পিএম

পান রফতানিতে বাংলাদেশ পান রফতানিকারক সমিতির প্রত্যয়নপত্র (সার্টিফিকেট) নেওয়ার বাধ্যবাধকতা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে পান রফতানি নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতার অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (৪ অক্টোবর) রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের দেওয়া আগের আদেশের কার্যকারিতা স্থগিত করেন।

এর আগে, বাংলাদেশ পান রফতানিকারক সমিতির এক রিট আবেদনের প্রেক্ষিতে গত ৬ অগাস্ট হাইকোর্ট এক আদেশে জানায়, ওই সমিতির প্রত্যয়নপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রফতানি করা যাবে না।

ওই আদেশের ফলে পান রফতানির ক্ষেত্রে সমিতির ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক শর্ত হয়ে পড়েছিল।

হাইকোর্টের ওই আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ‘লিভ টু আপিল’ দায়ের করেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক। রোববার সেই আবেদনের শুনানি নিয়েই চেম্বার আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দিল।

আদালতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল; তাকে সহায়তা করেন আইনজীবী মো. তাজুল ইসলাম।

অন্যদিকে পান রফতানিকারক সমিতির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও ফয়সাল মোহাম্মদ ফায়েজী।

পান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। সংশ্লিষ্টরা বলছেন, এই আইনি বাধা দূর হওয়ায় পান রফতানি সম্প্রসারণ, চাষি ও রফতানিকারকদের জন্য নতুন বাজার সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আরও বাড়বে।

এর আগে পান রফতানিতে সমিতির এই বাধ্যবাধকতা ও সিন্ডিকেট নিয়ে গত ২০ অগাস্ট দৈনিক কালবেলায় ‘সিন্ডিকেটে বন্দি পান রফতানি সমিতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

আরএনবি/এফএ