হারুন জামিল
২৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম
ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘ফ্রিডম ফর প্যালেস্টাইন শীর্ষক’ এক আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনের স্বাধীনতা ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতীকী সংহতির বাইরে গিয়ে কার্যকর রাজনৈতিক, কূটনৈতিক, আইনি ও সাংস্কৃতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সম্মেলনে তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. মুনসিফ আল-মারজুকি বলেছেন, ফিলিস্তিনের প্রশ্ন এখন আর কেবল আরব বা মুসলিম বিশ্বের বিষয় নয়। এটি আন্তর্জাতিক মানবাধিকার, ন্যায়বিচার ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার সঙ্গে জড়িত।
সম্মেলনে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবাধিকারকর্মী, নাগরিক সংগঠনের প্রতিনিধি ও ফিলিস্তিনপন্থী আন্দোলনের কর্মীরা অংশ নেন। এতে তিউনিশিয়ার সাবেক প্রেসিডেন্ট ড. মুনসেফ মারজুকি ছাড়াও মিসরের গাদ আল-সাওরা পার্টির প্রধান ও সাবেক সংসদ সদস্য ড. আয়মান নূর, পার্টির প্রধান ও সাবেক সংসদ সদস্য, আরব-ইসলামিক জাতীয়তাবাদী সম্মেলনের সমন্বয়ক ড. খালেদ আল-সুফিয়ানি, গ্লোবাল কোয়ালিশন ফর প্যালেস্টাইন-এর সভাপতি ড. আনাস আল-তাকরিতি, লিবিয়ার সাবেক জাতীয় কংগ্রেসের সভাপতি নূরি বুশাহমিন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক অঙ্গনের ব্যক্তিত্ব ড. লায়লা জারুকি প্রমুখ বক্তব্য দেন।
ড. মুনসিফ আল-মারজুকি বলেন, গাজার শিশুদের একটি অংশ অঙ্গহানি নিয়ে বেঁচে আছে। অসংখ্য মানুষ তাঁবুতে বৃষ্টির মধ্যে, প্রচণ্ড ঠান্ডা ও খাদ্যসংকটের মধ্যে দিন কাটাচ্ছে। অসুস্থ মানুষ চিকিৎসার জন্য বাইরে যেতে পারছে না। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে সমবেত হওয়া মানুষের দায়িত্ব কী, সেই প্রশ্ন তোলেন তিনি।
মারজুকি বলেন, 'আমাদের হাতে এমন সেনাবাহিনী নেই, যা আমরা সেখানে পাঠাতে পারি। এমন অর্থও নেই, যা দিয়ে তাদের সব প্রয়োজন মেটাতে পারি। পরিস্থিতি বদলে দেওয়ার মতো রাজনৈতিক প্রভাবও আমাদের নেই। কিন্তু আমাদের কাছে ভালোবাসা, গর্ব, অবিচলতা ও সংহতি আছে।'
তাঁর মতে, গাজা ও পশ্চিম তীরের মানুষের প্রতি ভালোবাসা, সংহতি ও অবিচল সমর্থনই এই মুহূর্তে তাদের দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সম্পদ। তবে শুধু আবেগ প্রকাশ করে দায়িত্ব শেষ করা যাবে না। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আইনি, রাজনৈতিক ও গণমাধ্যমের লড়াইও জোরদার করতে হবে।
তিনি বলেন, ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে আরব বিশ্বের জনগণের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর নাগরিক, মানবাধিকার সংগঠন এবং ইহুদি সম্প্রদায়ের সঙ্গেও যোগাযোগ বাড়াতে হবে। ফিলিস্তিনের বাস্তব পরিস্থিতি আন্তর্জাতিক সমাজের সামনে তুলে ধরতে হবে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করে মারজুকি বলেন, শান্তি বা শান্তির বাস্তব সম্ভাবনা থাকলে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রশ্ন বিবেচনা করা যেতে পারে। কিন্তু গাজায় হত্যাযজ্ঞ ও মানবিক বিপর্যয় অব্যাহত থাকার পরিস্থিতিতে স্বাভাবিকীকরণ গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক পর্যায়ে দেওয়া প্রতিশ্রুতি সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান ও নিপীড়ন অব্যাহত রেখেছে। এ অবস্থায় আরব জনগণের দায়িত্ব হলো সর্বত্র সোচ্চার হওয়া এবং স্বাভাবিকীকরণের বিরুদ্ধে জনমত তৈরি করা।
মারজুকির বক্তব্যে ফিলিস্তিনের পাশাপাশি সুদান, ইয়েমেন ও লিবিয়ার সংকটও উঠে আসে। তিনি বলেন, একটি মানবিক বিপর্যয় যেন অন্য বিপর্যয়কে আড়াল করে না ফেলে। আরব বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত ও দুর্দশার শিকার মানুষের প্রতিও সংহতি বজায় রাখতে হবে।
মারজুকি বলেন, ফিলিস্তিনের প্রশ্নে সাম্প্রতিক সময়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। বিষয়টি আর শুধু আরব ও মুসলিম বিশ্বের মধ্যে সীমাবদ্ধ নেই; বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যেও ফিলিস্তিনের অধিকার নিয়ে আলোচনা ও সংহতি বিস্তৃত হয়েছে।
