সাখাওয়াত হোসাইন
১৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম
জ্বর, সর্দি কিংবা সামান্য অসুস্থতা-প্রায় সব সমস্যার সমাধানেই অ্যান্টিবায়োটিক সেবনের প্রবণতা বাড়ছে। অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে কিনে খাচ্ছেন এসব ওষুধ। কেউ আবার সুস্থ বোধ করলেই মাঝপথে বন্ধ করে দিচ্ছেন সেবন। অ্যান্টিবায়োটিকের এমন অনিয়ন্ত্রিত ও ভুল ব্যবহারে ক্রমেই ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে জীবাণু। ফলে কার্যকারিতা হারাচ্ছে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক, বাড়ছে চিকিৎসা জটিলতা ও মৃত্যুঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, এখনই এই প্রবণতা নিয়ন্ত্রণ করা না গেলে জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ সংকট তৈরি হতে পারে।
তথ্য অনুযায়ী, অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের ফলে জীবাণু এখন নিজেই প্রতিরোধী হয়ে উঠছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের শরীরেই এখন এন্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে জীবাণু। স্বাস্থ্যঝুঁকির এই বিষয়টি খুবই উদ্বেগের। অ্যান্টিবায়োটিকের এমন ব্যবহার শুধু বাংলাদেশের সমস্যা নয়, বিশ্বব্যাপী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ২০১৯ সালে সারা বিশ্বে এই কারণে ১২ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়। একই সময়ে বাংলাদেশে ২৬ হাজার বেশি মানুষের মৃত্যু হয়।
অ্যান্টিবায়োটিক পরিস্থিতি নিয়ে কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ও স্বাস্থ্য অধিদফতরের যৌথ উদ্যোগে এক গবেষণায় বলা হয়, অ্যান্টিবায়োটিক সম্পর্কে ভালোভাবে জানেন না দেশের ৬৭ দশমিক ৩ শতাংশ ফার্মেসির কর্মীরা। বাংলাদেশের আট বিভাগের ৪২৭টি ফার্মেসিতে জরিপ করে এমন চিত্র দেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগ বিভিন্ন সময়ে এ বিষয়ে গবেষণা করেছে। গবেষণায় দেখা গেছে, বাজারে বহুল ব্যবহৃত ১১টি অ্যান্টিবায়োটিকের মধ্যে ৫টি জীবাণু কর্তৃক প্রতিরোধী। এসব অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ায় সংশ্লিষ্ট চিকিৎসা নেওয়া রোগীদের ৩৪ শতাংশ সুস্থ হচ্ছেন না। কোনো কোনো ক্ষেত্রে এ হার ৭২ শতাংশ পর্যন্ত।
গবেষণা সংশ্লিষ্টদের মতে, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে জীবাণুর মধ্যে ওষুধ প্রতিরোধী ক্ষমতা তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে চিকিৎসকেরা প্রয়োজনীয়তা যথাযথভাবে বিবেচনা না করেই অ্যান্টিবায়োটিক লিখছেন। ফলে ক্রমেই কমছে এসব ওষুধের কার্যকারিতা।
আবার রোগীরা চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী এন্টিবায়োটিক সেবনও করছেন না। দুই/তিন দিন খাওয়ার পর শরীরে ভালো অনুভব করলে আর এন্টিবায়োটিক খান না। তখন শরীরে জীবাণু থেকে যায়। পরবর্তীতে আবার এন্টিবায়োটিক খেলেও জীবাণু প্রতিরোধী হয়ে উঠে। তখন আর এন্টিবায়োটিক খেলেও রোগী সুস্থ হয় না। এক শ্রেণি রোগী এন্টিবায়োটিকের দাম বেশি বলে কিছুদিন খেয়েই কোর্স কমপ্লিট না করেই বন্ধ করে দেন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জরিপের পর্যবেক্ষণে দেখা গেছে, আইসিইউতে চিকিৎসাধীন ৪১ শতাংশ রোগীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করছে না। অন্য সব রোগের ক্ষেত্রে এই হার ৭ শতাংশ। কোনো রোগী ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। এ কারণে চিকিৎসা বিজ্ঞানে অ্যান্টিবায়োটিকের আবিষ্কার এক যুগান্তকারী ঘটনা।
