Dhaka Mail Logo

বিনোদন

পাঞ্জাবের ভাবমূর্তি নষ্টের অভিযোগ, অমিতাভ বচ্চনকে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক

২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

হামলার হুমকির রেশ কাটতে না কাটতেই এবার আইনি জটিলতায় জড়িয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৮’-এর মঞ্চে পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে প্রশ্ন করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অমিতাভ বচ্চন ও সম্প্রচারকারী প্রতিষ্ঠান সোনি টিভিকে আইনি নোটিশ পাঠিয়েছেন পাঞ্জাবের সাঙ্গরুরের আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা।

আইনজীবীর অভিযোগ, অনুষ্ঠানের ওই প্রশ্নের মাধ্যমে পাঞ্জাবকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এবং রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তিনি দাবি করেছেন, বিতর্কিত ওই অংশটি যদি সত্যিই অনুষ্ঠানের কোনো পর্বে সম্প্রচারিত হয়ে থাকে, তবে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি অমিতাভ বচ্চন ও সোনি টিভি কর্তৃপক্ষকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে।

image

ঘটনার বিবরণ দিয়ে ইন্দ্রজিৎ অরোরা জানান, কয়েক দিন আগে তাঁর এক মক্কেল একটি স্ক্রিনশট ও ভিডিও ক্লিপ নিয়ে তাঁর কাছে আসেন। সেই ভিডিওতে দেখা যায়, কেবিসির মঞ্চে অমিতাভ বচ্চন এক প্রতিযোগীকে ১২ লাখ ৫০ হাজার রুপির একটি প্রশ্ন করছেন। প্রশ্নটি ছিল ‘সম্প্রতি কোন রাজ্যে অপরাধীরা নির্ভয়ে পুলিশ স্টেশনে বোমা হামলা চালিয়েছে?’

পরবর্তীতে উত্তর ব্যাখ্যা করতে গিয়েও অমিতাভকে বলতে শোনা যায়, ‘পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে বর্তমানে পুলিশের থানাতেও বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠছে। আম আদমি পার্টির সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে।’

অবসর নিতে চান অমিতাভ বচ্চন!

আইনজীবীর মতে, এমন প্রশ্নের সঙ্গে সাধারণ জ্ঞানের কোনো সম্পর্ক নেই। বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি রাজ্যের সম্মানহানি করার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে ইন্দ্রজিৎ অরোরা বলেন, ‘আমার মনে হয়নি এটি কোনো সাধারণ জ্ঞানের প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে রাজ্যের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হয়েছে।’

তবে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি আসল নাকি সম্পাদিত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আইনজীবী অরোরা জানিয়েছেন, অমিতাভ বচ্চন কিংবা সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে আইনি নোটিশের জবাব পাওয়ার পর ভিডিওটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হবে।

ইএইচ/