তাঁর ভাষায়, ফিলিস্তিন এখন একটি বৈশ্বিক সমস্যা, মানবাধিকারের সমস্যা এবং জনগণের অধিকারের প্রশ্ন। এটি কেবল আরব বা ইসলামি বিশ্বের সমস্যা নয়।
তিনি বলেন, ফিলিস্তিনের পক্ষে আইনি লড়াই, রাজনৈতিক চাপ ও গণমাধ্যমের প্রচারণাকে একসঙ্গে এগিয়ে নিতে হবে। এসব উদ্যোগকে অনেকের কাছে গৌণ মনে হলেও বৃহত্তর সংগ্রামে এগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্মেলনে বক্তব্য দেওয়া সুইজারল্যান্ডের সাবেক সংসদ সদস্য ও দেশটির পররাষ্ট্রবিষয়ক কমিটির সাবেক সভাপতিও ফিলিস্তিনের প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার সমালোচনা করেন।

তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্প্রদায় মানবাধিকার, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রগুলোর দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক আইন ও চুক্তি গ্রহণ করেছে। জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধিসহ এসব আইনি কাঠামোর মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করা।
কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে এসব নীতি ও অঙ্গীকারের বাস্তব প্রয়োগে বড় ধরনের বৈপরীত্য দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
ফিলিস্তিন সংকটের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে তিনি ১৯৪৭ সালের জাতিসংঘের বিভাজন পরিকল্পনার সমালোচনা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ফিলিস্তিনের ভূমি ও রাজনৈতিক অধিকার নিয়ে আন্তর্জাতিক ব্যবস্থার সিদ্ধান্তের মধ্য দিয়েই ঐতিহাসিক অন্যায্যতার সূচনা হয়েছিল। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন কাঠামো এবং পরবর্তী আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে ঔপনিবেশিক শক্তিগুলোর প্রভাবও ফিলিস্তিনের প্রশ্নে প্রতিফলিত হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্প্রদায় যে ন্যায়বিচার ও মানবাধিকারের ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিল, ফিলিস্তিনের জনগণ দীর্ঘদিন ধরে তার সুফল থেকে বঞ্চিত। আন্তর্জাতিক আইন শুধু শক্তিশালী রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য নয়, অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর সুরক্ষার জন্যও সমানভাবে কার্যকর হতে হবে।
সুইজারল্যান্ডের সাবেক এই আইনপ্রণেতা তুরস্কের সরকার ও সংসদের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, ফিলিস্তিনিদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর রাজনৈতিক চাপ ও অবরোধমূলক ব্যবস্থা বজায় রাখা প্রয়োজন। ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত না রেখে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় আরও দৃঢ় অবস্থান নেওয়া উচিত।

তিনি তুরস্কের ঐতিহাসিক ও ভূরাজনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, ন্যাটোর সদস্য এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা দেশটির ফিলিস্তিনের পক্ষে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
তুরস্কের কাছে তাঁর বিশেষ প্রত্যাশার কারণ হিসেবে দেশটির ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক উত্তরাধিকার এবং আঞ্চলিক রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করেন তিনি।
তাঁর মতে, ফিলিস্তিনের প্রশ্নে শুধু উদ্বেগ প্রকাশ কিংবা রাজনৈতিক বিবৃতি যথেষ্ট নয়। এমন পদক্ষেপ নিতে হবে, যা ইসরাইলের নীতিতে বাস্তব পরিবর্তনের চাপ সৃষ্টি করতে পারে।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে সুইজারল্যান্ডের বর্তমান নীতির সমালোচনা করেন বক্তা। সাবেক সংসদ সদস্য ও পররাষ্ট্রবিষয়ক কমিটির সাবেক সভাপতি হিসেবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণের অভিজ্ঞতা রয়েছে জানিয়ে তিনি বলেন, সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিরপেক্ষতা, মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা ও কূটনৈতিক মধ্যস্থতার জন্য বিশেষ মর্যাদা অর্জন করেছে। কিন্তু ফিলিস্তিন প্রশ্নে দেশটির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান তাঁকে হতাশ করেছে।
তাঁর অভিযোগ, সুইজারল্যান্ডের সংসদ ও সরকারের সংখ্যাগরিষ্ঠ অংশ বর্তমানে ইসরায়েলের প্রতি অতিরিক্ত সমর্থন প্রদর্শন করছে। এতে ফিলিস্তিনিদের অধিকার ও আন্তর্জাতিক আইনের পক্ষে দেশটির ঐতিহ্যগত অবস্থান দুর্বল হচ্ছে।
হামাস ও হিজবুল্লাহকে নিষিদ্ধ করার উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, এসব সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নেওয়া হলেও ইসরাইলি সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে সমতুল্য জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ কেন দেখা যাচ্ছে না।
ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে সুইজারল্যান্ডে তাদের সংগঠনের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
বক্তা জানান, তাদের সংগঠন চলচ্চিত্র উৎসবের মাধ্যমে ফিলিস্তিনের মানুষের জীবন, ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম ও সৃজনশীলতা তুলে ধরছে। এসব আয়োজনে দর্শকদের আগ্রহ বাড়ছে। অনেকেই এখন ফিলিস্তিনিদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে চাইছেন।
তিনি বলেন, ফিলিস্তিনকে শুধু যুদ্ধ, ধ্বংস ও মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে দেখলে দেশটির জনগণের প্রকৃত পরিচয় বোঝা সম্ভব নয়। ফিলিস্তিনি নারী-পুরুষের মেধা, সৃজনশীলতা, অর্জন ও অবদানও বিশ্বের সামনে তুলে ধরতে হবে।

এ উদ্দেশ্যে তাদের সংগঠন শিক্ষামূলক কর্মসূচি ও স্কুলভিত্তিক উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষভাবে ১৯৪৮ সালের নাকবা বা ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতি ও ভূমি হারানোর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বক্তারা জানান, এ উদ্যোগের অংশ হিসেবে ফিলিস্তিনের ইতিহাস, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ড সম্পর্কে জানাতে বিভিন্ন শিক্ষামূলক উপকরণও তৈরি করা হয়েছে।
সম্মেলনে বিভিন্ন দেশের সংগঠন ও প্রতিনিধিদের অংশগ্রহণের প্রশংসা করে সুইজারল্যান্ডের সাবেক এই আইনপ্রণেতা বলেন, ফিলিস্তিনের পক্ষে কাজ করা আন্তর্জাতিক সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে। শুধু বক্তব্য, বিবৃতি কিংবা সমাবেশের মধ্যে সংহতি সীমাবদ্ধ না রেখে বাস্তব সহযোগিতা ও যৌথ কর্মসূচিতে যেতে হবে।
তাঁর বক্তব্যে ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলনকে রাজনৈতিক ও কূটনৈতিক পরিসরের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষামূলক ও নাগরিক উদ্যোগের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ইস্তাম্বুলের সম্মেলনে দুই বক্তার বক্তব্যে ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে আন্তর্জাতিক উদ্যোগের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। মারজুকি গুরুত্ব দিয়েছেন ভালোবাসা, সংহতি, আন্তর্জাতিক জনমত, আইনি ও রাজনৈতিক লড়াই এবং স্বাভাবিকীকরণের বিরোধিতার ওপর। অন্যদিকে সুইজারল্যান্ডের সাবেক আইনপ্রণেতা আন্তর্জাতিক আইনের সমান প্রয়োগ, তুরস্কের রাজনৈতিক ভূমিকা, ইসরাইলের বিরুদ্ধে কার্যকর চাপ এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
দুই বক্তব্যের অভিন্ন বার্তা হলো, ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক সংহতিকে কেবল আবেগ ও প্রতীকী সমর্থনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। একে কার্যকর রাজনৈতিক, কূটনৈতিক, আইনি, সাংস্কৃতিক ও নাগরিক উদ্যোগে রূপ দিতে হবে।
ফিলিস্তিনের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নকে তাঁরা শুধু মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংকট হিসেবে দেখেননি; বরং আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং বৈশ্বিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বৃহত্তর পরীক্ষার সঙ্গে যুক্ত করেছেন।
এইচজে/জেবি