জরিপের তথ্য অনুযায়ী, অনেক রকমের ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী পেনড্রাগ রেজিস্ট্যান্স (পিডিআর) হয়ে উঠছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দেখা দিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকাতে আইন করতে হবে এবং অ্যান্টিবায়োটিকের মোড়কে বিশেষ রং ব্যবহার করতে হবে। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে মোটা অঙ্কের টাকা জরিমানার ব্যবস্থা করতে হবে। দেশে অ্যান্টিবায়োটিক অপব্যবহার যে হারে বাড়ছে, তা নিয়ন্ত্রণ করা না গেলে জনস্বাস্থ্য ভয়াবহ হুমকির মুখে পড়বে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ফার্মেসি থেকে সরাসরি অ্যান্টিবায়োটিক কেনা ও সেবন করা যাবে না। সামান্য সর্দি, জ্বর বা পেটের সাধারণ অসুখেও কড়া ডোজের অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। সেইসঙ্গে কোর্স সম্পূর্ণ না করেই ওষুধ খাওয়া বন্ধ করে দেওয়া যাবে না। এছাড়া পশুপালন ও মৎস্য খাতে যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা যাবে না।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ৭২ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ৭২ হাজার ৬৭০টির মধ্যে ব্যাকটেরিয়া পাওয়া গেছে ১৫ হাজার ৭৫১টি নমুনায়। কিছু কিছু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কোনো কোনো জীবাণু ৭৫ থেকে ৯০ শতাংশ প্রতিরোধী হয়ে উঠেছে অর্থাৎ অ্যান্টিবায়োটিক কোনো কাজ করছে না।
দেশে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার অপরাধের পর্যায়ে পৌঁছেছে জানান বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাদের মতে, অ্যান্টিবায়োটিকের সুফল পেতে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি পেশাজীবী চিকিৎসকদের সতর্ক ভূমিকা জরুরি হয়ে পড়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না।
চিকিৎসকরা বলছেন, কিছু অ্যান্টিবায়োটিক সংরক্ষিত হিসেবে বিবেচিত। এগুলো শেষ আশ্রয়স্থল। একান্ত বিপদে না পড়লে সেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত না; কিন্তু সামান্য কারণে এসব অ্যান্টিবায়োটিক চিকিৎসার ব্যবস্থাপত্রে লেখা হচ্ছে। এটা অপরাধ।
জানতে চাইলে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ ঢাকা মেইলকে বলেন, ‘আমাদের দেশে জীবাণুগুলো ক্রমান্বয়ে ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার অন্যতম প্রধান কারণ হলো প্রেসক্রিপশন ছাড়া যত্রতত্র অ্যান্টিবায়োটিক বিক্রি ও সেবন। সামান্য অসুস্থতা দেখা দিলেই মানুষ চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিকটস্থ ফার্মেসি থেকে ইচ্ছেমতো অ্যান্টিবায়োটিক কিনে সেবন করছে। ডোজ বা নিয়মনীতি না মেনে যখন-তখন ওষুধ খাওয়া এবং মাঝপথে তা বন্ধ করে দেওয়া পরিস্থিতিকে আরও বেশি ভয়াবহ করে তুলছে।’
