শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

মক্কা জোটের বৈঠক: সৌদির নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে পাকিস্তান-তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১২:২২ এএম

শেয়ার করুন:

মক্কা জোটের বৈঠক: সৌদির নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে পাকিস্তান-তুরস্ক

সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মক্কা প্রতিরক্ষা জোটের তিন দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। একই সঙ্গে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবের বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশ তিনটি। 

শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির (এসপিডিসি) তৃতীয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন- ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সৌদি প্রতিনিধি দলে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রুওয়াইলি। 

এছাড়াও তুরস্কের পক্ষে অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এবং দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল সেলচুক বাইরাকতারোগলু।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, এই সম্মেলন তিন দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সংহতির প্রতিফলন। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের ধারাবাহিক প্রচেষ্টারও বহিঃপ্রকাশ এটি।

macca_pact

তিনি বলেন, তিন দেশ আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রতি নিজেদের অঙ্গীকার, সম্মিলিত প্রতিরক্ষা, পারস্পরিক সংহতি এবং একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা পুনরায় নিশ্চিত করেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে আগের সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে। সৌদি আরবে জোটের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা ও কার্যক্রম চালুর অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করেছে তিন দেশ।

তিনি বলেন, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবের বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে তিন দেশের প্রতিনিধিরা।

এছাড়া প্রতিরক্ষা শিল্প, যৌথ প্রযুক্তিগত উন্নয়ন, প্রশিক্ষণ এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে দেশগুলো। এর মাধ্যমে তিন দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও পারস্পরিক সমন্বয় বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বৈঠকে আঞ্চলিক উত্তেজনা কমানো এবং বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করার বিষয়েও আলোচনা হয়েছে। তিন দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত পরামর্শ ও সমন্বয় অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ চুক্তি করা হয়।

চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা রয়েছে।

জোটটির প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হলো স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটি (এসপিডিসি)। সৌদি আরবের রিয়াদে এর স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে।

পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে তিন বছরের জন্য জোটের প্রথম মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। তবে জোটের সামরিক কাঠামো, বাহিনীর গঠন, কমান্ড ব্যবস্থা এবং সম্মিলিত সামরিক প্রতিক্রিয়ার বিস্তারিত প্রক্রিয়া এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই তিন দেশের এই প্রতিরক্ষা সহযোগিতা নতুন গুরুত্ব পেয়েছে। 

পাকিস্তান একদিকে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে, অন্যদিকে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও বজায় রাখার চেষ্টা করছে। ফলে নতুন জোটের কার্যক্রমে আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণ ও কূটনৈতিক ভারসাম্য রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর