রাফাহ সীমান্তে যাতায়াত সীমাবদ্ধ থাকায় টানা চতুর্থ বছরের মতো হজ পালন থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় পড়েছেন গাজার প্রায় ১০ হাজার ফিলিস্তিনি। ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে নিবন্ধন করেও তারা হজে যাওয়ার সুযোগ পাননি। দীর্ঘ এই অপেক্ষায় স্বপ্ন অপূর্ণ রেখেই মারা গেছেন প্রায় ৪০০ নিবন্ধিত হজযাত্রী।
গাজার হজ ও ওমরা ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ আল-আস্তাল জানান, বর্তমানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। হজে যাওয়ার আগেই মারা গেছেন প্রায় ৪০০ জন।
ভবিষ্যতে ভ্রমণের ব্যবস্থা হলে ২০২৩ সালের হজ লটারিতে নির্বাচিতদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি। মৃত নিবন্ধনকারীদের পরিবর্তে তাদের পরিবারের সদস্যদের হজে যাওয়ার সুযোগ দেওয়ার ব্যবস্থাও করছে সংগঠনটি।
আল-আস্তালের ভাষ্যমতে, সৌদি আরবের প্রস্তুতি এবং মিসরের প্রচেষ্টা সত্ত্বেও রাফাহ সীমান্ত বন্ধ থাকায় গাজার হজযাত্রীরা বের হতে পারছেন না। হজযাত্রীরা যেন নিরাপদে গাজা ত্যাগ করে সৌদি আরবের পবিত্র ভূমিতে পৌঁছাতে এবং হজ শেষে ফিরে আসতে পারেন, সে বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: এক হাজার ফিলিস্তিনিকে হজের আমন্ত্রণ জানালেন সৌদি বাদশাহ
টানা চতুর্থ বছরের অনিশ্চয়তা
এখন নজর ১৪৪৮ হিজরি বা ২০২৭ সালের হজ মৌসুমের দিকে। যুদ্ধ, সীমান্ত বন্ধ ও চলাচলে নিষেধাজ্ঞার কারণে ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে গাজার বাসিন্দারা হজে যেতে পারেননি।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের মোট হজ কোটা ৬ হাজার ৬০০। এর মধ্যে গাজার বার্ষিক কোটা প্রায় ২ হাজার ৫০৮ জনের। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার ফিলিস্তিনি এই কোটার সুবিধা নিতে পারেননি।
২০২৪ সালের মে মাসে রাফাহ ক্রসিং বন্ধ হয়ে গেলে হজযাত্রীদের ভ্রমণ প্রস্তুতি ব্যাহত হয়। কেউ কেউ ভ্রমণের আনুষ্ঠানিকতা শেষ করে মক্কা ও মদিনায় থাকার এবং যাতায়াতের বুকিংও সম্পন্ন করেছিলেন, কিন্তু তাদের যাত্রা বাতিল হয়ে যায়। গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই বছর ক্রসিং বন্ধ থাকায় গাজার প্রায় ২ হাজার ৫০০ ফিলিস্তিনি হজ করতে পারেননি।
পরের বছরগুলোতেও রাফাহ দিয়ে চলাচল কঠোরভাবে সীমিত ছিল এবং যাত্রা ক্রমেই অনিশ্চিত হয়ে ওঠে। ২০২৬ সালের শুরুর দিকে ক্রসিং আংশিক খুললেও তা মূলত মানবিক প্রয়োজনে যাতায়াতকারী ব্যক্তি ও তাদের সঙ্গীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। ফলে হজে ইচ্ছুকদের সৌদি আরবে যাওয়ার কোনো নির্ভরযোগ্য পথ ছিল না।
আরও পড়ুন: গাজা থেকে হজে আসতে পারেননি কেউ
অপূর্ণ স্বপ্ন
অপেক্ষমাণ তালিকা প্রতি বছর দীর্ঘ হচ্ছে। নিবন্ধিত অনেকের বয়স বাড়ছে। তারা আশঙ্কা করছেন, জীবদ্দশায় হজ করার সুযোগ হয়তো আর মিলবে না। অনেক ফিলিস্তিনির কাছে হজ শুধু ধর্মীয় যাত্রা নয়, আজীবনের লালিত স্বপ্ন, যার জন্য তারা বছরের পর বছর অর্থ সঞ্চয় করেন।
আগামী মৌসুম সামনে রেখে গাজাবাসী একটি নিরাপদ ও নির্ভরযোগ্য ভ্রমণব্যবস্থার দাবি জানাচ্ছেন। তাদের দাবি, নিবন্ধিত হজযাত্রীরা যেন যথাসময়ে ভ্রমণের আনুষ্ঠানিকতা শেষ করে গাজা ছাড়তে পারেন, কোনো বাধা ছাড়াই সৌদি আরবে পৌঁছাতে পারেন এবং হজ শেষে নিরাপদে ফিরে আসতে পারেন। অপেক্ষমাণ তালিকা থেকে আরও নাম ঝরে যাওয়ার আগেই এই নিশ্চয়তা চান তারা।
সূত্র: দ্য প্যালেস্টিনিয়ান ইনফরমেশন সেন্টার