এই চিকিৎসক আরও বলেন, ‘আমাদের দেশে পাস করা রেজিস্টার্ড ডাক্তার ছাড়াও অনেকেই প্রতিনিয়ত রোগীর চিকিৎসা করেন। বিশেষ করে গ্রামেগঞ্জে এ সমস্যাটা অনেক বেশি এবং হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি, এমনকি মাঝে মাঝে ভুয়া ডাক্তারের কথাও শোনা যায়। যাদের চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা কম, তারা উপযুক্ত মাত্রা এবং মেয়াদ সম্পর্কে না জেনেই রোগীকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, এটাও একটা খারাপ দিক।’
ডা. এবিএম আব্দুল্লাহ আরও বলেন, ‘অনেক সময় আমরা নিজেরাই নিজেদের চিকিৎসা করি, কখনো আত্মীয়, কখনো বন্ধুর পরামর্শ নেই, কখনো চিকিৎসকের চেয়ে ওষুধ বিক্রেতার ওপর বেশি নির্ভর করি। ‘অমুক ওষুধে তমুক ভালো হয়েছিল, তাই আমিও ভালো হবো’-এমন চিন্তাই আমাদের মধ্যে কাজ করে। এ প্রবণতাটাও আসলে অ্যান্টিবায়োটিক সেবনের একটা খারাপ দিক।’
ফার্মেসি পরিচালনার অব্যবস্থাপনা নিয়ে অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ‘আমাদের দেশে প্রায়ই দেখা যায় অধিকাংশ ফার্মেসি ডিগ্রিধারী বা উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্ট দিয়ে চালানো হয় না। মোটামুটি লেখাপড়া জানা অনেকেই ওষুধের দোকানে বিক্রেতা হিসেবে কিছুদিন কাজ করেই নিজেরা কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই ফার্মাসিস্ট হিসেবে কাজ করছে। এমনকি প্রত্যন্ত অঞ্চলে ডাক্তার না থাকায় এ ধরনের বিক্রেতারাই রোগীকে ব্যবস্থাপত্র এবং অ্যান্টিবায়োটিক দিচ্ছে। এক্ষেত্রে দেখা যায় রোগীর বয়স ও ওজন অনুযায়ী প্রয়োজনীয় মাত্রায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। এমনকি খাবার আগে-পরে বা কতদিন খেতে হবে তারও নির্দেশনা থাকে না বা রোগীকে ভালোভাবে বুঝিয়ে বলা হয় না। ফলশ্রুতিতে রোগীর শারীরিক এবং আর্থিক উভয় দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।’
আরও পড়ুন: কেন বিদেশমুখী বাংলাদেশি রোগীরা?
জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজির আহমেদ ঢাকা মেইলকে বলেন, ‘শুধু মানবদেহই নয়, পশুপালন ও মৎস্য খাতেও অ্যান্টিবায়োটিকের বেপরোয়া ব্যবহার জনস্বাস্থ্যকে এক নীরব বিপদের মুখে ঠেলে দিচ্ছে। গবাদিপশু ও মাছের দ্রুত বৃদ্ধিতে বা রোগ প্রতিরোধে যত্রতত্র অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হচ্ছে, যা খাদ্যশৃঙ্খলের মাধ্যমে সরাসরি মানবদেহে প্রবেশ করছে। এর ফলে জীবাণুগুলো আরও দ্রুত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা ওষুধ প্রতিরোধী ক্ষমতা অর্জন করছে। এই অনিয়ন্ত্রিত ব্যবহার রোধে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে কঠোর নজরদারি এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে।’
ডা. বেনজির আহমেদ বলেন, ‘অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহার জনস্বাস্থ্যের জন্য হুমকি। অ্যান্টিবায়োটিক ওষুধ নিরাপদ মনে করে যথেচ্ছ খেয়ে ফেলার অভ্যাসই বিপজ্জনক হয়ে উঠছে দিনের পর দিন। যে অ্যান্টিবায়োটিকের রোগ সারানোর কথা ছিল, তা-ই ক্রমশ প্রতিরোধী করে তুলছে শরীরকে। আর এর দৌলতেই এক শ্রেণির জীবাণু ক্রমশই অপরাজেয় হয়ে উঠছে।’
এসএইচ/এমআর