শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

যুদ্ধের মাঝেও কোরআন মুখস্থ, গাজায় ১০০০ হাফেজকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

যুদ্ধের মাঝেও কোরআন মুখস্থ, গাজায় ১০০০ হাফেজকে সংবর্ধনা

যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির ভয়াবহ পরিস্থিতির মধ্যেও পবিত্র কোরআন মুখস্থ করার অনন্য সাফল্য অর্জন করেছেন ফিলিস্তিনের গাজার এক হাজার নারী-পুরুষ। তাদের সংবর্ধনা দিয়েছে গাজার ধর্মবিষয়ক ও ওয়াক্‌ফ মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজা নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, আলজেরিয়ার একটি দাতব্য সংস্থা ‘আল-বারাকা অ্যাসোসিয়েশনের’ পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাফেজ ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেন। 

অনুষ্ঠানের আগে গাজার বিভিন্ন বয়সী হাফেজ ও হাফেজারা পবিত্র কোরআন হাতে নিয়ে একটি ধর্মীয় শোভাযাত্রায় অংশ নেন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া সড়ক ও ভবনের পাশ দিয়ে তাদের এই শোভাযাত্রা অতিক্রম করে। এ সময় অংশগ্রহণকারীদের অনেকের গায়ে ছিল ফিলিস্তিনের পতাকা। তারা ধর্মীয় সংগীত ও স্লোগান পরিবেশন করেন।

gaza

গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি ড. মোহাম্মদ সালেম বলেন, ‘এক হাজার হাফেজকে সংবর্ধনা দেওয়া শুধু একটি ধর্মীয় অর্জনের স্বীকৃতি নয়; এটি ধৈর্য, অধ্যবসায় ও প্রতিকূলতার মধ্যেও শিক্ষার প্রতি মানুষের অঙ্গীকারের প্রতিফলন’।

হাফেজদের উদ্দেশে তিনি বলেন, কোরআন মুখস্থ করাই যেন তাদের শেষ লক্ষ্য না হয়। বরং এর অর্থ বোঝা, অনুধাবন করা এবং জীবনে বাস্তবায়নের মধ্য দিয়ে এই যাত্রা এগিয়ে নিতে হবে। 

আল-বারাকা অ্যাসোসিয়েশনের প্রধান শাদি জানিনা বলেন, যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজার মানুষের কোরআন শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা গর্বের বিষয়। এই অর্জন মন্ত্রণালয় ও সংস্থাটির যৌথ প্রচেষ্টার ফল।

হাফেজদের পক্ষ থেকে বক্তব্য দেন হেবা আল-হামস। পুরো গাজা উপত্যকার মধ্যে কোরআন হিফজ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি। 

হেবা বলেন, ‘কোরআন মুখস্থ করা কেবল সম্মাননা বা স্বীকৃতি পাওয়ার বিষয় নয়; বরং এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের শিক্ষা অনুসরণ করার দায়িত্বও তৈরি করে’।

উল্লেখ্য, ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় ১ হাজার ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪৬ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ছিল ৯২ দশমিক ৩ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ৬০১ জন সর্বোচ্চ ফলাফল অর্জন করেন। 

যুদ্ধের কারণে গাজার বহু শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় শিক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুতি ও মানবিক সংকটের মধ্যেও কোরআন শিক্ষার কার্যক্রম চালিয়ে যাওয়ার এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সূত্র: আলজাজিরা, প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার


এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর